ক্রেতা হিসেবে আপনি কোন জাতের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনাকাটা করাটা কারও কারও কাছে আনন্দের হলেও অনেকের কাছে এটা একটা চ্যালেঞ্জই বটে! প্রতীকী ছবিটি রয়টার্স থেকে নেওয়া।
কেনাকাটা করাটা কারও কারও কাছে আনন্দের হলেও অনেকের কাছে এটা একটা চ্যালেঞ্জই বটে! প্রতীকী ছবিটি রয়টার্স থেকে নেওয়া।

কেনাকাটা করার বিষয়টা কারও কারও কাছে আনন্দের হলেও অনেকের কাছে এটা একটা চ্যালেঞ্জই বটে! আবার কারও কাছে এটা ক্লান্তিকর, এমনকি হতাশাজনকও! এদিকে অনেকের জন্য কেনাকাটার অভিজ্ঞতা মানে দরকষাকষির লড়াই। আর কেউ কেউ কেনাকাটাকে বেহিসেবি খরচের বিষয় বলেই মনে করেন। মানসিকতা এবং পছন্দ-অপছন্দের বিবেচনায় ক্রেতাদের বহুভাবেই আলাদা করে চেনা যায়—ভেবেছেন কি ক্রেতা হিসেবে আপনি কোন জাতের?

দরকষাকষির ক্রেতা
কিছু ক্রেতা আছেন যাঁরা কখনোই দরকষাকষি ছাড়া কেনাকাটা করতে পারেন না। এমনকি ‘এক দর’ লেখা দোকানেও কোনো না-কোনোভাবে দামাদামি করার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন এঁরা। মূল্যছাড়ের বিজ্ঞাপন দেখে এঁরা বেশ আকৃষ্ট হন। আর পণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে কমে কি না, তা দেখার জন্য অনেক সময় এঁরা এক-দুই সপ্তাহ পর আবার বিপণিবিতানে আসেন এবং খোঁজ নিয়ে যান। এই ক্রেতারা অত্যন্ত সাবধানিও বটে।

গবেষক ক্রেতা
গবেষক ক্রেতারা কখনোই না জেনেশুনে হুট করে কিছু একটা কিনে বসেন না। এঁরা দোকানে দোকানে ঘুরে পছন্দের জিনিসটার খোঁজখবর নেন, পত্রিকা বা টিভির বিজ্ঞাপনও খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। পাঁচ মাস অপেক্ষা করে কয়েকটা জায়গায় পণ্যের গুণাগুণের তথ্যগুলো মিলিয়ে দেখে তারপর এঁরা কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। নিজের বাজেটের মধ্যে সম্ভাব্য সবচেয়ে কমদামে সেরা জিনিসটা বাছাই করে বের করতে পারলে এঁরা বিজয়ীর আনন্দ পান।

আলোচক ক্রেতা

সব সময়ই বিক্রেতার সঙ্গে সিরিয়াস ভঙ্গিতে আলোচনায় বিশ্বাসী এই ক্রেতারা। তাঁরা মনে করেন, কোনো দামই আসলে পাথরে খোদাই করে লেখা থাকে না এবং দোকানি চাইলে কিছুটা ছাড়ের সুযোগ সব সময়ই থাকে। একটা জিনিসের দাম আসলেই সস্তা কি না, সেটা তাঁরা ভাবেন না। আর এ বিষয়ে দোকানির সঙ্গে আলোচনায় এঁরা ঝানু কূটনীতিকের চেয়েও কৌশলি দক্ষতা দেখান অনেক সময়ই। এই ক্রেতাদের ভঙ্গি দেখলে মনে হতে পারে কেনাকাটায় জিততে পারাতেই জীবনের অর্থ নিহিত।

বিশ্বাসী ক্রেতা
বহুদিনের অভ্যাসে একই দোকান থেকেই সবকিছু কিনে থাকেন এই জাতের বিশ্বাসী ক্রেতারা। তাঁদের পছন্দের দোকানটা আকস্মিকভাবে বন্ধ হয়ে গেলে পরিবারের কোনো সদস্যের মৃত্যুর মতোই বিপর্যয় নেমে আসতে পারে এঁদের জীবনে। আর দোকানের সব কর্মীই এই বিশ্বাসী ক্রেতাদের যেমন নামধামে চেনেন, তেমনি তাঁদের বাজারের ফর্দটাও কর্মীদের অনেকটা মুখস্থই থাকে। দোকানিরাও দীর্ঘদিনের এই বিশ্বাসী ক্রেতাদের সম্মান রক্ষায় সচেষ্ট থাকেন।

ফেরতদাতা ক্রেতা
অনেক ক্ষেত্রে কোনো একটা কিছু কিনে ফেলার সময় এঁরা দুবার ভাবেন না। কিন্তু কেনাকাটা শেষে বাড়ির পথে কিছুদূর এগিয়ে তাঁদের মনে হয় জিনিসটা কেনা একেবারেই ঠিক হয়নি। এঁরা ফিরে আসেন। দোকানে ফিরে এলে দেখা যায় জামার মাপ, রং কিংবা ডিজাইন আসলে কোনোটাই ঠিক হয়নি। ফলে দোকানিও কোনোভাবেই বদলে দিয়ে এই ক্রেতাদের সন্তুষ্ট করতে পারেন না। এই পর্যায়ে ফেরতদাতা ক্রেতাদের সঙ্গে দোকানির ঝগড়াও বেঁধে যেতে পারে।

ইচ্ছা-খুশি ক্রেতা
এই ক্রেতাদের কাছে পণ্যের দাম আসলে কখনোই কোনো বিষয় নয়। কোনো কিছু দেখে পছন্দ হয়ে গেলে ওই এক দেখাতেই তাঁরা জিনিসটা কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এঁরা যা কিনছেন, সেটা আসলে তাঁর প্রয়োজন আছে কি না তাও ভেবে দেখেন না তাঁরা। কিন্তু এমন নজরকাড়া আজব একটা জিনিস তাঁদের আবার চোখে নাও পড়তে পারে! তাই দাম বিনা কারণেই অনেক বেশি হলেও তাঁরা নিরুপায়, এটা তাঁদের কিনতেই হবে!

ফ্যাশনিস্তা ক্রেতা
কী কেনা হচ্ছে সেটা বড় বিষয় না, পণ্যটা কোন ব্র্যান্ডের—এটাই বড় কথা এই ক্রেতাদের কাছে। নামীদামি ব্র্যান্ড ছাড়া আর কিছুই কেনেন না তাঁরা। অবশ্যই দামি আর বড় দোকান থেকে বড় ব্র্যান্ডের পণ্য কিনতে হবে তাঁদের। এই ক্রেতাদের কাছে মুখ্য বিষয় হলো তাঁদের খরচের সামর্থ্যটা প্রকাশ করা। ফলে পণ্যের লেবেল বা স্টিকারটাই গুরুত্বপূর্ণ এই ক্রেতাদের কাছে।