কক্সবাজার সদর উপজেলার ডিসি সড়ক বৃহত্তর ঈদগাঁওয়ের আট ইউনিয়নে যাওয়ার একমাত্র মাধ্যম। এ ছাড়া ঈদগাঁও বাজারের পণ্য আনা-নেওয়ার কাজেও ব্যবহৃত হয় সড়কটি। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি বেহাল হয়ে পড়লেও সংস্কার হচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, ঈদগাঁও স্টেশন থেকে বাজারের শেষ মাথা পর্যন্ত দেড় কিলোমিটারের সড়কটি পুরোটাই ক্ষতবিক্ষত। এসব গর্তে বৃষ্টির পানি জমে একাকার হয়ে গেছে। পাঁচ মিনিটের পথ পেরোতে সময় লাগছে আধা ঘণ্টা। সড়কের খানাখন্দের কারণে লেগে থাকছে দীর্ঘ যানজট। এ ছাড়া আশপাশের নালা পরিষ্কার না হওয়ায় ময়লা পানি সড়কের ওপর উপচে পড়ছে।
স্থানীয় রিকশাচালক গিয়াস উদ্দিন (৪৪) বলেন, সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ। প্রায় সময় রিকশা, টমটম উল্টে লোকজন আহত হচ্ছে।
ঈদগাঁও বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৫০) বলেন, রিকশা ও অটোরিকশায় চড়ে বাজারে যেতে হলে গাড়ির ঝাঁকুনিতে ক্লান্ত হয়ে পড়তে হয় যাত্রীদের। হেঁটে গেলেও বিপত্তি। বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের প্রতিটি অলিগলির উভয় পাশে অপরিকল্পিত ভবন, বিপণিবিতান, দোকানপাট নির্মিত হওয়ায় সামান্য বৃষ্টিতেই মূল সড়ক দিয়ে পানি প্রবাহিত হয়।
স্থানীয় লোকজন জানান, ঈদগাঁও বাজারের এই সড়ক দিয়ে পার্শ্ববর্তী ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী, ইসলামপুর, ঈদগড়, রশিদনগর ও চৌফলদণ্ডী ইউনিয়নের অন্তত চার লাখ মানুষ যাতায়াত করে। ঈদগাঁও বাজার এলাকায় রয়েছে তিনটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, একটি ফাজিল মাদ্রাসা ও একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া রাস্তার দুপাশে রয়েছে পুলিশ তদন্তকেন্দ্র, ইউনিয়ন পরিষদ ভবন, ডাক বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, কৃষি বিভাগ, সরকারি স্বাস্থ্যসেবা ক্লিনিক, ভূমি অফিস, টিঅ্যান্ডটি অফিস, কয়েকটি বেসরকারি হাসপাতাল, পাবলিক লাইব্রেরি, কেন্দ্রীয় জামে মসজিদ, মন্দিরসহ অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয়, সামাজিক, ব্যবসায়িক প্রতিষ্ঠান। রয়েছে সরকারি-বেসরকারি অন্তত ১০টি ব্যাংকের শাখা। সবাই যাতায়াতে এই সড়ক ব্যবহার করেন।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, বৃহত্তর ঈদগাঁও বাজার থেকে সরকার প্রতি বছর কোটি টাকা রাজস্ব পায়। অথচ এ বাজারের উন্নয়নে তেমন কিছু করা হচ্ছে না। ফলে বৃহত্তর ঈদগাঁও এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঈদগাঁওকে উপজেলা ঘোষণাসহ বাজারের নাজুক পরিস্থিতির অবসানকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এদিকে গত ১৯ সেপ্টেম্বর ঈদগাঁও বাজার পরিদর্শন করে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট, ড্রেনেজ, পয়োনিষ্কাশন ও ডিসি সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিরা।
ইউএনও শাহিনুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী ঈদগাঁও ডিসি সড়কসহ বাজারের সংস্কারকাজ দ্রুত শুরু হবে। তার আগে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি। তাই অবৈধ দখলদারদের তালিকা তৈরি হচ্ছে।