ঈদবাজারে ক্রেতা টানতে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন হাটবাজারের বিপণিকেন্দ্রে আয়োজন করা হয়েছে লটারির। পুরস্কারের প্রলোভনে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রমজান মাসের শুরু থেকে এ নিয়ে চলছে দিনরাত মাইকিং। এ ছাড়া বাহারি সাজে সজ্জিত হয়েছে বিপণিকেন্দ্রগুলো।চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন জানান, রমজানের শুরু থেকে চন্দ্রঘোনা লিচুবাগান ও দোভাষী বাজারের বিপণিকেন্দ্রগুলোতে সাজ সাজ রব। প্রতিটি বিপণিকেন্দ্রে অবাধে লটারির আয়োজন করা হয়েছে। এতে রয়েছে নানা পুরস্কার। আবার এসব প্রচারণার জন্য কেন্দ্রগুলোর চারপাশে পাঁচ থেকে ছয়টি মাইক লাগিয়ে দিনরাত মাইকিং করা হচ্ছে। মাইকের আওয়াজে লিচুবাগান এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।সরেজমিনে দেখা যায়, রাঙ্গুনিয়া উপজেলা সদর রোয়াজার হাট, রানীর হাট, ধামইর হাট, দোভাষী বাজার, শান্তির হাট, গোচরা বাজার, সরফভাটা ক্ষেত্রবাজার, পদুয়া বাজারসহ উপজেলার বেশির ভাগ বিপণিকেন্দ্রে আয়োজন করা হয়েছে লটারির। খোঁজ নিয়ে জানা যায়, লটারিতে পুরস্কারের মধ্যে মোটরসাইকেল, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, টেলিভিশন, মাইক্রোয়েভ ওভেন, মোবাইল ফোন সেটসহ নানা রকম পণ্য রয়েছে। লটারির ড্র হবে ঈদের আগের দিন (চাঁদ রাত) রাতে অথবা ঈদের পর। রোয়াজার হাটের মদিনা সুপার মার্কেটের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ‘আমাদের মার্কেটের দোকান থেকে ঈদবাজারের যেকোনো পণ্য কিনলে বিনা মূল্যে পাওয়া যাবে লটারি। ঈদের পরে ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিজয়ীরা পুরস্কার পাবেন।’ ২৪ জুলাই চন্দ্রঘোনা আল ইমরাত কমপ্লেক্সে কেনাকাটা করতে আসা ইয়াছমিন আক্তার (২১) ও নুরজাহান বেগম (২৬) জানান, কমপ্লেক্সের যেকোনো দোকান থেকে ১০০ টাকার পণ্য কিনলে লটারি দেওয়া হচ্ছে। নানা পুরস্কারের প্রলোভনে পণ্য কিনতে গিয়ে দেখা যায়, অন্য মার্কেট বা দোকানের চেয়ে ওই মার্কেটে পণ্যের দাম অনেক বেশি। ফলে পুরস্কারের লোভে কেনাকাটা করতে গিয়ে ঠকছেন ক্রেতারা। আলইমারত কমপ্লেক্সের সুজন গার্মেন্টসের ব্যবসায়ী সুমন দাশ, আনন্দ সাজের মালিক পরিমল দাশসহ কয়েকজন ব্যবসায়ী এ প্রসঙ্গে বলেন, মার্কেট নতুন হওয়ায় ক্রেতাদের আকৃষ্ট করতে লটারির আয়োজন করা হয়েছে। তবে এ জন্য দাম বেশি নেওয়ার প্রশ্নই আসে না। এদিকে রোয়াজার হাটে কেনাকাটা করতে আসা শেখ মনসুর (১৮) ও মুরাদ হোসেন (২০) বলেন, ঈদের জন্য নতুন জামাকাপড় কিনতে হবে। তাই দোকানগুলোতে পছন্দমতো কিছু আছে কিনা দেখছি। তবে দাম বেশি হাঁকা হচ্ছে। সে তুলনায় চট্টগ্রাম শহর থেকে কেনাকাটা করা সুবিধা হবে বলে মনে হচ্ছে। এ প্রসঙ্গে রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘পুরস্কারের প্রলোভন থেকে বাঁচতে ক্রেতাদের সচেতন হতে হবে। আর মাইক ব্যবহারেরও বিধান রয়েছে। লটারি প্রচারণায় একাধিক মাইক ব্যবহার করে শব্দদূষণ সম্পূর্ণ বেআইনি। এ ছাড়া লটারি আয়োজনেও অনুমোদন নিতে হবে।’ ঈদ বাজারে বেআইনি সকল তৎপরতা বন্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।