ক্রীড়ায় দারুণ সাফল্য

ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের নারীদের উত্থান ও সাফল্যের বছর হিসেবে চিহ্নিত হবে ২০১৫ সাল। ফুটবল ও ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের সাফল্য আনন্দে ভাসিয়েছে পুরো দেশকেই। এই বছরই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের মেয়েরা দেখেয়েছি ইচ্ছাশক্তি দিয়ে জয় করা যায় যেকোনো বাধা। অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা দলের ১৮ জন সদস্যের ১০ জনই কলসিন্দুরের। বাকিদের মধ্যে রংপুর, সাতক্ষীরা, রাঙমাটি, রাজশাহী ও টাঙ্গাইলের মেয়েরাও এই দলকে করেছে বাংলাদেশের গর্বের প্রতীক। এপ্রিলে নেপালের কাঠমান্ডুতে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতায় দুর্দান্ত দাপট দেখিয়ে দলটি ফাইনালে যায়। কিন্তু নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে তখন ফাইনাল ম্যাচটি হয়নি। ডিসেম্বরে সেই ফাইনাল অনুষ্ঠিত হলে নেপাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল।

প্রথমবারের মতো দেশের বাইরে লিগ ফুটবল খেলেছেন সাবিনা খাতুন। মালদ্বীপের ফুটবল লিগে পুলিশ ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ৬ ম্যাচে গোল করেছে ৩৭টি। পরপর পাঁচটি ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়।
বছরের শেষে মেয়েদের ক্রিকেট দল জায়গা করে নেয় আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে। ক্রিকেটে ছেলেদের পাশাপাশি মেয়েরা তারকাখ্যাতি পাচ্ছে সমানতালেই।
গ্রন্থনা: নাইর ইকবাল