ক্লাস রুটিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আরিফুল হক
মো. আরিফুল হক

বিশ্ববিদ্যালয় জীবনের একেবারে শুরুর দিকের ঘটনা। ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের ছাত্র ছিলাম তখন। বুয়েটের ভাষায় যাকে বলে ‘১-১ এর ছেলেপেলে’। এক সপ্তাহও হয়নি ক্লাস শুরু হয়েছে। আর তাই প্রতি ক্লাসের আগে রুটিনে দেখতে হতো কোন ক্লাস আর কোথায় ক্লাস। তো সেদিনও সকালে ক্যাম্পাসে এসে নাশতা সেরে যথারীতি রুটিন দেখার জন্য ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডের দিকে যাচ্ছি। নোটিশ বোর্ডের সামনে এসে দেখি বেশ কজন ছাত্র দাঁড়িয়ে। হওয়ারই কথা, কারণ সবারই নতুন সেমিস্টার। আর বোর্ডে দুটো করে ব্যাচের রুটিন কলাম আকারে পাশাপাশি তিনটি সারিতে লাগানো।
১-১ এর ছাত্র মানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জুনিয়র, মাত্র ভার্সিটিতে এসেছি। সিনিয়র ভাইয়াদের দেখলেই তখন একটু ভয় ভয় লাগত। আমাদের রুটিন একদম বাঁ পাশে লাগানো ছিল। ভাইয়াদের কারণে আমি দেখতে পারছিলাম না। ভাইয়াদের যে সরতে বলব, এই সাহসও পাচ্ছিলাম না। ওদিকে ক্লাসও শুরু হয়ে গেল বলে। স্যার যদি দেরি হলে ঢুকতে না দেন! কী করি কী করি...ভাবতে ভাবতে একটা দুষ্টুবুদ্ধি মাথায় এল। বড় করে একটা দম নিয়ে, বেশ হোমরাচোমরা ভাব নিয়ে নোটিশ বোর্ডের দিকে এগোলাম। গিয়ে আস্তে করে একেবারে ফোর্থ ইয়ারের রুটিনে আঙুল রাখলাম! আশপাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করল! সিনিয়রদের কথাবার্তার আওয়াজও কমে গেল মনে হলো! চোখের কোণ দিয়ে নিজের রুটিনটা দেখে নিলাম। তারপর মুচকি হেসে হাঁটা ধরলাম। শুনলাম পেছন থেকে কে যেন বলল, ‘এই ভাইকে তো আগে দেখি নাই!’ পাশের থেকে আরেকজনের মন্তব্য, ‘ল্যাগ খাওয়া পাবলিক মনে হয়!’ আমি কোনোমতে হাসি চাপলাম।
লেখক: তৃতীয় বর্ষ, যন্ত্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়