ক্লান্তিতে পতেঙ্গায় প্রশান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরজীবনের ক্লান্তি দূর করতে বন্ধুরা মিলে ঠিক করেছি, শহরের ভেতরেই কোথাও ঘুরে আসা যাক। এর জন্য পতেঙ্গা সমুদ্রসৈকতই হচ্ছে অবিকল্প জায়গা। আমরা যখন রওনা হলাম, পশ্চিমের আকাশে সূর্য তখন হেলে পড়েছে। শহরের ব্যস্ততা ছাড়িয়ে সমুদ্রসৈকতের সীমানায় আসতেই রাস্তার দুই পাশের সারি সারি বাবলাগাছ ডালপালা নাড়িয়ে অভ্যর্থনা জানাল। আলো-ছায়ার লুকোচুরি খেলা দেখতে দেখতে আমরা এসে দাঁড়ালাম অবারিত জলরাশির কাছে।সমুদ্র তখন মোটামুটি শান্ত হলেও ছোট ছোট ঢেউয়ের মাথায় সোনালি রোদ খেলা করছিল মনের আনন্দে। সৈকত তখনো মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠেনি। বালুর ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে সিমেন্টের ব্লকগুলো। প্রত্যেকেই আমরা একেকটি ব্লক দখল করলাম। সজোরে বাতাস বইছিল, সমুদ্রের গর্জন ও বিশালতায় আমরা সবাই নির্বাক হয়ে রইলাম কিছুক্ষণের জন্য। বিকেল হতে না হতেই লোকে লোকারণ্য। দোকানগুলোয় বেচাকেনার ধুম। আচার, শামুক ঝিনুকের গয়না, বার্মিজ স্যান্ডেলসহ কত রকমারি পণ্য সেখানে। দামটা একটু বেশি মনে হলেও শখ করেই কিনছে সবাই। শখের দাম লাখ টাকা বলে কথা। অনেকেই জিনিস হাতে নিয়ে দাম করে আবার রেখে দিয়েই আনন্দ পাচ্ছে। একদিকে সাগরের গর্জন, অন্যদিকে মানুষের কোলাহল। সব মিলিয়ে পুরো এলাকায় এক উৎসবের মেজাজ।একটু পরই দেখলাম, রাঙা পশ্চিমাকাশ আর সমুদ্রের জল মাখামাখি হয়ে আছে। বালু কেটে কেটে আমরা সবাই আরও নিচে নামলাম। সূর্যটা তখন ধীরে ধীরে সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে, আর চারদিকে ছড়িয়ে পড়া সোনালি আভা যেন তারই বিদায়বেদনার করুণ রং। এরই মধ্যে একজন ঘোড়ায় সওয়ার হয়ে নিজেকে রাজপুত্র ভাবতে শুরু করল। এত বড় সমুদ্রের সামনে এসে নিজেকেও বড় মহান মনে হয়। আর কেউ যদি সামান্য ক্ষণের জন্য ঘোড়ায় চড়ে নিজেকে রাজপুত্র ভাবেন, তাতে ক্ষতি কী?ঢেউগুলো ক্রমেই বড় হচ্ছে আর ছলাৎ ছলাৎ করে আছড়ে পড়ছে তীরে। দূরের দেশ থেকে আসা বহির্নোঙরে অপেক্ষমাণ বড় বড় জাহাজ পর্যন্ত ঘুরে আসছে কেউ কেউ স্পিডবোটে চড়ে। ফিরে এসে আবার কেউ-বা উল্লাসে নাচছেন। কারও কারও ভেতরে ভয়ও ছিল। সব মিলিয়ে এক অদ্ভুত রোমাঞ্চ। কারও কারও ভাব এমন যেন তাঁরা সত্যি সত্যি এক সমুদ্র মন্থন করে এসেছেন। ক্রমেই পশ্চিম আকাশের সূর্যটা একটা লাল টকটকে থালার মতো হয়ে উঠল। চোখের পলকেই ডুব দিল ধূসর মেঘের কোলে, সন্ধেটা একরকম চুরি করেই ঝুপ করে নামল। চোখের নিমেষেই সমুদ্রের বুকে যেন হাজার তারার মেলা বসে গেল। এ তারা আকাশ থেকে ছুটে পড়েনি। বহির্নোঙরে থাকা জাহাজগুলোর সব বাতিই তারার মতো জ্বলে বিভ্রম তৈরি করেছে। জাহাজগুলো এতক্ষণ সে রকম চোখেই পড়েনি। আমাদের সময়ও প্রায় শেষ হয়ে আসছিল। কিন্তু ১৫ নম্বর নেভাল বিচে না গেলে কি এই ভ্রমণ পূর্ণতা পায়?আমরা সবাই গান ধরলাম ‘ছোড ছোড ঢেউ তুলি...’। গান গাইতে গাইতে পৌঁছে গেলাম ক্রমেই আনন্দনগর হয়ে ওঠা কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটসংলগ্ন নেভাল বিচে। প্রতিদিন গভীর রাত পর্যন্ত শত শত মানুষের আগমনী গানে মুখর থাকে এলাকাটি। বিমানবন্দর সড়ক পেরোতেই কানে এল ‘কাঁকড়া ভাজা, কাঁকড়া ভাজা...’। নদীর সীমানা ঘেঁষে তৈরি দেয়ালে বসে পেঁয়াজু, কাঁকড়া আর ফুচকায় জমে ওঠে আমাদের আড্ডা। কর্ণফুলীর কলরোল আর কাছের সাগরের সুরের আনন্দ ধারায় ভেসে যাই আমরা। মোহনার সৌন্দর্য সত্যিই উপভোগ করার মতো। সময় শেষ, ফিরতে তো হবেই। মুক্ত বাতাসে এক বুক নিঃশ্বাস নিয়ে ফিরলাম জীবনের কর্মব্যস্ততায়। এই ভেবে গর্বিত হলাম, এমন সুন্দর একটা শহরে বাস করি! নদী আর সাগরের মিলনের এমন দুর্লভ জায়গা বাংলাদেশে আর কোথায় বা আছে?