
ক্রীড়াবিদ, রেফারি বা ক্রীড়া ব্যবস্থাপক। এর বাইরে তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি আইনজীবীও। পোশাকি নাম লাজুল করিম। তবে কস্তুরী নামেই তাঁকে সবাই চেনে। দেশসেরা ক্লাবগুলোর নারী দলের হয়ে খেলেছেন দীর্ঘদিন। বর্তমানে জাতীয় মহিলা ভলিবল ও হ্যান্ডবল দলের সংগঠনিক ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জড়িত আছেন। এ ছাড়া যুক্ত আছেন বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সঙ্গে। এতসব পরিচয়ের মধ্যে নিজের কোন পরিচয়টি আগে দেবেন? দৃঢ়তার সঙ্গে লাজুল করিম উত্তর দেন, ‘অবশ্যই ক্রীড়াবিদ হিসেবে আমি নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর আইন পেশায় যুক্ত হয়েছি পারিবারিক ইচ্ছায়।’
লাজুল করিমের বেড়ে ওঠা ঢাকাতেই। ছোটবেলা থেকেই খুব আগ্রহ ছিল খেলাধুলার প্রতি। তবে শুধু খেলাধুলায় নয়, পড়াশোনাতেও তিনি ছিলেন তুখোড়। মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করে ইসলামের ইতিহাসেও স্নাতকোত্তর করেছেন একই বিশ্ববিদ্যালয় থেকে। খেলাধুলা আর পড়াশোনা—এ দুই ভুবনের মধ্যে ভারসাম্য রেখেছেন কীভাবে? লাজুল করিম বলেন, ‘আমরা যখন ক্রীড়াঙ্গনে আসি, তখন পরিবার থেকে সায় ছিল না। পড়াশোনাকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। পরিবারের সবাইকে সামল দিতে তাই পড়াশোনা ও খেলা—দুটিই সমান্তরালে চালিয়ে যেতে হয়েছে।’
লাজুল করিমের বর্ণিল খেলোয়াড়ি জীবনে নজর করলে আমরা দেখতে পাই, ১৯৭৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি কখনো মাঠে নেমেছেন ভলিবল বা হকি খোলোয়াড় হিসেবে, আবার কখানো গায়ে জড়িয়েছেন হ্যান্ডবল বা ব্যাডমিন্টন দলের জার্সি। তবে নিজের যোগ্যতার প্রামাণ রেখেছেন সব বিভাগেই। জাতীয় মহিলা ক্রীড়া দলের পাশাপাশি তিনি অংশ নিয়েছেন ঢাকা জেলা, ঢাকা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন স্পোর্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি), ভিক্টোরিয়া ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্রের হয়ে। খেলার পাশাপাশি ১৯৮৮ সাল থেকেই ভলিবল ও হ্যান্ডবলে রেফারি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেন। ১৯৯৭ সাল থেকে ভলিবল ও হ্যান্ডবলের পাশাপাশি কাবাডি রেফারি হিসেবে মাঠে নামেন। রেফারি হিসেবে নিজেকে শাণিত করতে প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।
নতুনদের উদ্দেশ্যে এই ক্রীড়াবিদ বলেন, ‘বর্তমানে ক্রীড়াশিক্ষার জন্য প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে নেওয়ার সুযোগ রয়েছে। তাই খেলোয়াড়ি জীবনের পাশাপাশি নিজেকে এগিয়ে নিতে হলে জোর দিতে হবে পড়াশোনায়ও।’