ক্ষতবিক্ষত সড়ক হেঁটে চলাও দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কগুলো ক্ষতবিক্ষত হয়ে পড়েছে, বিশেষ করে জলিলনগর-হাজিপাড়া সড়ক ও মুন্সিঘাটা সড়কের অবস্থা খুবই শোচনীয়। এসব সড়কের পৌর এলাকায় প্রবেশ মুখের অবস্থা এতই খারাপ যে পথচারীদের হেঁটে চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সড়কগুলোর প্রবেশ মুখের দুই পাশের ভূমিমালিকেরা নালা তৈরির জন্য প্রয়োজনীয় জায়গা না রেখে ছোট-বড় বিপণিকেন্দ্র ও বাসাবাড়ি নির্মাণ করেছেন। ফলে বর্ষাকালে বৃষ্টির পানি সড়কের ওপর দিয়ে গড়িয়ে যায়। অনেক জায়গায় পানি সড়কের ওপর জমে থাকে। এতে যানবাহন চলার সময় সড়কের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের দাবি, জনদুর্ভোগ লাঘবের জন্য সড়কগুলোতে প্রতিবছর সংস্কারকাজ করা হয়। কিন্তু বর্ষার পানি জমে থাকায় এসব কাজ টেকসই করা যায় না। পৌর এলাকার হাজিপাড়ার বাসিন্দা জামাল উদ্দিন বলেন, ‘জলিলনগর থেকে হাজিপাড়া পর্যন্ত সড়কটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় এতে প্রায় সময় ছোটখাটো দুঘর্টনা ঘটে। লোকজনের চলাচলে মারাত্মক সমস্যা হয়।’স্থানীয় একটি বিপণিকেন্দ্রের ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ বলেন, ‘বিপণিকেন্দ্র ও বাসাবাড়ির মালিকেরা তাঁদের স্থাপনার সামনে পানি নিষ্কাশনের জায়গা না রাখায় সড়কের এমন দুরবস্থা হয়েছে।’ অন্যদিকে স্থাপনার মালিকদের একজন মোহাম্মদ রফিক বলেন, ‘সওজের জায়গা বাদ দিয়েই নিজেদের সম্পত্তিতে আমরা স্থাপনা গড়েছি। আসলে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্যবোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের এই দশা হচ্ছে।’জানা গেছে, সম্প্রতি রাউজান উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে অতিরিক্ত পণ্যবোঝাই ভারী যানবাহন চলাচলের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেন।জলিলনগর ও মুন্সিরঘাটার সড়ক দুটি মিলেছে রাউজান পৌরসভা সদরে। বর্ষায় সড়ক দুটিতে সৃষ্ট জনদুর্ভোগ সম্পর্কে স্থানীয় পৌর কাউন্সিলর আসাদ উল্লাহ বলেন, ‘পৌরসভা সৃষ্টির আগেই সড়কের পাশে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মিত হয়েছে। এখন জনস্বার্থে নালার ব্যবস্থা করতে চাইলেও করা যাচ্ছে না। নিজেদের উদ্যোগে জলিলনগর সড়কে ভাঙা ইট ফেলে গর্ত ভরাট করে জনদুর্ভোগ লাঘবের চেষ্টা করছি।’ কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ বলেছেন, ‘জায়গার দাম বেড়ে যাওয়ায় মানুষ এক ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নয়। সাংসদের অনুরোধে মালিকদের অনেকেই কিছুটা জায়গা ছাড়ছেন। এতে কিছু কাজ হতে পারে।’মুন্সিরঘাটা এলাকার সড়কের অবস্থাও শোচনীয়। উপজেলা প্রকৌশলী শাহ আলম পাটোয়ারী বলেন, ‘দুই বছর আগে সড়কটি আমরা সংস্কার করেছিলাম। মূলত সড়কের এ অংশটি পৌরসভার। এখন বিষয়টি তাঁরা দেখবে।’ পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর বশির উদ্দিন জানান, বর্ষার আগে সড়কটি সংস্কার করা হয়েছিল। পানির চাপ ও ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির এই অবস্থা হয়েছে। এখন ভাঙা ইট দিয়ে এখানে সংস্কার করার কাজ চলছে। বর্ষার পর এটি উঁচু করে সংস্কারের পরিকল্পনা আছে। সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমেদ জানান, গত অর্থবছরে জরুরি সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় সড়কের বিভিন্ন অংশের সংস্কারকাজের জন্য দুই কোটি টাকা বরাদ্দ ছিল। এ ব্যাপারে কার্যাদেশও দেওয়া হয়েছিল। কিন্তু সময়মতো অর্থ না পাওয়ায় ঠিকাদার কাজ করেননি। তবে অল্প সময়ের মধ্যে কাজ শুরু করা হবে বলে তিনি আশা করেন।