ক্লান্তি কাটাবেন কী করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণে মানুষের শরীরে ক্লান্তি আসতে পারে। ঘুমের স্বল্পতা, রক্তশূন্যতা, বিষণ্নতা—এমন আরও কিছু কারণ রয়েছে। রোজ সাত-আট ঘণ্টা ঘুম না হলে তা শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আসে ক্লান্তি। এই ক্লান্তি কাজের যেমন ব্যাঘাত ঘটায়, তেমনি স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত করে। কীভাবে এই ক্লান্তি কাটানো যায়, তা এখানে তুলে ধরা হলো:

কম খাবার খাওয়া
ডায়েট করতে গিয়ে হয়তো খুব কম খাচ্ছেন। তা বেশ। কিন্তু বেশি কম খেলে তা ক্লান্তি তৈরি করতে পারে। সুষম খাবার না খেয়ে উল্টোপাল্টা খেলেও এই সমস্যা দেখা দিতে পারে। ঠিকমতো খাবার খেলে শরীরের রক্তে থাকা শর্করার পরিমাণ স্বাভাবিক থাকে। এতে দৈনন্দিন কাজের শারীরিক জড়তা দেখা দেয় না।
কখনোই সকালের খাবার বাদ দেওয়া যাবে না। আমিষ ও শর্করাসমৃদ্ধ খাবার খেতে হবে। দিনভর কিছু না কিছু খেয়ে শরীরে শক্তির জোগান ধরে রাখতে হবে।

রক্তস্বল্পতা
মেয়েদের ক্লান্তিবোধ করার অন্যতম কারণ রক্তস্বল্পতা। এতে দেহে লৌহের অভাব দেখা দেয়। লোহিত রক্তকণিকা দেহের কোষ ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ করে। এর অভাব হলে ক্লান্তিবোধ করাই স্বাভাবিক।
রক্তস্বল্পতাজনিত লৌহের অভাব দেখা দিলে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়া যেতে পারে। দৈনন্দিন খাবারের তালিকায় লৌহসমৃদ্ধ খাবার রাখতে হবে। বিশেষ করে চর্বি ছাড়া মাংস, মটরশুঁটি ইত্যাদি খাওয়া যেতে পারে।

বিষণ্নতা
অনেকেই মনে করেন, বিষণ্নতা স্রেফ মানসিক ব্যাপার। তবে এর কিন্তু অনেক শারীরিক প্রভাবও আছে। বিষণ্নতার কারণে প্রায়ই ক্লান্তি, মাথাব্যথা ও খাওয়ায় অরুচি দেখা দেয়। তাই কয়েক সপ্তাহ ধরে যদি ক্লান্তি বোধ হয় এবং মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। মনোরোগ বিশেষজ্ঞের কাছে কাউন্সেলিংও বিষণ্নতা দূর করতে ভালো কাজে দেয়।

বেশি ক্যাফেইন নয়
পরিমাণমতো ক্যাফেইন একজন মানুষের মনোযোগ ও সতর্কতা বাড়াতে কাজ করে। বেশি পরিমাণে ক্যাফেইন খেলে তা রক্তচাপ ও হৃৎস্পন্দনের হার বাড়িয়ে দেয়। এ ছাড়া স্নায়বিক দুর্বলতাও দেখা দিতে পারে। বিভিন্ন গবেষণায়ও এর প্রমাণ মিলেছে।
চা, কফি, চকলেট, সফট ড্রিংকস ও ক্যাফেইনসমৃদ্ধ বিভিন্ন ওষুধ খাওয়া ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। হুট করে ক্যাফেইন গ্রহণের হার কমিয়ে আনা ঠিক নয়। এতে শারীরিক ক্লান্তি বহুগুণে বেড়ে যেতে পারে।

পানির অভাব ও ডায়াবেটিস
আপনার কাজের ক্ষেত্র যদি হয় শুধুই চার দেয়ালের অফিস, তবে অবশ্যই পানি পানের ব্যাপারে লক্ষ রাখতে হবে। দেহে পানির অভাব হলে ক্লান্তিবোধ হবেই। তাই ঘণ্টায় অন্তত দুই কাপ পানি পান করা প্রয়োজন। এ ছাড়া নির্দিষ্ট বয়সের পর ডায়বেটিস আছে কি না, তাও পরীক্ষা করে দেখা দরকার। কারণ, ডায়াবেটিস থাকলে রক্তে শর্করার পরিমাণ ওঠানামা করে। এতে ক্লান্তি বোধ হয়। তাই এ ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন।
সূত্র : ওয়েবএমডি