
দেশের ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে। তবে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত নেওয়ার সংস্থাগুলোতে নারীর প্রতিনিধিত্ব অনেক কম। এ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশ পিছিয়ে আছে।
আইওসির ওয়েবসাইটে (ফ্যাক্টশিট উইমেন ইন দ্য অলিম্পিক মুভমেন্ট) দেখা যায়, ২০০৫ সালের মধ্যে সদস্যদেশগুলোর জাতীয় কমিটিগুলোর নির্বাহী পরিষদ ও প্রশাসনিক সংস্থায় সিদ্ধান্ত গ্রহণকারী পদের ২০ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ করার কথা বলেছিল আইওসি। ১৩৫টি দেশের জরিপে আইওসি দেখেছে, ২৭টি দেশের জাতীয় অলিম্পিক কমিটির নির্বাহী পরিষদে ৩০ শতাংশের বেশি নারী। ৬২টি নির্বাহী পরিষদে ২০ শতাংশের কম নারী। ১০ কমিটিতে কোনো নারী সদস্য নেই।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ৩২ জন। তাঁদের মধ্যে নারী মাত্র দুজন। অর্থাৎ নারী ৬ দশমিক ২৫ শতাংশ। দেশের কৃতী ব্যাডমিন্টন খেলোয়াড় ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী বোর্ডের সদস্য কামরুন নাহার প্রথম আলোকে বলেন, পরিস্থিতি বদলাতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দরকার। সংশ্লিষ্ট পুরুষ ভাইদেরও এ ব্যাপারে আন্তরিক হতে হবে।
১৯০০ সালে প্যারিস অলিম্পিকে প্রথম নারীরা অংশ নেন। সে বছর ৯৯৭ জন ক্রীড়াবিদের মধ্যে ২২ জন নারী টেনিস ও গলফ খেলায় অংশ নেন। এরপর থেকে প্রতিবছরই অলিম্পিক আসরে নারী ক্রীড়াবিদেরা অংশ নিয়েছেন এবং বছর বছর নারীর সংখ্যা বেড়েছে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ক্রীড়াবিদদের ৪৪ দশমিক ২ শতাংশ ছিল নারী অংশগ্রহণকারী। চলমান রিও অলিম্পিকে ১১ হাজার ৩৮০ জন ক্রীড়াবিদের মধ্যে নারী ৫ হাজার ১৩৮ জন, অর্থাৎ ৪৫ দশমিক ১ শতাংশ।
এবার বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ অলিম্পিকে অংশ নিচ্ছেন, তাঁদের তিনজন নারী। তবে তাঁদের সঙ্গে যাওয়া নয় কর্মকর্তার মধ্যে কোনো নারী নেই। গত রোববার অলিম্পিক ভবনে গিয়ে জানা যায়, কর্মকর্তা ও কর্মচারী মিলে মোট ২৫ জন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দৈনন্দিন কাজের দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যেও কোনো নারী নেই। এ ব্যাপারে কথা বলার মতো কর্মকর্তাও কার্যালয়ে পাওয়া যায়নি।
মুঠোফোনে কামরুন নাহার প্রথম আলোকে বলেন, দেশে নানা ধরনের খেলাধুলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ক্রীড়াবিদের সংখ্যাও বেড়েছে। নারী ক্রীড়া সংগঠকের সংখ্যাও বেড়েছে। কিন্তু ফেডারেশনগুলোকে বা ক্রীড়া বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গাগুলোতে নারী নেই বললেই চলে। তিনি বলেন, কোনো ফেডারেশনে নারী কর্মকর্তা আছেন, এটা জানতে পারলে বাবা-মায়েরা মেয়েদের খেলাধুলায় পাঠাতে উৎসাহ বোধ করেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নারীর অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে আন্তরিক। উদাহরণ হিসেবে তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে অনেক বেশিসংখ্যক বৃত্তি এখন নারীদের দেওয়া হচ্ছে। একমাত্র অ্যাথলেটিকস ফেডারেশনে পাঁচজন নারী কর্মকর্তা আছেন। এগুলো ইতিবাচক লক্ষণ।
আইওসি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণকারী পদে নারীসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৫ সালে ‘উইমেন অ্যান্ড স্পোর্ট ওয়ার্কিং গ্রুপ’ তৈরি করে। ওয়ার্কিং গ্রুপটি ২০০৪ সালে পূর্ণ কমিশনে রূপান্তর করা হয়। এই কমিশনের কাজ আইওসির প্রেসিডেন্ট ও নির্বাহী বোর্ডকে নারীর অংশগ্রহণ বৃদ্ধির নীতি-পরামর্শ দেওয়া।
নীতি ও সিদ্ধান্তে নারীর অংশগ্রহণ বাড়াতে প্রতিটি ফেডারেশনে নারী কর্মকর্তা বাড়ানোর সুপারিশ করেছেন কামরুন নাহার। তিনি বলেন, ৩১ সদস্যের ফেডারেশনে কমপক্ষে পাঁচজন নারী বা ২১ সদস্যের ফেডারেশনে কমপক্ষে তিনজন নারী সংগঠক রাখতে হবে।