রোজার দু-এক দিন আগে থেকেই বিভিন্ন বিপণিবিতানে ঈদের আগাম কেনাকাটা শুরু হলেও সৈকত নগর কক্সবাজারের বার্মিজ মার্কেটগুলো এখনো ক্রেতাশূন্য। ক্রেতার অপেক্ষায় অনেকক্ষণ ধরে বসে থেকেও কোনো ক্রেতার দেখা না পেয়ে গল্প-আড্ডায় সময় কাটাচ্ছেন বিক্রেতারা। মার্কেটের দোকানপাটে এমন মন্দাভাব চলতে থাকায় প্রায় দোকানমালিক-পরিচালক হতাশ।গত সোমবার দুপুরে শহরের টেকপাড়ার বার্মিজ মার্কেটে গিয়ে দেখা গেছে, কয়েক শ দোকানের সবটাই ফাঁকা। কোনো ক্রেতা নেই। চাকরিরত রাখাইন ও পাহাড়ি তরুণীরা দোকানের সামনে বসে মেতে আছেন গল্পগুজবে। অনেকে দোকানের ভেতর বসে অলস সময় পার করছেন। সন্ধ্যায় গিয়ে কয়েকটি দোকানে কিছু কাপড় বেচাকেনার দৃশ্য দেখা গেছে। হঠাৎ এ মন্দাভাবের কারণ জানতে চাইলে মার্কেটের একটি দোকানের রাখাইন তরুণী চেং বলেন, ‘ভাইয়া, কী আর বলব, সারা দিনে ৫০০ টাকার জিনিসও বিক্রি হচ্ছে না। পর্যটক না থাকায় বেচাকেনা হচ্ছে না। এখন আমরা রোজা শেষে ঈদের জন্য অপেক্ষা করছি। ঈদের টানা কয়েক দিনের ছুটিতে এখানে পর্যটকের ঢল নামবে। আর তখন এই মার্কেটের প্রতিটি দোকানে দিনে ২০ থেকে ৬০ হাজার টাকার পণ্য বিক্রি হবে।’ বনানী টেক্সটাইলের কর্মচারী মোহাম্মদ নিপু (২৪) বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত তিন ঘণ্টায় মাত্র ১২০ টাকার পণ্য বিক্রি করেছি। তা-ও স্থানীয় ব্যক্তিদের কাছে। আবার এমনও দিন যায়, কোনো বিক্রিই হয় না।’ নিপু জানান, পর্যটক ছাড়া কেউ কেনাকাটার জন্য এখানে আসতে তেমন আগ্রহ দেখান না। বয়ন টেক্সটাইলের কর্মচারী রেশমি (২৩) জানান, শীতকালে পর্যটন মৌসুমে এ দোকানে দিনে ২০-৩০ হাজার টাকার কাপড় বিক্রি হতো। আর এখন দুই হাজারের বেশি হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি দোকানে কর্মরত পাহাড়ি তরুণী জানান, দুই থেকে তিন হাজার টাকা বেতনে তাঁরা বিভিন্ন দোকানে চাকরি করেন। থাকার ব্যবস্থা মালিক পক্ষ করলেও খাওয়া-দাওয়া নিজের। মাস শেষে বেতনের টাকা খাওয়াসহ নানা কাজে খরচ হয়ে যায়। পরিবারে দেওয়ার মতো কিছু থাকে না। উৎসব-পার্বণে খালি হাতে বাড়ি ফেরার সময় মনটা খারাপ হয়ে যায়। অনুসন্ধানে জানা গেছে, শহরের টেকপাড়া, বাজারঘাটা, বৌদ্ধমন্দির, বার্মিজ স্কুল, ফুলবাগ সড়কসহ বিভিন্ন এলাকায় স্থাপিত বার্মিজ মার্কেটগুলোর ছয় শতাধিক দোকানে পাঁচ শতাধিক রাখাইন ও পাহাড়ি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণী চাকরি করছেন। স্থানীয় রাখাইনদের অনেকে নিজের ব্যবসা নিজে পরিচালনা করেন। কিন্তু মন্দাভাবের কারণে তাঁদের অনেকে চাকরি হারিয়ে অর্থসংকটে পড়ছেন। কক্সবাজার বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি অং চিং রাখাইন জানান, পর্যটন মৌসুমের তিন মাস অর্থাৎ শীতকালে এসব মার্কেটে বেচাকেনা বেশি থাকে। কারণ, এসব মার্কেটের ৯৮ ভাগ ক্রেতাই পর্যটক। বিশেষ করে পাহাড়ে ও স্থানীয়ভাবে রাখাইন, চাকমা, মারমাদের তৈরি জামাকাপড়, শাল, চাদর, থামি-লুঙ্গি, বিছানার চাদর, প্রসাধন সামগ্রী, রকমারি আচার, জুতা-স্যান্ডেল পর্যটকেরা বেশি কেনেন। এসব পণ্যের চাহিদাও বেশি। কিন্তু এখন বেচাকেনা না থাকায় কর্মচারীদের বেতন দিতে মালিকদের হিমশিম খেতে হচ্ছে। এ কারণে অনেকে কর্মচারী ছাঁটাই করেন। অনেকে কম বেতনে কোনো রকমে চাকরিটা ধরে রেখেছেন।