ক্রিস্টিনা, বুখারেস্ট আর ভালো লাগার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ২০১৪। আমি তখন দ্বাদশ শ্রেণির ছাত্র। কেন যেন সে সময় মোটর স্পোর্টসের ওপর প্রবল আগ্রহ তৈরি হয়েছিল! ফেসবুকে বিশ্বসেরা মোটরবাইকারদের সঙ্গে বন্ধুত্ব গড়া অভ্যাসে পরিণত হয়েছিল। এভাবেই ক্রিস্টিনার সঙ্গে পরিচয়, নিয়মিত যোগাযোগ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ ব্যক্তিগত সমস্যা ও হতাশার কারণে একসময় মোটর স্পোর্টসের ওপর আগ্রহ হারিয়ে ফেলি। ক্রিস্টিনার সঙ্গেও যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু মনের কোণে যেন ঘুমিয়েই থাকে সে।

তাই ২০১৭ সালে যখন ইউরোপে এলাম, এসেই রোমানিয়া ভ্রমণে উদ্‌গ্রীব হয়ে উঠলাম। সে কি ক্রিস্টিনার কারণে? না হলে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পা রেখেই ক্রিস্টিনার কথা মনে পড়ল কেন? মনে পড়ল শুধু? ক্রিস্টিনাকে মেসেজ করে জানালামও, তার শহরে আসার কথা, দেখা করার আগ্রহের কথা।

ক্রিস্টিনাদের বাড়ি আলেকজান্দ্রু আইওয়ান কুজা পার্কের কাছে। বুখারেস্টের সিটি সেন্টার থেকে বেশ খানিকটা দূরের কোলাহলমুক্ত ও নির্ঝঞ্ঝাট সেই জায়গাতেই ক্রিস্টিনার সঙ্গে সাক্ষাৎ হলো। ২০১৪ সালে যার সঙ্গে ফেসবুকে পরিচয়, কখনো ভাবিনি সামনাসামনি দেখা হবে, সেই ক্রিস্টিনার সঙ্গেই দেখা করতে এসেছি। পরিচিত আলিঙ্গনে আমরা মুখোমুখি। আমার ভেতরটায় আলাভোলা ভাব, আমিই বুঝতে পারি। ক্রিস্টিনা শুধু আমার চেয়ে বয়সে ১০ বছরের বড় নয়, জীবনের অভিজ্ঞতায়ও। সে আমাকে নিয়ে পার্কে হাঁটতে থাকে। একসময় পার্কঘেঁষা কফিশপে বসে আমরা গল্প করি। আচ্ছা, ক্রিস্টিনা কি আমার ভেতরের কথা পড়তে পারল তখন? তাঁকে জিজ্ঞেস করা হয়নি, হবেও না হয়তো কোনোদিন।

আমার সম্পূর্ণ বিপরীত জগতের একজন মানুষ ক্রিস্টিনা। সে চায় জীবনকে উপভোগ করতে। নিজের ইচ্ছাশক্তির ওপর বেঁচে থাকতে, সমাজের সব প্রথা ভাঙতে। সবার চিন্তার বাইরে গিয়েও সে নিজেকে মেলে ধরতে চায়। সেদিন কিছু ছবি তুলি আমরা। ততক্ষণে বিকেল হয়ে যায়। আমার ফেরার সময় হলে ক্রিস্টিনা মেট্রো স্টেশন পর্যন্ত এগিয়ে দেয়।

বেদনাবিধুর বিদায়ের পর? আবার সেই আগের জীবন। সেই ক্যাম্পাস, পড়াশোনা, ব্যক্তিজীবনের নানা চাপ। কিন্তু ক্রিস্টিনার সঙ্গে সেদিনের সেই মুহূর্ত সব সময়ই হৃদয়ে ভাস্বর। জানি না সে ভালো লাগাটুকুর অর্থ, হয়তো বুঝতেও চাই না সে অর্থ।

এখনো মাঝেমধ্যে ফেসবুকে যোগাযোগ হয় ক্রিস্টিনার সঙ্গে। ক্রিস্টিনার সময়টা এখন ভালো যাচ্ছে না। বছর দুয়েক আগে তার বাবা মারা গেছে। মায়েরও বয়স হয়েছে। টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে সে। মোটর স্পোর্টস অনেক ব্যয়বহুল খেলা, নিয়মিত মোটর স্পোর্টসেও সে অংশ নিতে পারছে না। এসব শুনি তার কাছে।

তবে মানুষ বাঁচে আশায়, ক্রিস্টিনা এখনো স্বপ্ন দেখে তার দুরবস্থা কোনো একদিন দূর হবে এবং সে আবারও মোটর স্পোর্টসে তার হারানো অর্জন ফিরিয়ে আনবে। ওর যাপিত জীবনের এসব কষ্ট আমাকে ভাবায়, সমব্যথী হই। ক্রিস্টিনা কি বোঝে কিসের টানে? কেন আমি ক্রিস্টিনার মুখের নির্মল হাসি সব সময় খুঁজে ফিরি?

কিছু প্রশ্নের উত্তর মানুষের নিজের ভেতর তৈরি হয় কিংবা নিজেই তৈরি করে নেয়। যেমন ক্রিস্টিনাকে নিয়ে আমার অসংখ্য প্রশ্ন।