
ঘরে বসেই কেনাকাটা৷ চলটা শুরু কয়েক বছর ধরেই। এই অনলাইন কেনাকাটায় ক্রেতাদের বড় অংশই তরুণ। ঈদের আগে দোকান ঘুরে কেনাকাটার মধ্যে অনেক আনন্দ৷ তবে সেসবের বাইরেও একটা দল আছে যারা কেনাকাটা করছে অনলাইনে৷ ফলে দোকানপাট, বাজার কিংবা শপিং মলের পাশাপাশি ঈদের কেনাকাটা জমজমাট অনলাইনে ই-কমার্সের ওয়েবসাইটগুলো।
কী কিনছেন, কেনইবা কিনছেন—সেসবের হালচাল জানতেই কথা হলো ক্রেতা ও উদ্যোক্তাদের সঙ্গে। অনেকেই গরম বা বৃষ্টির ভয়ে বাইরে বেরোতে চান না৷ কেউ আবার ঈদের আগে কাজের চাপে বাজারে ঘোরার ফুরসত পাচ্ছেন না৷ তাঁদের ভরসা তাই অনলাইন বাজার। এবারের ঈদে বিভিন্ন ই-কমার্স সাইটের পণ্যতালিকা দেখে বোঝা গেল, তারা নানা পণ্যের পসরা সাজিয়েছে তরুণদের কথা ভেবেই। কেননা তাদের গ্রাহকদের মধ্যে বেশির ভাগই বয়সে তরুণ।
পোশাক-আশাক থেকে শুরু করে নানা রকম ঘড়ি, রোদচশমা, ওয়ালেটসহ সবই আছে। আরও আছে বিভিন্ন রকম মজার মজার ইলেকট্রনিক গ্যাজেট। চাল-ডাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যও আছে অনলাইন কেনাকাটার তালিকায়।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা টুম্পা আরা জানান, ‘কাজের ব্যস্ততা থাকে বলেই অনেক দিন ধরে অনলাইনে কেনাকাটা করছি৷ বিভিন্ন ই-কমার্স সাইট ছাড়াও দেশের অনেক নামী ব্র্যান্ডের ই-শপ রয়েছে৷ ঈদের দিন এবার যে থ্রিপিস পরব, সেটাও কিনেছি ফেসবুক পেজভিত্তিক উদ্যোগ ফ্যাশনিয়া থেকে৷’
শুধু নিজের না, পরিবারের অন্য সদস্যদের উপহার দিতেও তরুণেরা কেনাকাটা করছেন অনলাইনে৷ বাবা-মায়ের কাছে উপহার পাঠাতেও অনলাইনে দোকান বেছে নিচ্ছেন অনেকে৷ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) আইন বিভাগের শিক্ষার্থী সোহানা মাহমুদ বলেন, ‘অনলাইনের নিয়মিত গ্রাহক আমি। ভিড় এড়িয়ে ঈদের কেনাকাটা অনেক বেশি সহজ করে দিয়েছে অনলাইন সুবিধা। বাড়ির লোকজনের জন্যও কেনাকাটা করেছি স্কাইশপ, আপনজোন ডটকম, এসো ডটকম, আজকেরডিলসহ বিভিন্ন অনলাইন বাজার থেকে৷’ তরুণেরা যেহেতু অনলাইন বাজারের প্রধান ক্রেতা, তাই এখানে দেখা মিলছে রকমারি সব পণ্যের৷ পোশাক থেকে গয়না, প্রসাধনী থেকে নিত্যপণ্য—কী নেই অনলাইনে৷ এক ক্লিকেই তা হাজির হবে আপনার দোরগোড়ায়৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের ছাত্র নোমান আহমেদ ঈদের আগেও কেনাকাটা শুরু করেছেন অনলাইনেই৷ তিনি জানালেন, ‘অনলাইনের সুবিধা হলো ‘ক্যাশ-অন ডেলিভারি’। মানে পণ্য হাতে পেয়ে তারপর এর দাম পরিশোধ করা যায়।’
এদিকে ইন্টারনেটে যাঁরা ই-কমার্স সাইট চালাচ্ছেন, তাঁদের বেশির ভাগও আবার তরুণ। তাই সহজেই ক্রেতাদের চাহিদা বুঝতে পারছেন তাঁরা৷ গ্রাহকসেবার ব্যাপারেও তাঁরা যথেষ্ট আন্তরিক। এসো ডটকমের প্রধান নির্বাহী দিদারুল আলম বলেন, ‘ঈদের সময় অনলাইনে কেনাকাটায় ক্রেতাদের সাড়া পাচ্ছি ভালো৷ পোশাকের ভিন্নতা থাকায় ক্রেতারাও তুষ্ট৷ ঈদে যাতে দ্রুত পণ্য পৌঁছে দিতে পারি, তাই সব পণ্য মজুত রেখে ক্রেতাদের সরবরাহ করা হচ্ছে৷ ফলে অল্প সময়ের মধ্যে পণ্যটি পেয়ে যাচ্ছেন ক্রেতারা। আমাদের মূল লক্ষ্য গ্রাহকসেবা ভালো দিয়ে ক্রেতাদের ধরে রাখা।’
ই-কমার্সের মাধ্যমে অল্প পুঁজিতে নিজেদের সৃজনশীলতা দেখানো যাচ্ছে। তাই তরুণেরা পোশাকে নকশা করছেন৷ এরপর সেটা অনলাইন দোকানে তুলে পৌঁছে দিচ্ছেন দেশ-বিদেশের ক্রেতাদের কাছে৷ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী মিলে ফেসবুকে ড্রেস হ্যাভেন নামে একটি পেজ খুলেছেন৷ এ পেজ থেকে বিক্রি করেন নিজেদের পোশাক। এই দলের অন্যতম সদস্য জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ভারতীয় পোশাকের ফিনিশিং আর কারুকাজ অনেককেই আকৃষ্ট করে। ফলে বিদেশি পোশাকের দিকে ঝোঁক বেশি তাদের। আমরা পোশাক তৈরির আগে এসব বিষয় মাথায় রাখি৷ তা ছাড়া ফ্যাশনের চলতি ধারা অনুসরণ করেই শাড়ি ও ব্লাউজের নিয়মিত নকশা করছি৷ ঈদের বাজারে অনেক ভালো সাড়া পাচ্ছি ক্রেতাদের কাছ থেকে৷’
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ বলেন, ‘দুই বছর আগেও ই-কমার্স ছিল নেহাত কম। এখন দিন যাচ্ছে আর বাড়ছে ই-কমার্সের চাহিদা ও বাজার৷ রোদ-বৃষ্টি গায়ে না মেখে ঝামেলা ছাড়াই কেনাকাটা করা যায় বলে তরুণেরা বেশি আগ্রহী হচ্ছেন৷ তবে অনলাইনে কেনাকাটা করার আগে অবশ্যই সাইটটা যাচাই করে নিতে হবে৷’
অনলাইন কেনাকাটার সুবিধা
কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে কেনাকাটা করা যায়।
অনলাইনে ক্রেডিট কার্ড, বিকাশ ইত্যাদির মাধ্যমেও কেনাকাটা করা যায়।
নতুন ধরনের নানা রকম পণ্য ই-কমার্স সাইটে পাওয়া যায়।
অসুবিধা
অনেক এমন ই-কমার্স রয়েছে, যারা পণ্যটি তাদের সাইটে দেখাচ্ছে কিন্তু ফোনে বা মেইলে অর্ডার দিলে পণ্যটি পাওয়া যায় না। মাঝে মাঝে সরবরাহ করার ঘোষিত সময়ের চেয়ে বেশি সময় লাগে।
পরিচিত ফেসবুক পেজ ছাড়া কেনাকাটা করতে হলে অনেক যাচাই-বাচাই করতে হয়। কেননা ফেসবুকের মাধ্যমে বেশি প্রতারণার সুযোগ থাকে।
অনলাইনে দেখা যায় এক রকম কিন্তু হাতে পাওয়ার পর আরেক রকম। অনেক সময় এ সমস্যায় পড়তে হয়।