ক্রিকেটের শহরে বিজয়ের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কষ্ট বেশি দিল, না আনন্দ? মানুষ ভালোর চেয়ে খারাপটা বেশি মনে রাখে। চট্টগ্রামে পাওয়া সব ক্রিকেটীয় সাফল্য ছাপিয়ে ক্রীড়া সাংবাদিকদের ওপর ২০০৬ সালের পুলিশের আক্রমণের ছবিটাই সে ক্ষেত্রে বেশি জ্বলজ্বলে থাকার কথা। সেটা তো হচ্ছে না! চট্টগ্রামে যখন ক্রিকেট আসে, কলঙ্কিত ওই ঘটনা ছাপিয়ে ভেসে ওঠে সাফল্যের ছবি। এই শহর যেন বাংলাদেশ দলের বিজয়ের শহর।এমএ আজিজ স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মিলিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ২২টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। জয় এসেছে আটটিতে। শুধু সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কথা বললে এ মাঠে সাফল্যের ভাগই বেশি। ১২ ম্যাচের সাতটিতেই জয়, টানা জয় গত চার ম্যাচে। শুধু ওয়ানডে কেন, টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশ দলের যতটুকু সাফল্য, তার শুরু তো চট্টগ্রামেই! ২০০৫ সালের জানুয়ারিতে এমএ আজিজ স্টেডিয়ামের শেষ টেস্টে জিম্বাবুয়েকে হারায় হাবিবুল বাশারের দল। টেস্ট ক্রিকেটে ওটাই বাংলাদেশের প্রথম জয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখনো টেস্টে জয় দেখা না হলেও ভারতের বিপক্ষে একটা টেস্ট ড্র করা গেছে ২০০৭ সালে। হোক বৃষ্টির সৌজন্যে, ড্র তো ড্র-ই। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিপক্ষের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার দুটি ঘটনাও এই চট্টগ্রামেই। এবার ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ৬১ রানে, এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ে গুঁড়িয়ে গিয়েছিল ৪৪ রান করে।দেশের মাটিতে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে রঙিন ছবিটা চট্টগ্রামে। ২০০৬-এর বর্বরোচিত হামলার ব্যথাও ভুলিয়ে দেয় এমন সব বিজয়ের সুখ। এবার চট্টগ্রামে আসার পর কার মুখে যেন শোনা গেল কথাটা, ‘এই শহর কাঁদিয়েছে যেমন, হাসিয়েছেও। চট্টগ্রামে আনন্দটাই বেশি হয়েছে এখন পর্যন্ত...।’ সত্যিই তো! চট্টগ্রাম ক্রিকেটকে সুখ আর আনন্দের উপলক্ষই এনে দিয়েছে বেশি। বন্দরনগরে এলে ‘আঁরারে আরও বেশি খেলা দেওন ফরিব’ কথাটা দাবির মতোই শোনায় এখন।ঐতিহ্যগতভাবেই দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম। বাংলাদেশের ক্রিকেটের চিরসবুজ নাম আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকেটকে এই শহরেরই দেওয়া উপহার। বর্তমান প্রজন্মের ক্রিকেটেও আছেন খান পরিবারের দুই প্রতিনিধি নাফিস ইকবাল ও তামিম ইকবাল। ইদানীং বিস্মৃতপ্রায় হয়ে গেলেও এ দেশের ক্রিকেট যত দিন থাকবে, আসকারদীঘির আফতাব আহমেদকে মনে রাখতে হবে তত দিন। কিংবা নাজিমউদ্দিনের কথাও যদি বলেন, সম্ভাবনা নিয়েই তো দেশের ক্রিকেটে নাম লিখিয়েছিলেন চট্টগ্রামের এই তরুণ!ক্রিকেটের ভিত এখানে মজবুত। এখানকার মানুষ ক্রিকেট অন্তঃপ্রাণ। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়ার পর সমালোচনার ঝড়ের মধ্যে চট্টগ্রামে এসেই ফুলের তোড়া পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছেও তাই চট্টগ্রাম আবেগের এক শহর। অধিনায়ক মুশফিকুর রহিম এই কথাটাই মনে করিয়ে দিলেন সেদিন, ‘কেন জানি মনে হয়, চট্টগ্রামে এলেই আমরা জিতব...একটা বাড়তি আত্মবিশ্বাস কাজ করে এই শহরে।’মাস্টারদা সূর্যসেনের শহর বলেই কী এই বাড়তি অনুপ্রেরণা! সূর্যসেনরা লড়াইয়ের যে ভিতটা গেঁথে গিয়েছিলেন, আজকের তারুণ্য হয়তো তার ওপরই ওড়াচ্ছে বিজয়ের পতাকা। চট্টগ্রাম বিজয়েরই শহর।