ক্ষতি পুষিয়ে দিল প্রকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের ২১ ডিসেম্বর রাতে একদল দুর্বৃত্ত ওয়াহিদুল আলমের বাগানের পেঁপেগাছগুলো কেটে রেখে যায় (বাঁয়ে), কাটা পড়া সেই গাছগুলোতে নতুন ডালপালা গজিয়েছে। এসেছে ফলন l প্রথম আলো
গত বছরের ২১ ডিসেম্বর রাতে একদল দুর্বৃত্ত ওয়াহিদুল আলমের বাগানের পেঁপেগাছগুলো কেটে রেখে যায় (বাঁয়ে), কাটা পড়া সেই গাছগুলোতে নতুন ডালপালা গজিয়েছে। এসেছে ফলন l প্রথম আলো

গত বছরের ২১ ডিসেম্বর রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ওয়াহিদুল আলমের বাগানের পাঁচ শ পেঁপেগাছের ওপর নির্মম ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। পরদিন সকালে মাটিতে ফলসহ পেঁপেগাছের কাটা মাথা দেখে তখন বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ওয়াহিদুল দমে যাননি। যত্ন নিয়েছেন কাটা পড়া পেঁপেগাছগুলোর। এখন আট মাস পর কাটা পড়া গাছগুলো নতুন করে মাথা তুলেছে। কেবল তা–ই নয়, ফলনও হয়েছে আগের চেয়ে দ্বিগুণের মতো।
গত বছরের ২৪ ডিসেম্বর প্রথম আলোর চট্টগ্রামবিষয়ক ক্রোড়পত্র আমার চট্টগ্রামের পাতায় ‘পেঁপেগাছের কী দোষ’ শিরোনামে ওয়াহিদুলের বাগানের পেঁপেগাছ ধ্বংসের খবর প্রকাশিত হয়। সেই সময় তাঁর গাছগুলোতে প্রায় ছয় হাজার কেজি রেড লেডি জাতের পেঁপে ছিল। আর্থিকভাবেও তখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি। সম্প্রতি ওয়াহিদুল আবারও প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করে জানান, তাঁর বাগানের গাছগুলো নতুন উদ্যমে উঠে দাঁড়িয়েছে। ওই ঘটনার ছয় মাস পর থেকেই গাছগুলোতে ফলন আসা শুরু হয়। বর্তমানে প্রতিটি গাছে আগের চেয়ে দ্বিগুণ বেশি ফল ধরেছে।
ওয়াহিদুল বলেন, তিনি বাগানে নতুন করে গাছ লাগাননি। কাটা পড়া গাছের যত্ন নিয়েছেন তিনি। প্রকৃতি এই পরিশ্রমের ফল দিল হাতে হাতে। পুষিয়ে দিয়েছে তাঁর সব ক্ষতি।
চুনতি ইউনিয়নের মিরিখিল গ্রামের বাসিন্দা ওয়াহিদুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর করেছেন। কয়েক বছর প্রবাসে থেকে দেশে ফিরে এসে পেঁপে ও সবজির বাগান করেন তিনি।
১৭ আগস্ট ওয়াহিদুলের বাগানে গিয়ে দেখা যায়, বাগানজুড়ে প্রায় প্রতিটি পেঁপেগাছেই ফলন এসেছে। একেকটি গাছে ফল ধরেছে প্রায় ৩০ থেকে ৪০টি। কয়েকটি গাছে পেঁপে পাকতেও শুরু করেছে।
ওয়াহিদুল আলম জানান, প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে তিনি বাগানটি করেছিলেন। প্রতি সপ্তাহে ১৫০-২০০ কেজি পেঁপেও বিক্রি করতেন। পেঁপে বিক্রি করে প্রতি সপ্তাহে আয় হতো প্রায় সাত হাজার টাকা। সংসারে সচ্ছলতা এসেছিল। কিন্তু কারা কী কারণে এতগুলো পেঁপেগাছ কেটেছে, সেটা তিনি এখনো বের করতে পারেননি।
তিনি জানান, ওই ঘটনার পর কাটা পেঁপেগাছের গোড়া আবার যত্ন নেওয়া শুরু করেন তিনি। ব্যবহার করেন জৈব সার। কয়েক সপ্তাহের মধ্যে প্রতিটি গাছে নতুন পাতা মেলতে দেখেন তিনি। আর ছয় মাসে প্রতিটি পেঁপেগাছ থেকে দু-তিনটি ডালপালা হয়ে পেঁপের ফলন শুরু হয়। ইতিমধ্যে প্রায় ২০ হাজার টাকায় তিন শ কেজি পেঁপে বিক্রিও করেছেন। বর্তমানে প্রায় দেড় লাখ টাকার সমপরিমাণ পেঁপে তাঁর বাগানে রয়েছে।
ওয়াহিদুল আলম বলেন, ‘এ গাছগুলোকে সন্তানের মতো পরিচর্যা করেছি। আমার ক্ষতি অনেকটা পুষিয়ে যাবে। বিদেশে একটি গাছ রোপণ করা এবং ফল উৎপাদন খুবই কষ্টসাধ্য। কিন্তু আমাদের দেশে জমিতে বীজ বপন করার পর একটু যত্ন নিলেই তার ফল পাওয়া যায়।’
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্বৃত্তের কেটে দেওয়া গাছ সঠিক পরিচর্যা করায় ওই গাছে ভালো ফলন হয়েছে।