ক্রেতাদের হাতে হাতে মিয়ানমারের পলিথিন
মিয়ানমার থেকে ব্যাপক হারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাচার হয়ে আসছে কক্সবাজারের টেকনাফে। হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে এসব পলিথিন। পণ্য আনা-নেওয়ায় ক্রেতারাও পলিথিন ব্যবহার করছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাফ নদী দিয়ে চোরাকারবারিরা নিষিদ্ধ পলিথিন ব্যাগ নিয়ে এসে উপজেলার বিভিন্ন হাটবাজারে মুদির দোকানে মজুত করেন। পরে এসব পলিথিন জেলা সদর কক্সবাজার ছাড়াও চট্টগ্রামসহ অন্য জেলায় সরবরাহ দেওয়া হয়।
পরিবেশবাদীদের অভিযোগ, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় তদারকি না থাকায় এর ব্যবহার বন্ধ হয়নি। পলিথিনবিরোধী অভিযান বর্তমানে নেই বললেই চলে। এদিকে ক্রেতারা এসব পলিথিন ব্যাগ ব্যবহার শেষে নিক্ষেপ করছেন নালা-নর্দমা ও সড়কের বিভিন্ন স্থানে। এতে পরিবেশ নষ্টের পাশাপাশি নালা-নর্দমা ভরাট হয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, ‘নিষিদ্ধ পলিথিন বাণিজ্য বন্ধে প্রশাসন উদ্যোগ নিলে পুলিশ সহযোগিতা করবে। উপজেলার বিভিন্ন হাটবাজারে পলিথিনসহ কয়েকজন হকারকে আটক করা হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। একশ্রেণির অসাধু ব্যবসায়ী রোহিঙ্গা শিশু-কিশোরদের ব্যবহার করে পলিথিন ব্যাগ বিক্রি করছেন।’
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টেকনাফ পৌরসভা বড়বাজার, বাসস্টেশন, সাবরাং, নয়াপাড়া, শাহপরীর দ্বীপ, শামলাপুর, হ্নীলা, লেদা, মৌলভীবাজার, হোয়াইক্যং, নয়াবাজারসহ অন্তত ১৯টি হাটবাজারে প্রকাশ্যে পলিথিন ব্যাগ বিক্রি হচ্ছে। খুচরা এসব বিক্রি করছে শিশু-কিশোরেরা। মিয়ানমার থেকে আসা এসব পলিথিন ব্যাগ নীল, সবুজ ও হলুদসহ নানা রঙের। ১০০ পিস পলিথিন ব্যাগের পাইকারি মূল্য ১৩০ টাকা। খুচরা বাজারে প্রতিটি পলিথিন ব্যাগ বিক্রি হয় দুই টাকায়।
পলিথিন বিক্রি কাজে নিয়োজিত শিশু-কিশোরেরা জানায়, সারা দিন পলিথিন বিক্রি করে ৮০-১২০ টাকা পায় তারা। এই টাকা না দিয়ে তাদের সংসার চলে।
স্থানীয় কয়েকটি সূত্র জানায়, টেকনাফে কয়েকজন ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন ব্যাগ সংগ্রহ করে উখিয়া, রামু, কক্সবাজার, চকরিয়া, সাতকানিয়া, পটিয়া, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা ও উপজেলা শহরে সরবরাহ করছেন।
টেকনাফ ২ বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ মিয়ানমার থেকে নিষিদ্ধ পলিথিন পাচারের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে পলিথিন পাচারের চেষ্টা করছে একটি চোরাচালান চক্র। কিন্তু বিজিবি চোরাচালান প্রতিরোধে সফল হলেও অনেক সময় ফাঁকি দিয়ে নাফ নদীর বিশাল নদীপথ ব্যবহার করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ টেকনাফে চলে আসছে। মো. আবুজার আল জাহিদ বলেন, গত পাঁচ মাসে উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পাচারকালে নয়টি নৌকাসহ ৭ লাখ ৯৮৭ প্যাকেট (প্রতি প্যাকেটে ১২০টি) পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কক্সবাজার জেলার কোথাও পলিথিন কারখানা নেই। কিন্তু মিয়ানমার থেকে এ নিষিদ্ধ পলিথিন ব্যাগ চোরাইপথে আসছে। শিগগির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব বন্ধে অভিযান চালানো হবে।