
ঈদের বাকি সপ্তাহ খানেক। হাতে সময় একেবারেই কম। এর মধ্যেই খুঁজে নিতে হবে পছন্দের পোশাকটি। ক্রেতারাও অনেকটা আদাজল খেয়ে নেমেছেন। কক্সবাজার জেলার মহেশখালী সদরের বিপণিকেন্দ্র ও পোশাকের দোকানগুলোতে যেন দিন-রাত এক হয়ে গেছে। সারাক্ষণ ক্রেতার ভিড় লেগেই আছে।
ব্যবসায়ীরা বলেন, বৃষ্টির কারণে সাগর উত্তাল থাকায় অনেকেই এবার মহেশখালীতে দ্বীপেই সারছেন কেনাকাটা। তবে রমজানের শুরুতে বৃষ্টি দেখে বিক্রেতারা কিছুটা হতাশ হয়ে পড়েন। এখন সেই হতাশা কেটে গেছে। বৃষ্টি উপেক্ষা করেই বিপণিকেন্দ্রে আসছেন ক্রেতারা।
মহেশখালী দ্বীপের ঈদের প্রধান বাজার গোরকঘাটা ও বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার। এবার নতুন বাজারে নির্মিত হয়েছে ‘সিরাজ চেয়ারম্যান সিটি’ নামের একটি বিপণিকেন্দ্র। এখানে মিলছে ফ্যাশনেবল পোশাক। এ ছাড়া বড় রাখাইনপাড়া, হোয়ানক, কালারমারছড়া, মাতারবাড়ি নতুন বাজার ও পুরান বাজারেও ঈদের কেনাকাটা জমজমাট।
গত শুক্রবার গোরকঘাটা বাজার ও বড় মহেশখালীতে গিয়ে দেখা যায়, সব বয়সী ক্রেতার উপচে পড়া ভিড় পোশাকের দোকানে। ক্রেতাদের অভিযোগ, পোশাকের দাম হাঁকা হচ্ছে কয়েক গুণ বেশি। ফলে অনেকে বাজেটের সঙ্গে মেলাতে পারছেন না।
বড় মহেশখালী নতুন বাজারে কেনাকাটা করতে আসা হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বাসিন্দা সাজেদা আক্তার (২০) বলেন, ‘কাপড়ের দাম গতবারের চেয়ে অনেক বেশি। ভারতীয় একটি থ্রি–পিস কিনেছি সাড়ে ৪ হাজার টাকা দিয়ে। অথচ একই মানের থ্রি–পিস গত বছর ছিল তিন হাজার টাকা।’
একই কথা বললেন হোয়ানক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নুরে আলম। তিনি বলেন, বিক্রেতারা অস্বাভাবিক দাম চান। লোকজন নিরুপায় হয়ে বেশি দামেই পোশাক কিনছেন।
গোরকঘাটা বাজারের চমক স্টোরের স্বত্বাধিকারী বদিউল আলম বলেন, ক্রেতাদের চাহিদামতো সব বয়সীদের বিভিন্ন ডিজাইনের পোশাক আনা হয়েছে। এ কারণে কক্সবাজার ও চট্টগ্রামে না গিয়ে ক্রেতারা এখানে এসে তাঁদের পছন্দের পোশাক পাচ্ছেন।
এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে ক্রেতাদের নিরাপত্তায় নানা ব্যবস্থা নিয়েছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, ঈদকে সামনে রেখে ঘরে ফেরা মানুষ যাতে ছিনতাইকারীর কবলে না পড়ে সে জন্য বিভিন্ন বাজারের বিপণিকেন্দ্রের পাশাপাশি সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।