ক্ষণিকের লোডশেডিং
দাদার (বড় ভাইয়া) বিয়ের জন্য কনে দেখা হচ্ছে। পরিবারের ছোট হওয়ার সুবাদে যেখানেই কনে দেখা হচ্ছে, সেখানেই বিনা নোটিশে আমি হাজির। আমার আগ্রহের কেন্দ্রবিন্দু যদিও ‘কনে দেখা’ নয়, কনের বাড়িতে বিভিন্ন রকম সুস্বাদু খানাপিনা গলাধঃকরণ। তো এমনই একদিন ঢাকার মোহাম্মদপুরে এক বাসায় সন্ধ্যার পর আমাদের আগমন। নানা রকম বিষয়ে আলাপ-আলোচনার এক ফাঁকে টেবিল ভর্তি করে খাবার পরিবেশিত হলো। যেগুলোর মধ্যে আমার ভীষণ প্রিয় মিষ্টি আইটেম অনেক বেশি ছিল। ছিল বিশেষ রঙের বিশেষ ঢঙের কিছু মিষ্টি। যেসব আমি আগে জীবনেও দেখিনি, খাওয়া তো দূরের কথা। অনেক বেশি পেটুক হলেও চক্ষুলজ্জাও ছিল একটু বেশি। আমাদের মধ্যে প্রায় সবাই দেখছি মিষ্টিগুলোর দিকে হাতই বাড়াচ্ছে না। এমন অবস্থায় আমি সাহস করে চার-পাঁচটা মুখে চালান করলাম। কিন্তু তাতে কি তৃপ্তি হয়! কী করি কী করি ভাবছি, হঠাৎ চারপাশ অমাবস্যার অন্ধকারে নিমজ্জিত হলো। আহ! লোডশেডিং হলে এমন ক্ষণেই হতে হয়! সময়টা বেশ কয়েক বছর আগের। আইপিএস বা উন্নত মানের চার্জার সম্ভবত কনের বাড়িতে ছিল না। আমার জন্য অবশ্য সেটা খুবই ভালো দিক। দীর্ঘক্ষণ মিষ্টির প্লেটগুলো পর্যবেক্ষণ করতে করতে সবার অবস্থান আমার মাথায় আঁকা হয়ে গিয়েছিল। সেই গতিপথ অনুসরণ করেই আমার মিশন সাকসেসফুল করতে লাগলাম। হাত বাড়াচ্ছি আর প্রত্যাশিত মিষ্টিগুলো মুখে পুরছি। কম করে হলেও এক ঘণ্টা লাগবে ইলেকট্রিসিটি আসতে আর ১০ মিনিট লাগবে এই রুমে বিকল্প আলো পৌঁছাতে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। চোখ-কান বন্ধ করে মিষ্টি গিলছিলাম। ঠিক তখন কে যেন ধাক্কা দিয়ে আমায় বলে উঠল, ‘এভাবে মিষ্টি খেলে তো গলায় আটকে যাবে। এবার একটু পানি খাও!’ চোখ মেলে দেখি চারপাশ দিনের আলোর মতো ঝকঝক করছে আর সবাই ভূত দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছে। কী আশ্চর্য! বাংলাদেশে লোডশেডিংয়ের স্থায়িত্ব মাত্র ১০ মিনিট!!! তানজিলাআকুয়া মধ্যপাড়া, ময়মনসিংহ।