ক্লাস বর্জনের প্রবণতা বাড়ছে চুয়েটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাস বর্জনের প্রবণতা বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। চুয়েটের শিক্ষার্থীরা গত তিন সপ্তাহে চার বার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা জানান, স্বাভাবিক উপায়ে আবেদন-নিবেদনের মাধ্যমে ক্যাম্পাসের সমস্যাগুলোর সমাধান পাওয়া যাচ্ছে না। তাই ক্লাস বর্জনই সমস্যা সমাধানের একমাত্র পথ বলে তাঁরা মনে করছেন। জানা গেছে, আগে যেখানে বিভিন্ন কারণে বছরে তিন বারের বেশি ক্লাস বর্জন করা হতো না, সেখানে গত তিন সপ্তাহে চার বার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। জানা যায়, আবাসিক হল ও শ্রেণীকক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদান, পানিসংকট নিরসন, যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা ও আবাসিক হলগুলোতে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধার দাবিতে শিক্ষার্থীরা গত ২৯ সেপ্টেম্বর প্রথম ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। এরপর ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক ওবায়দুল হকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা অনুদান প্রদান, বাসচালক ও অযোগ্য চিকিৎসকদের উপযুক্ত শাস্তি দেওয়া, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণ এবং ছাত্রদের নিরাপদ পরিবহন-ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বাসের সংখ্যা বাড়ানোর দাবিতে ১৩ অক্টোবর ক্লাস বর্জন করা হয়। এরপর ২০ অক্টোবর পরীক্ষা পেছানোর দাবিতে এবং সর্বশেষ ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে ২৩ অক্টোবর ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা।এভাবে ক্লাস বর্জন কর্মসূচি শুরু হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন। এ বিষয়ে আলোচনার জন্য ২৩ অক্টোবর চুয়েট ক্যাম্পাসে প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে এতে তড়িৎ প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুরজিৎ বিশ্বাস, পুরকৌশল বিভাগের অভিষেক বড়ুয়া, সায়হাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যানবাহনের গতিরোধক স্থাপনের (স্পিডব্রেকার) যৌক্তিক দাবি নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে বহুবার আবেদন করা হয়েছিল। কিন্তু গতিরোধক নির্মিত হয়নি। অথচ ছাত্রদের ক্লাস বর্জনের পর দুই ঘণ্টায় গতিরোধক নির্মিত হয়। এ অবস্থায় ক্লাস বর্জনের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব বলে মনে করছেন শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য শ্যমল কান্তি বিশ্বাস বলেন, ‘স্বাভাবিক উপায়ে সমস্যা সমাধানে শিক্ষার্থীদের আবেদনকে আমি সব সময়ই সাধুবাদ জানাই। কিন্তু দাবি আদায়ের জন্য ক্লাস বর্জন সঠিক কোনো পথ হতে পারে না। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের জন্য আদৌ কোনো সুফল বয়ে আনবে না।’ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্লাস বর্জনের ঘটনায় কিছু সমস্যার পূর্ণ ও কিছু সমস্যার সাময়িক সমাধান হলেও ব্যাহত হচ্ছে সার্বিক শিক্ষা কার্যক্রম। এ ছাড়া, এ রকম ক্লাস বর্জনের ঘটনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আতাউর রাব্বি বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত ক্লাস বর্জনের ঘটনায় আমাদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।’ এতে সেশনজটের আশঙ্কা করেন তিনি।