ক্রেতায় ঠাসা রিয়াজউদ্দিন বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে এখন অত্যাধুনিক বিপণিকেন্দ্র অনেক। শীতল হাওয়ার পরশে আরাম-আয়েশে কেনাকাটা সারার সব রকম ব্যবস্থা আছে। আর রিয়াজউদ্দিন বাজারে প্রচণ্ড গরমে ঠাসাঠাসি করে কেনাকাটা চলে। কিন্তু তার পরও ক্রেতার ভিড়। কেন?—এর উত্তর পাওয়া গেল শহরতলির ফতেয়াবাদ থেকে কেনাকাটা করতে আসা গৃহিণী শারমিন আক্তারের কথায়। বললেন, ‘এখানে ন্যায্য দামে পাওয়া যায় সব জিনিস। পরিবারের সবার জন্য এক জায়গা থেকে সবকিছু কিনতে পারি। এ জন্য শত বিড়ম্বনা সত্ত্বেও আসি।’বাজার ঘুরে দেখা গেছে, ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে দোকানিদের। বেচাবিক্রি চলছে দেদার। শাড়ি, তৈরি পোশাক, জুতা, পাঞ্জাবি, প্রসাধনীসহ প্রায় সব দোকানে ক্রেতায় ঠাসা। প্রতিটি দোকানে গা ঘেঁষাঘেঁষি করে পণ্য দেখতে হচ্ছে। অবশ্য এ নিয়ে কারও কোনো আক্ষেপ নেই। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ আজাদ বলেন, ‘কোনো দোকানে গিয়ে শান্তিমতো কাপড় দেখতে পারছি না। সবখানেই ঠেলাঠেলি। দোকানদাররা এত ব্যস্ত যে ঠিকমতো কথা বলতে পারছেন না। তার পরও কষ্ট করে হলেও এখান থেকে কিনতে হবে। অন্য মার্কেটে তো দাম এত বেশি—কাপড়ে হাত দেওয়া যাচ্ছে না।’তৈরি পোশাক ও শাড়ির দোকান প্রগতি ক্লথ স্টোরের স্বত্বাধিকারী নুরুল আমিন বলেন, ‘১০ রমজানের পর থেকে ক্রেতার প্রচণ্ড চাপ। বিক্রিও হচ্ছে প্রচুর। সকাল থেকে সেহিরর আগ পর্যন্ত দোকান খোলা রাখতে হচ্ছে। দিনে আসে মফস্বলের, রাতে আসে শহরের লোকজন। ফলে আমাদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।’ রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার সবার সব ধরনের চাহিদা মিটিয়ে আসছে। এখানে জাকাতের কাপড় থেকে শুরু করে উচ্চবিত্তের পোশাক—সব পাওয়া যায়। তা-ও স্বল্প মূল্যে। এ জন্য ঈদে কেনাকাটায় সব শ্রেণী-পেশার মানুষের গন্তব্য রিয়াজউদ্দিন বাজার।’ ক্রেতার চাপ সামলাতে গিয়ে কিছুটা বেসামাল হয়ে যাচ্ছেন দোকানিরা। চান্দগাঁও শমশেরপাড়া থেকে আসা তরুণী রাজিয়া সুলতানা অভিযোগ করেন, দামাদামি করতে চাইলে দোকানিরা দুর্ব্যবহার করছেন। তিনি বলেন, ‘কাজ করা সুতির পাকিস্তানি একটি সালোয়ার-কামিজের দাম হাঁকছে তিন হাজার টাকা। দেড় হাজার টাকায় দিবেন কি না, জিজ্ঞেস করতেই কিছু কটু কথা শুনিয়ে দিলেন।’ অবশ্য দোকানিরা জানালেন, এ ধরনের বিক্রেতার সংখ্যা নগণ্য। তার পরও সমিতিতে কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে তামাকুমন্ডি লেনে যেন তরুণদের মেলা বসেছে। এখানে প্রায় প্রতিটি দোকানে তরুণদের পোশাকসহ ব্যবহার্য নানা সামগ্রীর সম্ভার। জিনস, বেল্ট, টি-শার্ট, ফরমাল শার্ট, পাঞ্জাবি, জুতা, ব্রেসলেটসহ প্রসাধনীর সব জিনিসই রয়েছে। এ ছাড়া আগের সেই ‘চিপা গলি’ এখন আর নেই। দোকানের সাজসজ্জায়ও আধুনিকতার ছাপ। ঈদে তরুণেরা একবার হলেও ঢুঁ মারেন তামাকুমন্ডি লেনে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রামিম বলেন, ‘পোশাক-আশাক অন্য মার্কেটে দেখি। কিন্তু কিনি এখান থেকে। কারণ একটাই—দামে সস্তা। সবচেয়ে বড় কথা, প্যান্ট-শার্ট থেকে শুরু করে মানিব্যাগ, চুলের জেল সব পাওয়া যায়।’ তামাকুমন্ডি লেনের দোকানিরা জানান, তরুণদের চাহিদা অনুযায়ী ফ্যাশনেবল সব পণ্য আনা হয়। বেশির ভাগ আমদানি করা বিদেশি পণ্য। তরুণদের আগ্রহও এসব পণ্যের প্রতি।