ঘড়ির কাঁটা ১২টার ঘরে পৌঁছাতেই থেমে গেল সব কোলাহল। সবার মুখে তিন, দুই, এক...। নিভে গেল মঞ্চের বাতি। আঁধার ফুঁড়ে আকাশপানে ছুটল আতশবাজির ফোয়ারা। গত শুক্রবার রাতের প্রথম প্রহরে এভাবেই শুরু হলো ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা। হিমেল হাওয়ার মধ্যেও রাতের প্রথম প্রহরে সরগরম ছিল নগরের এম এ আজিজ স্টেডিয়াম চত্বর।
সেদিন এখানেই বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা শুরুর আসর। তবে শুধু চট্টগ্রাম নয়, ঢাকার সংসদ ভবনের সাউথ প্লাজা ও সিলেটের ভিআইপি সার্কিট হাউসের সামনে নাচ-গানের মধ্য দিয়ে শুক্রবার রাত ১২টা এক মিনিট থেকে শুরু হয় ক্ষণগণনা।
মূলত বিশ্বকাপের বড় তিনটি ভেন্যু—ঢাকা, সিলেট ও চট্টগ্রামে একই সঙ্গে ছিল অনুষ্ঠানের আয়োজন।
রাত ১২টা থেকে ক্ষণগণনা শুরু হলেও সন্ধ্যার পর থেকে এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে বাড়তে থাকে ক্রিকেটপ্রেমীদের ভিড়। অনুষ্ঠান শুরু হয় রাত ১০টায়। প্রথমে মঞ্চে আসে ব্যান্ডদল নাটাই। তারা গেয়ে শোনায় ‘শত আশা’, ‘গোধূলির ওপারে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘ঘুম ভাঙা শহরে’ ও ‘কবে’ শিরোনামের গানগুলো। নাটাইয়ের পর মঞ্চ মাতাতে আসে ব্যান্ডদল তীরন্দাজ। তারা শুরু করে ‘তুমি কি সাড়া দেবে’ গানটি দিয়ে।
তীরন্দাজের পরিবেশনায় অনুষ্ঠান জমতে সময় লাগেনি। এরপর তাদের কণ্ঠে ‘চাইতে পারো’, ‘যদি ফিরে আসতে চাই’, ‘নিকষ কালো এই আঁধারে’, ‘বসে আছি একা’ ও ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানগুলো মুগ্ধ করে দর্শকদের।
গান শেষে মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এরপর সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রধান অতিথি হিসেবে ক্ষণগণনা অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন।
সিটি মেয়রের উদ্বোধনের মাধ্যমে শেষ হয় অপেক্ষার পালা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয় আতশবাজির বর্ণচ্ছটায়। চোখ ধাঁধানো আলোর খেলা আর হাজারো ক্রিকেটপ্রেমীর উপস্থিতিতে ওই সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসির হোসেন, সোহাগ গাজী, মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় সাথিরা জাকির, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খানরাও।