সব সময় আলোয় ঝলমল করে নগর। চারদিকে যেন শুধু সুখ আর সুখ। কিন্তু আলোর নিচে তো অন্ধকার! নগরের সেই অন্ধকার বস্তি। এখানে মানবেতর জীবনযাপন করে অসংখ্য মানুষ। কীভাবে কাটে মানুষগুলোর দিন? তাঁদের কাহিনি নিয়েই নাটক এখনো ক্রীতদাস। ২৩ জানুয়ারি নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বিনোদিনী নাট্যদল এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন করে। নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ আল মামুন। নির্দেশনায় ছিলেন অনুপ কুমার মিত্র।
গ্রাম থেকে শহরে চলে আসা ট্রাকচালক বাক্কা মিয়ার একসময় ঘর-বাড়ি, জমি, কোদাল সবই ছিল। অনেক স্বপ্ন নিয়ে দেশের জন্য যুদ্ধও করেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে সব হারিয়ে তিনি আজ পঙ্গু। এ পঙ্গু ট্রাকচালক বাক্কা মিয়াকে কেন্দ্র করে এগিয়ে যায় নাটকের কাহিনি। স্ত্রী কান্দুনীর রোজগারের ওপর নির্ভর করে জীবন চলে তাঁর। বাক্কা মিয়া এখন বস্তি ঘরে দিন-রাত শুয়ে শুয়ে দেখেন চারপাশের ঘটনাবলি। এর মাধ্যমেই উন্মোচিত হয় সমাজের অবক্ষয়ের চিত্র। চোখের সামনে নিজের মেয়েকে দেহব্যবসায় নেমে পড়তে দেখেও কিছুই করার থাকে না বাক্কার। এই পচে যাওয়া সমাজব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ইচ্ছা জাগে মনে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জীব বড়ুয়া, সুচরিত চৌধুরী, সাহেদুল ইসলাম, জাহিদুর রহমান, মোরশেদ হোসেন, নাছির আহমেদ, সাবিরা সুলতানা, ছালেক জাবির, নিউটন দাশ, রুমা রায় প্রমুখ।