ক্রিজ নয়, র‌্যাম্পের সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাম্পে তখন চলছে লা রিভের গ্রীষ্মের পোশাক প্রদর্শনী। ইমি, রুমা, মৌ, জামশেদ প্রমুখ মডেলরা হাঁটছেন। লা রিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর টয়া ও তানভীরও আছেন। তবে অতিথিদের চোখ খুঁজছে অন্য একজনকে। অবশেষে শোস্টপার হিসেবে এলেন তিনি। পরনে সবুজ টি-শার্ট ও জিনস। এতক্ষণ ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষগুলো তখন মঞ্চের সামনে। সব ক্যামেরা ও মাইকের মুখ তাঁর দিকে। তিনি সাকিব আল হাসান।১৩ জুন ঢাকার একটি হোটেলে হয়ে গেল এ অনুষ্ঠান। ফ্যাশন হাউস লা রিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান।অনুষ্ঠান শেষে নকশার সঙ্গে আলাপকালে জানালেন নানা কথা।দেশে ঘুরে ঘুরে পোশাক কেনার সময় হয়ে ওঠে না তাঁর। দেশের বাইরে খেলতে গেলে তখনই কিনে ফেলেন পোশাক-আশাক। তবে লা রিভের নামটা পরিচিতই ছিল। ‘আমার বাসার ওদিকে মিরপুরে একটা বিলবোর্ড আছে ওদের।’ সাকিব হেসে জানালেন, ‘জানতাম ওরা তরুণদের জন্য পোশাক করে, আর আমি সব সময় জিনস ও টি-শার্ট পরেই স্বচ্ছন্দ।’তবে এত ব্যস্ততার ফাঁকে মডেলিংয়ের সময়টা পাওয়া যাবে তো? সাকিবের চটপট উত্তর, ‘ধোনি যদি ৪০টা ব্র্যান্ড সামলাতে পারে, আমার তো সেই তুলনায় অনেক কম।’এবারই প্রথম কোনো ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব। আর অভিনয়ের প্রস্তাব তো আছেই তাঁর সামনে। তবে ভক্তদের চিন্তা নেই। সাকিবের মনোযোগ আপাতত ক্রিকেটেই। আরও অনেক দিন এক নম্বর অলরাউন্ডারের আসনটা ধরে রাখতে চান, জানিয়ে দিলেন তিনি।লা রিভের ডিজাইন বিভাগের প্রধান মন্নুজান নার্গিস বলেন, ‘তিন বছরের জন্য আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব আল হাসান। দেশে ও দেশের বাইরে সমান জনপ্রিয় তিনি। আমাদের দেশে সব পেশার, সব বয়সের মানুষের কাছেই সাকিব আইকন হিসেবে পরিচিত। আর মাঠের বাইরেও স্টাইলিশ হিসেবে সুনাম আছে তাঁর। লা রিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাই সাকিবকেই চেয়েছি আমরা।’