ক্রেতাদের ঢল জহুর হকার্স মার্কেটে
জহুর হকার্স মার্কেটেও লেগেছে আভিজাত্যের হাওয়া। একসময় নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কেনাকাটার প্রধান বিপণিকেন্দ্র ছিল এটি। কিন্তু এখন মধ্যবিত্ত শ্রেণীর লোকজনও কেনাকাটার জন্য আদর্শ হিসেবে বেছে নিচ্ছেন এ বিপণিকেন্দ্রকে। বিক্রেতারা জানালেন, প্রথম রোজা থেকেই ক্রেতাদের ভিড় বাড়ছে জহুর হকার্স মার্কেটে। এখন ইফতারের পর মানুষের লাইন পড়ে যায়। ২০ রমজানের পর ক্রেতাদের ঢল নামবে। এখন দরকষাকষি করে পোশাক কেনা গেলেও কয়েকদিন পরই পোশাকের গায়ে একদাম লেখা স্টিকার উঠবে বলে জানান বিক্রেতারা। এলিগেন্স গার্মেন্টস এখানে ব্যবসা করছে ৪০ বছর ধরে। মো. তৌহিদুল ইসলাম জানান, ‘‘ঈদের বাজারের সব ধরনের ‘মসলা’ এখানে পাওয়া যায়। আমরা সাধারণত ছেলেদের হরেক রকম প্যান্ট বিক্রি করি। দাম ৩০০ থেকে এক হাজার টাকা।’’ ঈদে শার্ট-প্যান্ট কেনা হবে, বেল্টও তো লাগবে। জুবিলি সড়ক থেকে মার্কেটে ঢুকে একটু সামনে গেলেই সারি সারি বেল্টের দোকান। দস্তগীর ফ্যাশনের বিক্রয়কর্মী জানালেন, এখানে বিভিন্ন দামের বেল্ট পাওয়া যায়। ৩০ থেকে ১৫০ টাকার বেল্ট বেশি বিক্রি হয়। এবারে পোশাকের নতুনত্ব কী? এমন প্রশ্নের জবাবে বেস্ট ওয়ানের বিক্রয়কর্মী মো. আলমগীর বললেন ‘ক্রেতাদের রুচি ও পছন্দ মাথায় রেখে বৈচিত্র্যময় নকশার শার্ট, পাঞ্জাবিসহ নানা পোশাকের পসরা সাজাই আমরা।’আগে এখানে নিম্নবিত্ত মানুষের আনাগোনা বেশি ছিল। এখন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ভিড়। তাঁদের পছন্দ সম্পর্কে বলবেন? ‘আগে আমরা ২০০ টাকার বেশি দামের কাপড় বিক্রি করতাম না। এখন বেশি দামের পোশাক রাখার চেষ্টা করি। যেন সব ধরনের ক্রেতারা মানসম্মত কাপড় কিনতে পারেন। বলেন আলমগীর। তাই দিনে দিনে হকার্স মার্কেট সরগরম হয়ে উঠেছে। এবার ঈদে নতুন কী পোশাক এসেছে? ‘হকার্সে সাধারণত ছেলেদের সবকিছুই বিক্রি হয়। এবার পার্টি প্যান্ট বেশ চলছে দাম ৬০০ থেকে এক হাজার ৪০০ টাকার মধ্যে।’ বাজার কেমন জমে উঠেছে? হঠাৎ প্রশ্নের জবাবটা একটু ভেবেচিন্তে দেন ব্যবসায়ী আবদুর রহিম—‘গতবারের চেয়ে এবার ক্রেতা বেশি। তবে রোজা যত কমবে ক্রেতার সংখ্যা ততই বাড়বে এখানে।’ ছেলেকে সঙ্গে নিয়ে বাজার করতে এসেছেন হালিমা আজিজ। তাঁর মন্তব্য হকার্স মার্কেট এখন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের মার্কেটে পরিণত হয়েছে। বিক্রেতারা মানুষকে সহজে নিরাশ করেন না। কমদামে অনেক ভালো জিনিস পাওয়া যায় এখানে। অনেক সময় দেখা যায়, নির্দিষ্ট বাজেটে প্রত্যাশার চেয়েও বেশি পোশাক কেনা সম্ভব হচ্ছে। জহুর হকার্স মার্কেটের স্বাতন্ত্র্য এখানেই। সালমা চৌধুরী বললেন, ‘এখানে কম দামে এমন অনেক জিনিস পাওয়া যায় যা অন্য কোথাও নেই। যাচাই-বাছাই করে মনের মতো পোশাক কিনতে পারি বলে ঈদের বাজারে প্রথম পছন্দ জহুর হকার্স মার্কেট।’