ক্লিক ক্লিক ছবি ঠিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি সম্পাদনার জন্য আছে অনেক অ্যাপ। মডেল ফারিয়া শাহরিন ও আইরিন আফরোজের ফেসবুক থেকে নেওয়া ছবি
ছবি সম্পাদনার জন্য আছে অনেক অ্যাপ। মডেল ফারিয়া শাহরিন ও আইরিন আফরোজের ফেসবুক থেকে নেওয়া ছবি

ছবি তুলতে ক্যামেরার ক্লিক তো লাগবেই। তবে কয়েক ক্লিকে সম্পাদনার কাজটিও সেরে ফেলা যায়। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে ফোনেই সেরে নিতে পারেন সম্পাদনার কাজটি।
এ জন্য রয়েছে দারুণ সব অ্যাপ। এটি নিয়মিতই করেন ব্যাংকার নুসরাত জাহান। নিয়মিত পিকস আর্ট স্টুডিও নামের অ্যাপের সাহায্যে স্মার্টফোনে ছবি তুলে মনের মতো করে সম্পাদনা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। জানালেন, এখন আসলে স্মার্টফোনে ছবি তুলেই শেয়ার করার চেয়ে একটু ছোটখাটো সম্পাদনা করে শেয়ার করলে ছবি দেখতে সুন্দর লাগে।
বিনা মূল্যে স্মার্টফোন কিংবা ট্যাবলেটে ছবি সম্পাদনার এমন নানা অ্যাপ পাওয়া যায়।

.
.

পিকস আর্ট স্টুডিও
স্মার্টফোন কিংবা ট্যাবলেটে ছবি সম্পাদনার জনপ্রিয় অ্যাপের তালিকায় বেশ জনপ্রিয় পিকস আর্ট স্টুডিও। ২৫ কোটিরও বেশি ডাউনলোড হওয়া অ্যাপটিতে আছে শতাধিক ছবি সম্পাদনার টুলস, কাস্টোমাইজ করার ফিল্টার এবং বিশেষ ইফেক্ট সুবিধা, লেখা, স্টিকার, ছবি যুক্ত করা, উন্নত আর্ট করার ব্রাশ ব্যবহার সুবিধা ইত্যাদি। আছে আলাদা ফটো ক্যামেরা, যার সাহায্যে মনের মতো ছবি তোলা ও সম্পাদনার কাজটি করা সম্ভব। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই অপারেটিং সিস্টেমেই জনপ্রিয়।
নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড http://bit.ly/1waVkpM এবং আইওএস http://apple.co/1ss8jSy।
ফটো গ্রিড
অনেকগুলো ছবি তুলে একসঙ্গে শেয়ার করার সুবিধাযুক্ত জনপ্রিয় একটি অ্যাপ ফটো গ্রিড। যদিও এ অ্যাপটি দিয়ে মূলত ছবি শেয়ার করা যায় তবে স্মার্টফোনে ছবি সম্পাদনার জন্য বেশ জনপ্রিয় এ অ্যাপটিও। এ অ্যাপটি নিয়মিত ব্যবহার করেন মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ। তিনি বললেন, ‘ছবি তুলে ছোটখাটো সম্পাদনা করে একসঙ্গে অনেকগুলো ছবি শেয়ার করার জন্য ফটো গ্রিড অ্যাপটি আমি নিয়মিত ব্যবহার করি। ইচ্ছেমতো ছবি নির্বাচন করে সেসব ছবি পছন্দসই ফিল্টার দিয়ে সম্পাদনা করা যায় এ অ্যাপটির সাহায্যে।’ এ ছাড়া ছবির আলাদা লে-আউট, লেখা যুক্ত করা, স্টিকার ও ক্লিক যুক্ত করা যায় এ অ্যাপ দিয়ে।
নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড http://bit.ly/1zVg2eK এবং আইওএস http://apple.co/1MQ5WqH।
স্ন্যাপসিড

স্মার্টফোনে ছবি সম্পাদনার আরেকটি জনপ্রিয় অ্যাপ স্ন্যাপসিড। গুগলের তৈরি এ অ্যাপটি জনপ্রিয়তার দিক দিয়ে অনেক এগিয়ে। এ অ্যাপটির সাহায্যে আরএডব্লিউ (র) ফরম্যাটের ছবিকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়। এ ছাড়া টিউন ইমেজের সহায়তায় পছন্দসই রং পরিবর্তন যোগ করার পাশাপাশি ছবি ক্রপ করা, রোটেট করা, সুবিধা অনুযায়ী ট্রান্সফর্ম করা, প্রয়োজনে ব্রাশ ব্যবহার করার কাজগুলো করা যায়। এক কথায় নিজের পছন্দসই ছবি সম্পাদনার ক্ষেত্রে স্ন্যাপসিড দারুণ। এ অ্যাপটিও অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণে ব্যবহার করা যায়।
নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড http://bit.ly/1fEn5PY এবং আইওএস http://apple.co/1rxvX3k।

.
.

ক্যামেরা ৩৬০ আল্টিমেট
স্মার্টফোনে ছবি তুলে সাধারণত আলাদা অ্যাপের সাহায্যে সম্পাদনার কাজটি করেন অনেকেই। তবে কাজটি সরাসরি ছবি তুলেও করা যায়। এমন সুবিধা যুক্ত অ্যাপ হলো ক্যামেরা ৩৬০ আল্টিমেট। ৫০ কোটি মানুষ নিয়মিত ব্যবহার করেন এ অ্যাপটি। ছবি তুলে সঙ্গে সঙ্গে পছন্দমতো সম্পাদনা করে সহজে শেয়ার করার জন্য এ অ্যাপটি অসাধারণ। অ্যাপটি নিয়মিত ব্যবহার করেন মডেল ফারিয়া শাহরিন। বললেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ারের ক্ষেত্রে চেষ্টা করি সুন্দর ছবি দিতে। আর এ অ্যাপটির সাহায্যে সম্পাদনা করলে ছবি দেখতেও সুন্দর লাগে।’ অ্যাপটিতে আছে ক্লাসিক ফিল্টার, পছন্দসই সেলফি সম্পাদনা, এসএলআর ছবির দারুণ অভিজ্ঞতা এবং ক্রপ করা, রঙের ব্যবহারের সুযোগ। আর কাজগুলোও বেশ সহজেই করা সম্ভব।
নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড http://bit.ly/1sVGViz এবং আইওএস http://apple.co/20E4onD।
ফটো এডিটর বাই অ্যাভিয়ারি
ছবি সম্পাদনার জনপ্রিয় সফটওয়্যারের মধ্যে অ্যাভিয়ারি অন্যতম। দ্রুত ও সহজে ছবি সম্পাদনার জন্য অ্যাপটিও বেশ কার্যকর। অ্যাপটির সাহায্যে এক ক্লিকে সহজ সম্পাদনা, পছন্দসই ইফেক্ট এবং ফ্রেম যুক্ত করা, স্টিকার যুক্ত করা, ছবির উপযোগী রং যোগ করা, ছবির ঔজ্জ্বল্য বাড়ানো, ক্রপ করা, নির্দিষ্ট ফোকাস নিশ্চিত করাসহ আরও নানা কাজ করা যাবে। যাঁরা দ্রুত সম্পাদনার কাজটি করতে চান তাঁদের জন্য বেশ উপযোগী অ্যাপটি। বিনা মূল্যেই পাওয়া যাবে ফটো এডিটর বাই অ্যাভিয়ারি।
নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড http://bit.ly/1mmhMFW এবং আইওএস http://apple.co/1iKFbFZ।
এগুলো ছাড়াও নানা আকারের, নানা সুবিধাসহ অ্যাপ। নামিয়ে নিতে পারেন পছন্দের যেকোনোটি।