ক্লান্তিহীন প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী প্রচারণা শেষমুহূর্তে জমে উঠেছে। আজ রোববার রাত ১২টার পর সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। গত কয়েকদিন ধরে বিরামহীন প্রচারণা চলেছে উপজেলার প্রতিটি ইউনিয়নে। পুরো উপজেলায় শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। হাটবাজার, সড়ক এমনকি বাড়ির আঙিনাও বাদ যায়নি। এই কয়েকদিনের ক্লান্তিহীন প্রচারণায় প্রার্থীরা সবাই যে যার মতো করে এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থীদের জয়-পরাজয় নিয়ে হিসাব-নিকাশ চলছে ভোটারদের মধ্যেও। এদিকে, বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা এবার দল ও আঞ্চলিকতা বিবেচনায় না নিয়ে সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার কথা ভাবছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলার ছয় ইউনিয়নে ভোটারসংখ্যা ৬৯ হাজার ৪২০ জন। ভোটকেন্দ্র ৫৪টি। এর মধ্যে পুলিশ প্রশাসন ৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এসব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।আওয়ামী লীগ ও বিএনপি প্রতিটি ইউনিয়নে তৃণমূল নেতা-কর্মীদের ভোটে একজন প্রার্থীকে সমর্থন দিলেও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে একাধিক স্থানীয় নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।ফুলগাজী সদর ইউনিয়নে যুবলীগ নেতা নুরুল ইসলামকে আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে সমর্থন করলেও সেখানে কবির আহম্মদ প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে সিরাজুল ইসলাম বিএনপির সমর্থন নিয়ে প্রার্থী হলেও সেখানে বিএনপির সমর্থক আরও দুই প্রার্থী রয়েছেন।মুন্সিরহাট, দরবারপুর, আনন্দপুর, জিএমহাট ও আমজাদহাট ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক একাধিক প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণার পরও মাঠে বিদ্রোহী প্রার্থী থাকায় দলের নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি রয়েছে।