
বড়দিনের অন্যতম অনুষঙ্গ ক্রিসমাস ট্রি। তবে চিরসবুজ এমন গাছের ব্যবহার শুরু হয়েছিল িযশুখ্রিষ্টের জন্মের আগেই। প্রাচীনকালে শীতপ্রধান দেশের মানুষ পাইন বা দেবদারুগাছকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করত। তখনকার মানুষের ধারণা ছিল, বাড়ির আঙিনায় চিরসবুজ এই গাছগুলো থাকলে ভূত-পেতনিসহ কোনো অশুভ শক্তি বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারে না!
তবে এখন আমরা যে ক্রিসমাস ট্রি দেখি সেটার ব্যবহার শুরু ষোড়শ শতাব্দীতে জার্মানিতে। সে সময় জার্মান খ্রিষ্টধর্মাবলম্বীরা বড়দিনের উৎসবে বাসায় কাঠ ও সবুজ পাতার তৈরি একধরনের ক্রিসমাস পিরামিড রাখত। গবেষকেরা মনে করেন, ষোড়শ শতাব্দীতে প্রোটেস্ট্যান্ট সংস্কারক মার্টিন লুথার ক্রিসমাস ট্রির সঙ্গে প্রথম মোমবাতি ব্যবহারের প্রচলন করেছিলেন। তবে সে সময় অলিভার ক্রমওয়েল, উইলিয়াম ব্র্যাডফোর্ডদের মতো অনেক ধর্মীয় ও রাজনৈতিক নেতা বড়দিনে গাছের প্রচলন নিয়ে বিরোধিতাও করেছেন। কিন্তু তাঁদের এই বিরোধিতা ধোপে টেকেনি। দিনে দিনে সেটার প্রচলন আরও বাড়তে থাকে।
১৮৪৬ সালে রানি ভিক্টোরিয়া ও জার্মান রাজপুত্র অ্যালবার্ট সন্তানদের নিয়ে ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। সেটা আবার ছাপা হয় ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পত্রিকায়। এই ছবি প্রকাশের পর দ্রুতই যুক্তরাজ্যে ক্রিসমাস ট্রির ব্যবহার ছড়িয়ে পড়ে। এরপর মূলত বিশ শতকের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোতেও খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে বড়দিন উদ্যাপনে ক্রিসমাস ট্রি জনপ্রিয় হয়ে ওঠে।
হিস্ট্রি ডটকম অবলম্বনে আকিব মো. সাতিল