ক্রেতাশূন্য বার্মিজ মার্কেট, হতাশ বিক্রয়কর্মীরা
কয়েকটি দোকানের সামনে অলস সময় কাটাচ্ছেন তরুণী কর্মচারীরা। কেউ কেউ অন্য সঙ্গীদের সঙ্গে দোকানের ভেতর বসে গল্পগুজব করে সময় পার করছেন। দোকানের আশপাশেও দেখা মিলল না কোনো ক্রেতার। গত রোববার দুপুরে শহরের টেকপাড়ার বার্মিজ মার্কেটের (বিপণিকেন্দ্র) কয়েক শ দোকান ঘুরে দেখা গেল এমন ক্রেতাশূন্য অবস্থা। এ রকম মন্দাভাবের কারণ জানতে চাইলে টেকপাড়া বার্মিজ মার্কেটের এক দোকানের কর্মচারী মা লা চাকমা (২১) বললেন, ‘মার্কেটের ৯০ শতাংশ ক্রেতা বাইরে থেকে আসা পর্যটক। গত মার্চ মাস থেকে শহরে পর্যটকের আগমন নেই বললেই চলে। তাই মার্কেটের দোকানগুলোও ফাঁকা। সারা দিন মিলে হাজার টাকার পণ্যও বিক্রি হয় না।’ কক্সবাজার শহরে ৩০টি বার্মিজ মার্কেটে প্রায় ৪০০ দোকান রয়েছে। এসব দোকানে রাখাইন, চাকমা, মারমাদের তৈরি জামা-কাপড়, শাল, চাদর, থামি-লুঙ্গি, বেডশিট, প্রসাধন সামগ্রী, আচার, জুতা, স্যান্ডেল ইত্যাদি পণ্যের বেচাকেনা হয় বেশি। দোকানগুলোতে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন পাঁচ শতাধিক রাখাইন ও পাহাড়ি উপজাতি তরুণী। বিক্রয়কর্মীরা তরুণী হওয়ায় বার্মিজ মার্কেটগুলো পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। পর্যটন মৌসুমে সব দোকানই ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকে। গত মার্চ মাস থেকে কক্সবাজারে পর্যটকশূন্যতা বিরাজ করলে মার্কেটগুলো ফাঁকা হয়ে পড়ে। তবে সামনে ঈদের মৌসুমে বেচাকেনা বাড়বে বলে বিক্রয়কর্মীরা আশা করছেন। বাজারঘাটার বার্মিজ মার্কেটের একটি দোকানের কর্মচারী উ খিং চ্যা (১৮) বলেন, ‘সামনে রোজার ঈদ। আমরা ঈদের জন্য অপেক্ষা করছি। কারণ ঈদের মৌসুমে বেচাকেনা মোটামুটি ভালো হয়। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিন থেকে কক্সবাজারে পর্যটকের ঢল নামবে। তখন বিক্রিও বাড়বে।’ তবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে উ খিং চ্যার মাঝে। তিনি বলেন, ‘পরিস্থিতি অস্থিতিশীল থাকলে আমাদের খারাপ সময় মোকাবিলা করতে হবে।’ এ বিষয়ে কক্সবাজার বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি অং চিং জানান, বার্মিজ দোকানের ৯০ শতাংশ ক্রেতা পর্যটক। এখন পর্যটক না থাকায় বেচাকেনা মোটেও হচ্ছে না। তাই কর্মচারীদের বেতন পরিশোধে মালিকদের হিমশিম খেতে হচ্ছে।