ক্রীড়াঙ্গনের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের ক্রীড়াঙ্গন সারা বছর এই বিকেলটির অপেক্ষায় থাকে, যেটির নাম দিয়ে দেওয়া যায় ‘গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বিকেল’। খেলার কীর্তিমানদের স্বীকৃতি দিতেই এই আয়োজন। যাঁরা পুরস্কার পান বা পেতে পারেন, এই বিকেলের জন্য অপেক্ষাটা শুধু তাঁদেরই নয়। খেলোয়াড়-সংগঠক-রেফারি-আম্পায়ার-খেলার সব মানুষ এ উপলক্ষে জড়ো হন এক ছাদের নিচে। শুধুই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সীমা ছাপিয়ে এটি হয়ে ওঠে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মিলনমেলা। বিকেলটির জন্য অপেক্ষাও এ কারণেই।
শুরুটা হয়েছিল ২০০৫ সাল থেকে। এই পুরস্কার-ভাবনার অঙ্কুরোদ্গমের সময় থেকেই এটিকে প্রথাগত পুরস্কার থেকে ভিন্ন কিছু করার চিন্তা ছিল। তিন বা চারজনকে মনোনয়ন দিয়ে তাঁদের নাম আগেই জানিয়ে দেওয়ার প্রচলিত রীতি থেকে বেরিয়ে আসা এর একটি। এই পুরস্কারে মনোনয়নপ্রাপ্ত বলে কিছু নেই। অনুষ্ঠানে সরাসরি বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
ক্রীড়া পুরস্কারের বিজয়ী নির্বাচন করার কাজটা করেন বাংলাদেশের কিংবদন্তি সব ক্রীড়াবিদকে নিয়ে গঠিত জুরিবোর্ড। গত দশ বছরে সেই জুরিবোর্ডে পরিবর্তন হয়েছে, তবে একটা জিনিস অপরিবর্তিতই থেকেছে। এই পুরস্কারের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি।
দিনে দিনে অনুষ্ঠানের ব্যাপ্তি বেড়েছে, পুরস্কারের অর্থমূল্যও। নির্দিষ্ট বছরে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি বর্ষসেরা ক্রীড়াবিদই পুরস্কারের সেরা আকর্ষণ। এর সঙ্গে দুজন পান বর্ষসেরা রানারআপের পুরস্কার। রয়েছে তরুণ প্রতিভা উৎসাহিত করতে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও সামাজিক বাস্তবতায় নারীরা একটু পিছিয়ে আছেন বলে বর্ষসেরা নারী ক্রীড়াবিদের জন্য আলাদা একটি পুরস্কার সেই শুরু থেকেই রাখা আছে। অতীতের নায়কদেরও স্মরণ করা হয় আজীবন সম্মাননা দেওয়ার মাধ্যমে। দুই বছর আগে যোগ হয়েছে পাঠকদের ভোটেও বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার।

.
.

একনজরে
 সূচনা: ২০০৪
 মোট অনুষ্ঠান: ৮
 পুরস্কারের শাখা: ৬ (বর্ষসেরা, রানারআপ, বর্ষসেরা নারী, উদীয়মান, পাঠক-ভোটে বর্ষসেরা, আজীবন সম্মাননা)
 আজীবন সম্মাননা:
কাজী আবদুল আলীম (২০০৪)
চি হ্লা মং চৌধুরী মারী (২০০৫)
রণজিৎ দাস (২০০৬)
খন্দকার আবুল হাসান (২০০৭)
বশীর আহমেদ (২০০৮)
কবির আহমেদ (২০০৯)
রানী হামিদ (২০১০)
সৈয়দ আলতাফ হোসেন (২০১১)
জহিরুল হক (২০১২)
শামীম কবির (২০১৩)
আয়োজক: প্রথম আলো ও গ্রামীণফোন

উৎপল শুভ্র
ক্রীড়া সম্পাদক, প্রথম আলো