ক্ষতবিক্ষত ফেনী-সোনাইমুড়ি সড়কে দুর্ভোগ

সাম্প্রতিক টানা বর্ষণে বেশ কয়েক দিন পানির নিচে ছিল ফেনী-সোনাইমুড়ি সড়ক। বন্ধ ছিল যানবাহন চলাচল। তবে বন্যার পানি সরে যাওয়ার পরও গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। সড়কের ফেনী অংশের ১৪ কিলোমিটার এলাকায় খানাখন্দ ও গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
ফেনী সড়ক ও জনপথের (সওজ) ফেনী জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, আন্তজেলা সড়কটি ফেনী সদর, দাগনভূঞা, নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ অংশকে যুক্ত করেছে। ২৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের ফেনী অংশে পড়েছে ১৪ কিলোমিটার। প্রায় দুই লাখ মানুষ নিয়মিত সড়কটি দিয়ে যাতায়াত করে।
সওজের কর্মকর্তারা জানান, ব্রিটিশ শাসনামলে নির্মিত এই সড়ক একসময় নোয়াখালী জেলা বোর্ডের অধীনে ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সড়কটি সওজের অধীনে আসে। বছরখানেক আগে সড়কের রাজাপুর অংশের দুই কিলোমিটারে ২২ লাখ টাকা ব্যয়ে পিচঢালাই করা হয়। এবারের বন্যায় সড়কের ওই অংশের পিচঢালাই আবারও উঠে গেছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের ফেনী সদর উপজেলার তেমুহানী বাজার থেকে সিন্দুরপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। সড়কের ওই অংশের বিরলী, জয়নারায়ণপুর, রাজাপুর, মোল্লা ঘাটা, গনিপুর, রতনপুর ও দিলপুর এলাকায় অসংখ্য গর্ত দেখা গেছে। পিচঢালাই উঠে গিয়ে বেরিয়ে এসেছে ইটের খোয়া।
এমন বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলছে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। রাস্তা ভাঙাচোরা হওয়ায় যানবাহন চলছে হেলেদুলে। তৈরি হচ্ছে যানজট। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। বেড়ে গেছে যানবাহনের ভাড়াও।
অটোরিকশার চালক সাইফুল ইসলাম বলেন, ভাঙা রাস্তায় বিভিন্ন যানবাহন চালানো মুশকিল হয়ে পড়েছে। যখন-তখন গাড়ি নষ্ট হয়ে যায়। এতে প্রতিদিন লোকসান গুনতে হয়।
রাজাপুর কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হক ও রাজাপুর আলিম মাদ্রাসার প্রভাষক জাহাঙ্গীর আলম বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লোকজন যাতায়াত করেন। রাস্তা খারাপ হওয়ায় কর্মস্থলে পৌঁছাতে যেমন খরচ বেশি লাগছে, তেমনি ভাড়াও বেশি গুনতে হচ্ছে যাত্রীদের। তাঁরা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানান।
এদিকে সড়কটির কিছু অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছে সওজ। ফেনী সওজের নির্বাহী প্রকৌশলী মো. এনামল হক বলেন, সড়কের ফেনী অংশের রাজাপুর থেকে দরবেশের হাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সংস্কারের জন্য দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে সম্প্রতি। শিগগির ওই অংশে সংস্কারকাজ শুরু হবে। ফেনী অংশের অবশিষ্ট নয় কিলোমিটার সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে প্রস্তাব পাস না হলে স্থানীয়ভাবে দরপত্র আহ্বান করে সড়কটি সংস্কার করা হবে।