ক্রীড়াবিজ্ঞানে স্নাতকোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়াবিদদের শারীরিক, মানসিক ও কৌশলগত বিষয় শিক্ষা দেন ক্রীড়াবিজ্ঞানে ডিগ্রিধারীরা। ছবি: সংগৃহীত
ক্রীড়াবিদদের শারীরিক, মানসিক ও কৌশলগত বিষয় শিক্ষা দেন ক্রীড়াবিজ্ঞানে ডিগ্রিধারীরা। ছবি: সংগৃহীত

একজন খেলোয়াড়ের ক্রীড়ানৈপুণ্যের জন্য শারীরিক ফিটনেস যেমন জরুরি, তেমনি প্রয়োজন ক্রীড়াকৌশল ও মানসিক প্রশান্তি। আর খোলোয়াড়দের জন্য এই বিষয়গুলো নিশ্চিত করে একজন ক্রীড়াবিজ্ঞান বিশেষজ্ঞ। ক্রীড়াবিজ্ঞান হচ্ছে প্রশিক্ষণের বিজ্ঞানভিত্তিক চর্চা। কোনো ক্রীড়াবিদের শারীরিক, মানসিক ও কৌশলগত বিষয়গুলো নিয়ে যাঁদের কাজ।
ক্রীড়াবিজ্ঞানের ওপর অনাবাসিক ১০ মাস মেয়াদি স্নাতকোত্তর ডিপ্লোমা করানো হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ডিপ্লোমার জন্য ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ মে। ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নুসরাৎ শারমিন জানান, খেলোয়াড়দের নিয়ে যাঁদের কাজ, তাঁদের জন্যই এই ডিপ্লোমা ডিগ্রি। এই ডিগ্রি নিয়ে বিভিন্ন ক্লাব, ক্রীড়া প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে।
যেসব বিষয় পড়ানো হয়
ক্রীড়াবিজ্ঞানের চারটি বিষয়ের ওপর এই ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়। এগুলো হলো এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস বায়োমেকানিকস ও সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং।
ভর্তির যোগ্যতা

যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই ডিপ্লোমা কোর্সে আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক এই তিনটি পরীক্ষার কমপক্ষে একটিতে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ-২ থাকতে হবে। এক্সারসাইজ ফিজিওলজি ও স্পোর্টস বায়োমেকানিকস বিষয়ে ভর্তির জন্য বিজ্ঞানে স্নাতক হতে হবে। আর স্পোর্টস সাইকোলজি বিষয়ে ভর্তির আবেদন করতে পারবেন স্নাতকে মনোবিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীরা। সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং বিষয়ে ভর্তি হতে চাইলে আবেদনকারীকে বিপিএড বা এমপিএড (শারীরিক শিক্ষা) ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বিভাগীয় পর্যায়ের খেলোয়াড় ও প্রশিক্ষকদের।

শিক্ষাব্যয়
নিবন্ধন ও ভর্তি ফি বাবদ ভর্তির সময় প্রয়োজন হবে পাঁচ হাজার টাকা। তার সঙ্গে ফেরতযোগ্য জামানত হিসেবে আরও পাঁচ হাজার টাকা জমা দিতে হবে। এ ছাড়া মাসিক বেতন ৫০০ টাকা ।

যোগাযোগ
বিকেএসপির ওয়েবসাইটে www.bksp-bd.org অথবা পত্রিকায় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে চোখ রাখতে পারেন। শিক্ষা ও পেশাগত যোগ্যতার প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে আবেদন জমা দিতে হবে বিকেএসপির এই ঠিকানায়: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান, জিরানী, সাভার, ঢাকা। এ ছাড়া আবেদন করা যাবে [email protected] ই-মেইলেও।