স্বাধীনতা দিবস প্রিমিয়ার সিমেন্ট মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার একাদশ। গত ৩১ মার্চ বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ক্রীড়া লেখক সমিতি ৬ উইকেটে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটিকে হারিয়ে শিরোপা অর্জন করে। দলের পক্ষে ওপেনার রাশেদ রিপন ৩১ বলে সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন।
ক্রীড়া লেখক সমিতির পারভেজ, পলাশ, আরোজ ফারুক প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছেন। সাইফুল ৩৬ বলে দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে ৩৭ রানে অপরাজিত ছিলেন। চ্যাম্পিয়ন দলের সাইফুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এ ছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট হন রানার্সআপ দলের অলরাউন্ডার রাশেদ রিপন।
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক দীপক শর্মা ও সহ–অধিনায়ক আহসান সুমনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রিয়তোষ পাল প্রমুখ।