ক্ষতবিক্ষত সড়ক হাঁটাও দায়
সাতকানিয়া উপজেলার কালিয়াইশের কাটগড়-আলমগীর সড়ক বেহাল হয়ে পড়েছে। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। তিন দফা বন্যা ও ভারী বৃষ্টিতে ক্ষতবিক্ষত এই সড়কে এখন হাঁটাও দায় হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিওসির মোড়, ইউপি কার্যালয়, সওদাগরপাড়া, খানবাড়ি, পূর্ব কাটগড় প্রাথমিক বিদ্যালয়, ওবাইদুল আকবর পাল্পউড কারখানা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র এবং মাহমুদের দোকান এলাকায় খানাখন্দ বেশি। কিছু স্থানে পিচঢালাই উঠে ইটও নেই। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দা ও পটিয়ার শোভনদণ্ডী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. হামিদ হোসাইন বলেন, সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল। চলতি বছরের প্রথম দিকে সড়কটির কিছু অংশে সংস্কারকাজ হয়েছে। ভারী বৃষ্টি ও বন্যার পানিতে সংস্কার করা অংশেও খানাখন্দ সৃষ্টি হয়েছে। হেঁটে চলতে গিয়ে যেমন কষ্টের শেষ নেই, তেমনি রিকশা বা অটোরিকশায় চড়লেও কষ্ট পেতে হয়। ঝাঁকুনির ভয়ে নারীরা গাড়িতে করে চলাচল করতে চান না।
সিএনজিচালিত অটোরিকশার চালক মো. বেলাল হোসেন বলেন, সড়কের দেড় কিলোমিটার অংশ বেশি ক্ষতিগ্রস্ত। ছোট-বড় গর্তে বৃষ্টির পানি জমে থাকে। ওই গর্তের পরিমাপ করতে না পারায় অনেক সময় চাকা গর্তে পড়ে গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। কালিয়াইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাব্বির আহমদ ওসমানী জানান, সড়কটির কিছু অংশ চলতি বছরের প্রথম দিকে সংস্কার করা হয়েছিল। বাকি অংশও সংস্কারের চেষ্টা চলছিল। এর মধ্যে ঘন ঘন ভারী বৃষ্টি ও বন্যায় পুরো সড়কই ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যান বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলিজইডি) তালিকা জমা দেওয়া হয়েছে।
এলজিইডির সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন বলেন, ভারী বৃষ্টি ও বন্যার পানিতে ডুবে সড়কটির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে যান চলাচলের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হেঁটে চলতেও কষ্ট হচ্ছে। সাম্প্রতিক সময়ে তিন দফা বন্যায় উপজেলার সব গ্রামীণ সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব সড়কের একটি তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বেশি ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হবে।