ত্রিনিদাদের ছোট্ট ব্যাঙ টুঙ্গারা। নিজেদের ডিম সুরক্ষিত রাখার জন্য এরা একধরনের ফেনার আবরণ তৈরি করে। স্কটল্যান্ডের একদল বিজ্ঞানী বলেছেন, মানুষের ত্বকের পোড়া ক্ষত সারানোর ওষুধ বানাতে সেই ফেনা ব্যবহার করার সুযোগ রয়েছে।
ফেনার মধ্যে থাকে অসংখ্য বুদ্বুদ। সেগুলো পোড়া ত্বকের ক্ষত সুরক্ষার পাশাপাশি সেখানে ওষুধ আটকে রাখতে সহায়তা করবে বলে মনে করেন স্ট্যাটক্লাইড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকেরা। তাঁরা একধরনের কৃত্রিম ফেনা তৈরি করছেন।
মাত্র পাঁচ সেন্টিমিটারের উভচর টুঙ্গারা ব্যাঙের তৈরি বুদ্বুদ ঘেরা বাসায় তাদের ডিমগুলো প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন শিকারি প্রাণীর আক্রমণ থেকে দিনের পর দিন সুরক্ষিত থাকে। ওই বুদ্বুদ বা ফেনা অন্তত ছয় রকমের প্রোটিনের তৈরি। সেই প্রোটিনই ব্যাঙের বাসাটিকে শক্তিশালী রূপ দেয়।
গবেষক পল হসকিসন ও তাঁর সহকর্মীরা বলেন, তাঁরা ওই প্রোটিনগুলোর চারটির গঠন নিয়ে কাজ করেছেন এবং সেগুলোর আদলে কৃত্রিম ফেনা তৈরি করেছেন। নতুন ওই ফেনা সাত দিন পর্যন্ত অটুট থাকে।
গবেষকেরা ওই কৃত্রিম ফেনার সঙ্গে ভ্যানকোমাইসিন নামের একধরনের অ্যান্টিবায়োটিক মিশিয়ে সেটির স্থায়িত্ব বাড়ানোর চেষ্টা করছেন। তবে ব্যাঙের তৈরি ফেনার মতো স্থিতিশীল ও শক্তিশালী কৃত্রিম ফেনা তৈরি করতে এখনো অনেক সময় লাগবে। হসকিসন বলেন, স্থিতিশীল ফেনা বানানোর কাজে তাঁরা অর্ধেক পথ পাড়ি দিয়েছেন। বাকিটুকু পেরোতে পারলেই রোগীদের ওপর সেই ফেনা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে।
বিজ্ঞানীরা আশা করছেন, কৃত্রিম ওই ফেনার সাহায্যে পোড়া ক্ষতের সংক্রমণ রোধ করা যাবে এবং ত্বকের ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে সারিয়ে তোলা সহজ হবে। এ গবেষণার প্রাথমিক বিষয়বস্তু যুক্তরাজ্যের লিভারপুলে অনুষ্ঠেয় মাইক্রোবায়োলজি সোসাইটির বার্ষিক সম্মেলনে তুলে ধরা হবে।