টানা এক মাস পর দেখা। বন্ধুকে কাছে পেয়ে সে কী আনন্দ! মুঠোফোনে হাজারও কথা হলেও সামনাসামনি না দেখলে মন ভরে না। তাই বন্ধুকে কাছে পেয়ে কথা যেন ফুরাতেই চাইছে না। এর ফাঁকে অবশ্য ঈদের শুভেচ্ছাবিনিময়ও চলছে। খোলার প্রথম দিন পুরো ক্যাম্পাসের চিত্র ছিল এ রকম। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস-আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস।রমজান, ঈদুল ফিতর ও জন্মাষ্টমী উপলক্ষে এক মাসের ছুটি শুরু হয় গত ১৭ আগস্ট। এক মাস পর ১৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে পুরোদমে শুরু হয়েছে ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম। খোলার দিন শনিবার সকাল থেকে ঝুম বৃষ্টি। কিন্তু কে মানে বৃষ্টির বাধা। শিক্ষার্থীরা ঠিকই হাজির হয়েছিলেন ক্যাম্পাসে। এমনকি বাদ যায়নি কলা অনুষদের ঝুপড়ির আড্ডাও। দুপুরে তুমুল আড্ডায় ব্যস্ত বাংলা বিভাগের শিক্ষার্থী সনি, ইফতেখার ফয়সাল ও হিসাববিজ্ঞান বিভাগের আরিফ। সবার এক কথা—‘এক মাস পর প্রিয় ক্যাম্পাসে। প্রিয় বন্ধুদের সঙ্গে আড্ডা। এ অনুভূতি ঠিক বোঝাতে পারব না।’শুধু কলা অনুষদ নয়, আড্ডা জমেছিল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়ি, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ক্যাফেটেরিয়া, জারুলতলা, সুনামি গার্ডেন, গোলচত্বর ও বুদ্ধিজীবী চত্বরে। সাধারণ শিক্ষার্থীরা যখন এসব স্থানে আড্ডায় ব্যস্ত, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনের নেতাদের আড্ডায় মেতেছিল রেলস্টেশন চত্বর ও মউয়ের দোকানে। প্রায় সব আড্ডার প্রধান আলোচ্য বিষয় ‘ঈদ’। গ্রামের বাড়িতে ঈদ উদ্যাপনের অনুভূতি প্রসঙ্গে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র আশরাফ আলম ও বারেক কায়সার বলেন, ‘বাড়ি ফিরতে নানা ঝক্কি-ঝামেলা। টিকিটের অপ্রতুলতা, যানজট, রাস্তায় ভোগান্তি। তবে এসব নয়, মনে থাকবে বাড়িতে আপনজনদের সঙ্গে ঈদ উদ্যাপনের স্মৃতিটুকুই। উৎসবের এ আনন্দ কখনো ভোলার নয়।’বিবিএ অনুষদ ভবনের ক্যাফেটেরিয়ায় আড্ডা দিতে দিতে হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এটাই আমার প্রথম ঈদ। ঈদের আনন্দে অনেক দিন পর বাড়ি ফেরা, এবারের ঈদ উৎসব অমলিন থাকবে সারা জীবন।’ ছাত্রাবাসগুলোও ছিল আড্ডায় জমজমাট। ‘হলে বড় ভাই এবং বন্ধুদের সঙ্গে আবার পড়াশোনাসহ নানা অভিজ্ঞতা শেয়ার করা সেই আগের মতোই চলবে আজ থেকে।’ শনিবার রাতে প্রথম আলোকে এমনটাই বললেন সোহরাওয়ার্দী হলের সোহেল রানা।এদিকে শিক্ষার্থীদের পদচারণে যেমন মুখর, তেমনি আবার শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে সরগরম ছিল বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন। ‘প্রকৌশল’ ডিগ্রি প্রদানের দাবিতে প্রথম দিন ক্লাস-পরীক্ষা বর্জন করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। আশিকুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘একই সিলেবাসে পড়াশোনা করে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হয় প্রকৌশল ডিগ্রি। আর আমাদের দেওয়া হয় বিএসসি (সম্মান) ডিগ্রি, যা নিয়ে আমরা পরবর্তী জীবনে বৈষম্যের শিকার হচ্ছি। এ বৈষম্য নিরসনের দাবিতে আমাদের এ প্রতিবাদ।’