ক্রিকেটের সীমানা ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন চোখটা যেন নকল?মনসুর আলী খান পতৌদির সঙ্গে দেখা হলে সবাই বোধ হয় এটাই আগে খেয়াল করত। আমিও তা-ই করেছিলাম। ডান বা বাম, ডান বা বাম—কোন চোখটা যেন দৃষ্টিহীন! দুই চোখেই এমন স্থির দৃষ্টি যে, বোঝা কঠিন। তবে বংশপরিচয়টা বোঝা মোটেই কঠিন ছিল না। কথাবার্তা-ভাবভঙ্গিতে এমনই আভিজাত্যের প্রকাশ যে, তা মনে করিয়ে দিচ্ছিল সেই প্রবাদটা—‘দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং।’পতৌদির মৃত্যুসংবাদটা এক টানে দেড় যুগেরও বেশি পেছনে ফিরিয়ে নিয়ে গিয়ে ওই স্মৃতি মনে করিয়ে দিল। ১৯৯৩ সালের জানুয়ারি। কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। যে টেস্টের টুকরো টুকরো সব ছবিই হূদয়ের মণিকোঠা বলে কী একটা যেন আছে বলা হয়, সেখানে সযতনে সাজিয়ে রাখা। দর্শক হিসেবে যেমন, তেমনি সাংবাদিকের ভূমিকাতেও যে সেটি আমার ‘অভিষেক টেস্ট’! ওই টেস্টের কথা ভাবলে এখনো যেন ফিরে আসে সেই ঘোর! মাঠে ও মাঠের বাইরে যেদিকে তাকাই, চোখের সামনে আকাশের সব তারা! আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মনীতি তখন জানিও না, তারুণ্যের চাপল্য আর ঔদ্ধত্যের যৌথ অবদানে জানলেও মানি না। যেখানে যাঁকে দেখি, ছুটে গিয়ে কথা বলি। যে যা বলে, তা-ই ভালো লাগে। ‘ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো’ অবস্থা! এর মধ্যেও ভারতীয় ক্রিকেটের ‘শেষ নবাব’-এর সঙ্গে কয়েক মিনিটের কথাবার্তার অংশটা আলাদা ছাপ ফেলেছিল মনে। সেটি শুধু আভিজাত্যের প্রকাশ দেখে নয়, ওই এক চোখেরও বড় ভূমিকা ছিল তাতে। একটা লোক এক চোখে দৃষ্টি নিয়ে কীভাবে ৪৬টা টেস্ট খেলতে পারে, ফাস্ট বোলারদের ওপর চড়াও হয়ে ৬টি সেঞ্চুরিও করতে পারে—এই বিস্ময় তো তাঁকে প্রথম দেখার অনেক আগে থেকেই সঙ্গী।সেই দেখাও খুব নাটকীয়ভাবে। ইডেনের প্রেসবক্স প্রায় মহাকাশের কাছাকাছি। হসপিটালিটি বক্সগুলো সব দোতলায়। টেস্টের দ্বিতীয় বা তৃতীয় দিন ঠিক মনে নেই, চা-বিরতির সময় প্রেসবক্স থেকে নেমে ওই বক্সগুলোতে উঁকিঝুঁকি মারার চেষ্টা করছি। দ্বাররক্ষী কোনোভাবেই ভেতরে ঢুকতে দেবে না। এ নিয়ে কলকাতার দুই তরুণ সাংবাদিকের সঙ্গে শুধু হাতাহাতি হতে বাকি। এমন সময় এক ইংরেজ সাংবাদিক এসে ‘ফরেন জার্নালিস্ট’ বলতেই সম্ভ্রমে দরজা খুলে দেওয়া হলো। আমি ভাবলাম, গায়ের রঙে বিপরীত হতে পারি, কিন্তু আমিও তো ‘ফরেন জার্নালিস্ট’। আমিও গিয়ে তা-ই বললাম এবং জাদুমন্ত্রের মতো কাজ হলো!ভেতরে ঢুকে প্রথম বক্সটাতে গিয়েই আমার চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা। এমএল জয়সীমা, বিষান সিং বেদি, সুনীল গাভাস্কার, এরাপল্লী প্রসন্ন...কাকে রেখে কার দিকে তাকাই!এবং তিনি! মনসুর আলী খান পতৌদি চেয়ার ছেড়ে একপাশে দাঁড়িয়ে। ‘বাংলাদেশের সাংবাদিক’ পরিচয় দিতেই হাত বাড়িয়ে দিলেন। বাংলাদেশ থেকে টেস্ট কাভার করতে গেছি শুনে একটু বিস্ময়ও বোধ হয় প্রকাশ করেছিলেন। কথাবার্তা কী হয়েছিল, তা অবশ্য পরিষ্কার মনে আছে। সেই টেস্টের আগে মোহাম্মদ আজহারউদ্দিনের অধিনায়কত্ব ঝুলছিল সুতোর ওপর। দক্ষিণ আফ্রিকায় গোহারা হেরে আসার পর তিন টেস্টের সিরিজের শুধু প্রথম টেস্টটির জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে আজহারকে। সেটিও ঠিক হয়েছে কি না, এ নিয়ে দ্বিধাবিভক্ত ভারতীয় ক্রিকেট মহল। পতৌদির মতটা জানা ছিল। তখন তিনি ‘স্পোর্টসওয়ার্ল্ড’ সাময়িকীর সম্পাদক। নামেই সম্পাদক। ম্যাগাজিনটা বেরোত কলকাতা থেকে আর পতৌদি থাকতেন দিল্লিতে। সম্পাদনার কাজ মোটেই করতেন না, তবে সম্পাদকীয়টা নিজেই লিখতেন। তাতে আজহারউদ্দিনকে সরিয়ে দেওয়ার জোরালো দাবিই তুলেছিলেন। আজহার মাত্রই ১৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর পতৌদির প্রতিক্রিয়াটা জানতে চেয়েছিলাম। ওই দিনের লেখার মালমসলা জোগাড় করাই তখন উদ্দেশ্য। পরিবেশ বা পরিস্থিতি মনসুর আলী খানের ক্যারিয়ার নিয়ে কথা বলার অনুকূল নয়।সেই ক্যারিয়ারের খুঁটিনাটিও অবশ্য পড়তে পড়তে প্রায় মুখস্থই ছিল। ৪৬ টেস্টের ৪০ টেস্টেই ছিলেন অধিনায়ক। সেই অধিনায়কত্বও পেয়েছেন চরম নাটকীয়তায়। ১৯৬১-৬২ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে চার্লি গ্রিফিথের বাউন্সার লাগল ভারতীয় অধিনায়ক নরী কন্ট্রাকটরের মাথায়। ক্লোজ ইনে ফিল্ডিং করছিলেন গ্যারি সোবার্স। পরে আত্মজীবনীতে লিখেছেন, ‘যেন একটা ডিম ফাটার শব্দ হলো!’ জরুরি অস্ত্রোপচারে কন্ট্রাকটরের জীবন বাঁচলেও টেস্ট ক্যারিয়ারের অকাল মৃত্যু সেখানেই। মাত্র ২২ বছর ৭৭ দিন বয়সে অধিনায়ক হয়ে গেলেন মনসুর আলী খান পতৌদি। সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দেওয়ার এই রেকর্ডটা ২০০৪ সাল পর্যন্ত টিকে ছিল। সতীর্থদের মতো প্রতিপক্ষ খেলোয়াড়রাও অধিনায়ক পতৌদির কথা উঠলে প্রথমেই বলেন তাঁর আক্রমণাত্মক মানসিকতার কথা। এটা তো দৃশ্যমানই ছিল। অদৃশ্য এবং সম্ভবত ভারতীয় ক্রিকেটে তাঁর সবচেয়ে বড় যে অবদান, তা হলো ভারতীয় ড্রেসিংরুম থেকে হীনম্মন্যতাকে ঝেঁটিয়ে দূর করা। অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, প্রথম ভারতীয় হিসেবে ফার্স্টক্লাস ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে। ইংলিশ বা অস্ট্রেলিয়ানদের চোখে চোখ রেখে লড়ার আত্মবিশ্বাসটা সতীর্থদের মধ্যেও সঞ্চারিত করে দিয়েছিলেন। রান বা উইকেটের সাধ্য কী এর মূল্য বোঝায়!বৈপ্লবিক সব চিন্তাভাবনাও ছিল। যেটির সবচেয়ে বড় প্রমাণ হয়ে আছে স্পিন কোয়ার্টেট। ক্লাইভ লয়েড পরে চার ফাস্ট বোলার খেলিয়ে একই কাজ করেছেন, তবে ক্রিকেটের সেই আদ্যিকাল থেকে চলে আসা ব্যালান্সড বোলিং অ্যাটাকের ধারণাটা ধরে প্রথম টান দিয়েছিলেন পতৌদিই। ভারতে বলার মতো কোনো পেস বোলার নেই বলে আক্রমণ সাজিয়েছেন চার স্পিনার বেদি-প্রসন্ন-চন্দ্রশেখর-ভেঙ্কটরাঘবনকে নিয়ে। সাফল্যও কম পাননি। দেশের বাইরে ভারতের প্রথম টেস্ট ও সিরিজ জয় পতৌদির নেতৃত্বেই। সেটিও স্পিনের কল্যাণেই। অধিনায়ক পতৌদির একটা স্থির বিশ্বাস ছিল, পরিবেশ-পরিস্থিতি কী, প্রতিপক্ষ কে—এ সবে কিছু যায়-আসে না; একাদশ নির্বাচনের সময় বিবেচনা হওয়া উচিত একটাই—দলের সেরা ব্যাটসম্যান-সেরা বোলার কারা।পতৌদি-পতৌদি বলছি, তবে বলা উচিত ‘পতৌদি জুনিয়র’। ‘সিনিয়র পতৌদি’ বাবা ইফতিখার আলী খান, যিনি ইংল্যান্ড ও ভারত দুই দেশের হয়েই ৩টি করে টেস্ট খেলেছেন। ছেলের মতো বাবাও নেতৃত্ব দিয়েছেন ভারতকে। সেটি আবার নিজের সাবেক দল ইংল্যান্ডের বিপক্ষে! বাবার তুলনায় ছেলে দীর্ঘজীবীই হয়েছেন। পতৌদি সিনিয়র চলে গেছেন মাত্র ৪২ বছর বয়সে। মৃত্যুটাও অদ্ভুত। পোলো খেলার সময় হার্ট অ্যাটাকে।ভারতীয় ক্রিকেট মহল মনসুর আলী খান পতৌদিকে ডাকত ‘টাইগার’ নামে। ক্রিকেট-ইতিহাসে আরেকজন বিখ্যাত ‘টাইগার’ আছেন। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার বিল ও’রিলিকে ‘টাইগার’ বলা হতো বিশাল দেহ এবং বোলিংয়ে আক্রমণাত্মক মেজাজের কারণে। মনসুর আলী খানের ‘টাইগার’ নামের রহস্য কাভারে তাঁর দুর্দান্ত ফিল্ডিং। এক চোখের বিস্ময়টা এখানেও যথারীতি আসবে।টাইগার পতৌদির ক্যারিয়ারের আসল গল্প তো এটাই। যে গল্পের শিরোনাম ‘কী করেছেন’ নয়, বরং ‘কী করতে পারতেন!’ এক চোখ নিয়ে ব্যাটিং করা আর এক পায়ে এভারেস্টে ওঠা তো একই কথা। সুনীল গাভাস্কার যেমন সেদিন বললেন, টাইগার পতৌদির জিনিয়াস বুঝতে এক চোখ বন্ধ করে একটা মোমবাতি জ্বালানোর চেষ্টা করলেই হবে।অক্সফোর্ডের তরুণ ছাত্রের দুই চোখে যখন বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন, তখনই নিভে গিয়েছিল এক চোখের আলো। পতৌদি জুনিয়রের আত্মজীবনী ‘দ্য টাইগারস টেল’-এ সেই গাড়ি দুর্ঘটনার বিস্তারিত বর্ণনা আছে। হোভে সাসেক্সের সঙ্গে ম্যাচ শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চার সতীর্থের সঙ্গে ব্রাইটনে ডিনার করতে গিয়েছিলেন। ফেরার সময় বাকি পথ হেঁটে ফিরবেন বলে হোটেল থেকে একটু দূরে নেমে যান তিনজন। টাইগারকে বললেও আলস্যভরে নামেননি। বরং পেছন থেকে গাড়ির সামনের সিটে গিয়ে বসেন। বসতে না বসতেই সামনে থেকে বড় একটা গাড়ি এসে ধাক্কা দেয়। ডান হাত ভেঙে গিয়েছে বলে বুঝতে পারছিলেন, তবে কাচের টুকরো ঢুকে ডান চোখের যে সর্বনাশ হয়ে গেছে, তখন তা একদমই বুঝতে পারেননি।চোখে ব্যর্থ অস্ত্রোপচারের তিন-চার সপ্তাহ পরই নেটে ফিরেছেন। এক চোখে দেখেন না তো কি, ক্রিকেট ছেড়ে দেওয়ার চিন্তা কখনো মাথায়ই আসেনি। ওই দুর্ঘটনার মাস ছয়েক পর টেস্ট অভিষেক এবং প্রবল প্রতিকূলতাকে সঙ্গী করেই খেলেছেন ৪৬টি টেস্ট। একবার কন্টাক্ট লেন্স লাগিয়ে চেষ্টা করেছিলেন। ছয়-সাত ইঞ্চি দূরত্বে দুটি করে বল দেখতে শুরু করেন। কল্পকথা মনে হতে পারে, ভেতরের বলটা খেলে ঠিকই রান করেন! ‘ডাবল ভিশন’ ঠেকাতে টুপিটা ডান চোখের ওপর নামিয়ে এসে ব্যাটিং করতেন। বলের লেংথ বুঝতে সমস্যা হতো। যে হাফ ভলি পেলে ব্যাটসম্যানের চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে, টাইগার সেটিতে মারতেনই না। এক চোখের দৃষ্টিতে লেংথ বোঝার গোলমালে যে তা ইয়র্কার হয়ে যেতে পারে! টাইগারের সবচেয়ে স্মরণীয় ইনিংসটি খেলা আরও প্রতিকূলতার মধ্যে। ‘এক চোখে ও এক পায়ে খেলা ইনিংস’ বললেই ক্রিকেট অনুসারীরা বুঝে ফেলেন, ১৯৬৭ সালে মেলবোর্ন টেস্টে টাইগার পতৌদির ৭৫ রানের ইনিংসটির কথা হচ্ছে। ‘এক চোখ’ তো বুঝতেই পারছেন, হ্যামস্ট্রিংয়ে আক্রান্ত হয়ে একটা পা-ও ছিল প্রায় অচল। সবুজ উইকেটে ভারত ৫ উইকেটে ২৫ হয়ে যাওয়ার পর নেমে ‘এক চোখ ও এক পায়ে’ টাইগারের ওই ইনিংস!তবে টাইগার পতৌদির গল্পে শেষপর্যন্ত রান-সেঞ্চুরি আর মুখ্য থাকে না। এমনকি শুধু ক্রিকেটও নয়। ক্রিকেটের সীমানা ছাড়িয়ে তা হয়ে যায় অদম্য ইচ্ছাশক্তিতে সব প্রতিকূলতা জয়ের গল্প। মানুষের চিরন্তন প্রেরণারও গল্প।