এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।অন্নপূর্ণা-৪ পর্বতাভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল ১৩ জুন। ঘুম থেকে ঝরঝরে হয়ে উঠলেও সকাল থেকেই আমরা সবাই সিদ্ধান্তহীনতার দোলাচালে। চূড়া বিজয়ের চেষ্টাকে নিরুপদ্রব করতে ২১ হাজার ৮১৭ ফুট উচ্চতার ক্যাম্প টু থেকে ক্যাম্প ওয়ানে নেমে যাব, নাকি সব প্রতিকূলতা মেনে নিয়ে ক্যাম্প টু থেকেই রাতের বেলা সামিট পুশ শুরু করব? এ যাত্রায় সকালের নাশতা পানি, চা আর নুডল্স দিয়ে সেরে সোম বাহাদুরের নেতৃত্বে গণেশ, কৈলাস, সারিন, তাওহীদ আর আমি আলোচনায় বসলাম যে কী করা উচিত, তা নির্ধারণ করতে।প্রথমে কৈলাস বলল, যেহেতু পুরো অন্নপূর্ণা পর্বত এলাকা বেশ অ্যাভেলাঞ্চপ্রবণ, কাজেই এ ধরনের পর্বতের গায়ে বেশি সময় অবস্থান করা ঠিক নয়। সোম বাহাদুরও তার কথায় সায় দিয়ে বললেন, ক্যাম্প টুতে থাকার জন্য পর্যাপ্ত রসদ সঙ্গে থাকলেও এ সময় এখানে থাকা ঝুঁকিপূর্ণ। আর যেহেতু সবাই এখন পর্যন্ত সুস্থই আছি, সুতরাং আজ রাতেই সামিট পুশ করা ভালো। হয় আমরা এই বাজিতে জিতব, না হলে হারতে হবে। আর যদি ক্যাম্প ওয়ানে নেমেই যাই, তাহলে ফের আরোহণের সময়ও আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে, কিংবা অন্য যেকোনো কারণে অভিযান ভণ্ডুল হতে পারে। কাজেই একটু ঝুঁকি নিয়ে ক্যাম্প টুতে বিশ্রাম করে আজ রাতেই সামিট পুশ শুরু করব সবাই।এবার দলনেতা হিসেবে আমার সিদ্ধান্ত দেওয়ার পালা। সোম বাহাদুরকে জিজ্ঞেস করলাম, আজ রাতে যদি সামিট পুশ শুরু করতেই হয়, তাহলে তাঁর দল সেই সাপোর্ট দিতে পারবে কি না? তাঁরা পুরো প্রস্তুত কি না এবং আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, তাদের জন্য এটা খুব বেশি ঝুঁকি হয়ে যায় কি না। কারণ, আমরা কেউই জাত পর্বতারোহী নই। শখের বশেই শুধু পর্বতারোহণ করি। যদিও ২০১০ সালের মধ্যে এভারেস্ট অভিযানে নামার পরিকল্পনা রয়েছে। সোম বাহাদুরের কাছে আশ্বাস পেতেই মত দিলাম, আজ রাতেই সামিট পুশ করব সবাই।এবার সবার মনোবল চাঙা করার পালা। সবাইকে আমার হাতের ওপর হাত রাখতে বলে সবাইকে প্রতিজ্ঞা করালাম, আমরা এসেছি অন্নপূর্ণা-৪ পর্বতচূড়া জয় করতে। কিন্তু কোনো কারণে কেউই আমরা এখানেই শেষ হয়ে যেতে চাই না। আমাদের সবার দায়িত্ব একজন আরেকজনকে রক্ষা করার। আর ‘সেফটি ফার্স্ট’ নীতি মেনে আমরা সবাই সামিটের দিকে এগোব। সেই সঙ্গে আমাদের লক্ষ্য যে এভারেস্ট, এটার জন্য এতে সবাইকে সফল হতে হবে। এসব কথা বলছি আর নিজের ভেতর রক্ত যেন বিদ্যুৎগতিতে চলা শুরু করেছে। বুক ঢিপ ঢিপ করছে। আমার কথায় সবাই উত্তেজিত। সবাই যেন সব ধরনের বাধা পেরিয়ে যাওয়ার এক অদম্য স্পৃহা অর্জন করলাম।সিদ্ধান্ত হলো, আজকের পুরো দিন বিশ্রাম নেব। সন্ধ্যায় ঘুমের আয়োজন করে রাত একটার দিকে ঘুম থেকে উঠব সামিট পুশের জন্য। রাত আড়াইটায় শুরু হবে সামিট পুশ।এরপর সারা দিন কাটল এক অজানা উত্তেজনায়। কয়েক ঘণ্টা পরই যে রোমহর্ষক অভিযান শুরু হবে, সে সম্পর্কে নিজেদের চিন্তামুক্ত রাখতে সবাই গল্পগুজব করে সময় পার করেছি। দিন গড়িয়ে সন্ধ্যা নামল। উত্তেজনায় পেটের ভেতর ঢাক গুড় গুড় করছে। কোনোমতে বরফ গলিয়ে পানি তৈরি করা হলো। এরপর বিস্কুট, চকলেট আর নুডল্স দিয়ে রাতের খাবার সেরে স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে পড়লাম সবাই। কিন্তু টেনশনে ঘুম আর আসে না। তবে কখন যে ঘুমিয়ে পড়েছি, তা আর খেয়াল নেই।রাত ঠিক একটায় ঘুম ভাঙল গণেশ মাগারের ডাকে। ঘুম থেকে উঠে সবাই ধীরে ধীরে প্রস্তুত হওয়া শুরু করলাম। হাতে একজোড়া ‘ইনার গ্লাভস’ আর পায়ে একজোড়া বেশি মোজা পরে হারনেস, জুমার, ক্যারাবিনা, আইস বুট-ক্র্যাম্পন, হেডল্যাম্প ইত্যাদি লাগিয়ে তৈরি হয়ে নিলাম। বোতলে পানি ভরা ছিল আগের রাতেই। সেখান থেকে কিছুটা পানি খেয়ে বোতলে মাত্রই বরফ থেকে তৈরি পানি ভরে নিলাম। সেটা আর কিছু চকলেট ও ওয়াই-ওয়াই ব্যাগে নিয়ে রাত আড়াইটার কিছু আগে শুরু হলো সামিট পুশ। লক্ষ্য, ২৪ হাজার ৬৮২ ফুট উচ্চতার অন্নপূর্ণা-৪ চূড়া জয়। তিন শেরপা আর তিন অভিযাত্রী রোপ-আপ করে হেডল্যাম্পের আলোয় এগিয়ে চলছি একটা পথ ধরে। মাঝেমধ্যেই দেখছিলাম, কত ঝামেলা করে কৈলাস আর গণেশ কিছু কিছু জায়গায় রোপ ফিক্স করেছে। হেডল্যাম্পের আলোয় যেহেতু ঠিক সামনের বরফটুকুই দেখা যাচ্ছে, কাজেই আরোহণটা বেশ সহজ ঠেকছে এ পর্যায়ে।এভাবে চলল প্রায় ঘণ্টা দেড়েক আরোহণ। ক্লান্ত-শ্রান্ত সবাই পানি পানের বিরতি নিলাম। মাথা হঠাৎ করেই ঢিবঢিব করছে। অর্থাৎ মাউন্টেন সিকনেসের লক্ষণ জানান দিচ্ছে। মনের দিক থেকেই যাতে হেরে না যাই, সে জন্য এসব সমস্যা ভুলে থাকতে আং দাওয়া শেরপার কথা মনে করছি বারবারই। তিনি বলেছিলেন, পর্বতারোহণে এ ধরনের ছোটখাটো সমস্যা হবেই। সুতরাং এসব সমস্যা ভুলে থাকাই ভালো। এসব নিয়ে বেশি চিন্তা করা মানে সমস্যাকে অবচেতনমনে ডেকে আনা।মিনিট পনেরো পরই শুরু হলো ফের আরোহণ। কিছু কিছু জায়গায় ঢাল প্রায় ৫০ ডিগ্রি খাড়া। আবার কয়েক জায়গায় রিজ প্রায় ছুরির ফলার মতো তীক্ষ। কিন্তু হেডল্যাম্পের আলোয় অনেকটা নিশ্চিন্তে পার হয়ে যাচ্ছি এসব বাধা। সোয়া পাঁচটার দিকে ভোরের আলো ফোটা শুরু হলো এবং পৌনে ছয়টার দিকে পুরো এলাকা আলোকিত হয়ে উঠল। তখন দেখছিলাম, কী বিপজ্জনক ঢাল বেয়ে আমাদের আরোহণ চলছে। কোনোভাবে যদি একবার পা ফসকে যায়, তাহলেই কেল্লা ফতে। এই চিন্তা দ্রুত মাথা থেকে বিদায় করে দিলাম।কিন্তু সকাল ছয়টায় থামতে হলো প্রায় সাড়ে ২২ হাজার ফুট উচ্চতায় ছয় ফুটি চওড়া এক ক্রেভাসের (বরফের ফাটল) সামনে। কৈলাস আর গণেশ এত দূর আসেনি। কাজেই এই ক্রেভাস পার হওয়ার তেমন কোনো ব্যবস্থাও করা হয়নি বা সঙ্গে আনা হয়নি। আর এ উচ্চতায় অক্সিজেনস্বল্পতাও বেশ টের পাচ্ছি। সব মিলিয়ে শ্রান্তিতে চিন্তাশক্তিও যেন লোপ পেয়েছে। কী করা উচিত? সেই ছয় ফুটি ক্রেভাস যেন হাঁ করে গিলে ফেলতে চাইছে।[email protected]বাকি অংশ আগামী পর্বে