ক্রীড়া সংস্থার কক্ষে চলে ডায়বেটিস চিকিৎসা!
নিজস্ব ভবন ছাড়াই চালু হয়েছে ফেনীর পরশুরাম উপজেলার ডায়বেটিক হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। গত মঙ্গলবার যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন। বর্তমানে হাসপাতালের কার্যক্রম চলছে পরশুরাম পৌর ক্রীড়া সংস্থার নবনির্মিত ভবনের দুটি কক্ষে।পরশুরাম ডায়বেটিক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি মাসে পরশুরাম ডায়বেটিক সমিতি গঠন করা হয়েছিল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারকে সভাপতি এবং স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। কমিটি স্থানীয় লোকজনের কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে ডায়বেটিক হাসপাতালের কার্যক্রম শুরু করেছে।হাসপাতালের অফিস সহকারী ইউছুপ বকুল জানান, গত মঙ্গলবার উদ্বোধনের দিন থেকে হাসপাতালে চিকিৎসাসেবা দিচ্ছেন ছাগলনাইয়া ডায়বেটিক হাসপাতালের একজন চিকিৎসক। সকাল সাড়ে আটটা থেকে তিনি রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন ।পৌর ক্রীড়া পরিষদের একতলা ভবনের যে দুটি কক্ষে এই হাসপাতালের কার্যক্রম চলছে তার একটি পরিষদের সাধারণ সম্পাদকের কার্যালয়। অপর একটি কক্ষে রাখা হয় খেলাধুলার সরঞ্জাম।জানা গেছে, হাসপাতালে একজন চিকিৎসক, একজন টেকনিশিয়ান এবং একজন অফিস সহকারী বর্তমানে কর্মরত আছেন।পরশুরাম পৌর এলাকার গুথুমা চৌমুড়ী মাদ্রাসার সিনিয়র শিক্ষক ফরিদ আহাম্মদ জানান, তিনি ডায়বেটিস পরীক্ষা করিয়েছেন। তবে এখানে হাসপাতালের উপযোগী কোনো পরিবেশ নেই বলে তিনি জানান।পরশুরাম ডায়বেটিক হাসপাতালের সভাপতি কামাল উদ্দিন মজুমদার বলেন, ‘বর্তমানে ছোট পরিসরে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। তবে পরে নিজস্ব ভবন নির্মাণ করা হবে।