
কুয়াশার চাদর ঠেলে সবে আড়মোড়া েভঙেছে সূর্য। রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম। এর মধ্যেই সবজির মাঠে রাজ্যের ব্যস্ততা। কেউ নিড়ানি দিচ্ছেন। কেউ সার ছিটাচ্ছেন। অনেকে তুলছেন পরিপক্ব সবজি। প্রতিটি খেতেই তিন থেকে পাঁচজনের দল। কিছুক্ষণ পর পর হাঁকডাক—‘জলদি জলদি’। দম ফেলারও যেন ফুরসত নেই। এ চিত্র সাতকানিয়ার কালিয়াইশ এলাকার।
শুধু কালিয়াইশ নয়, একই চিত্র এখন পুরো উপজেলায়। সবজি চাষের ধুম পড়েছে। গত বছরের তিন দফা বন্যায় মাঠে মারা গেছে সবজি। ক্ষতির বোঝা উঠেছে চাষির কাঁধে। এবার ক্ষতি পোষাতে আশায় বুক বাঁধছেন চাষিরা।
চাষিরা জানান, বন্যার ধকল কাটিয়ে দেরিতে আমন খেত করেছিলেন। এখনো সব আমন ধান কাটা শেষ হয়নি। পতিত জমির পাশাপাশি যেসব জমিতে আমন কাটা শেষ হয়েছে সেখানে সবজি চাষ শুরু হয়েছে।
গত সোম ও মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ, মরফলা, বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা, মাহালিয়া ও চরতি ইউনিয়নের ব্রাক্ষণডেঙ্গা, দ্বীপ চরতি এলাকার বিভিন্ন গ্রামের পতিত ও ধানি জমিতে মুলা, বেগুন, টমেটো, শিম, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, করলা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের সবজি খেতে চাষিরা কাজ করছেন। কোনো কোনো জমিতে এখনো চারা রোপণের কাজ চলছে।
মরফলা গ্রামের চাষি এজাহার মিয়া (৫৬) বলেন, ১৫ দিন আগে আমন ধান কাটা শেষ হয়েছে। ওই আমন ধান ঘরে তোলার পরপরই মরিচ ও বাঁধাকপি চারা রোপণ করে দিয়েছি। দ্রুতই বাড়ছে চারা।
বড়দুয়ারা এলাকার চাষি নাজিম উদ্দীন (৩৮) জানান, তিনি সাত গন্ডা জমিতে শিম খেত করেছেন। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বিক্রি। চাষ বাবদ তাঁর মোট খরচ পড়েছে ২৫ হাজার টাকা। ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার টাকার শিম বিক্রি করেছেন। তিনি বলেন, ‘ফলন হলে খরচ বাদে ৫০ হাজার টাকা লাভ করতে পারব।’
ব্রাক্ষণডেঙ্গা এলাকার চাষি আমিনুর রশিদ (৫২) বলেন, ‘বন্যার কারণে দীর্ঘ সময় জমির মাটি নরম ছিল। ফলে আগেভাগে জমিতে চাষ দেওয়া সম্ভব হয়নি। মাটি স্বাভাবিক হওয়ার পর গত ডিসেম্বর মাসের প্রথম দিকে আট গন্ডায় বেগুন ও সাড়ে তিন গন্ডা জমিতে মিষ্টি কুমড়া লাগিয়েছি।’
চাষিরা জানান, গত বছরের তিন দফা বন্যায় আমন খেত করতে গিয়ে তাঁদের বেশ লোকসান গুনতে হয়েছে। তা ছাড়া বন্যার পানিতে দীর্ঘ সময় জমি ডুবে থাকার কারণে মাটি নরম থাকায় শীতকালীন সবজি েরাপণে দেরি হয়েছে। তবে আবহাওয়া এই অবস্থায় থাকলে সবজির উৎপাদন ভালো হবে। এতে লোকসান পুষিয়ে নিতে পারবেন।
সাতকানিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৭ ইউনিয়নের বিভিন্ন গ্রামে এক হাজার ৩৫০ হেক্টর জমিতে রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত প্রায় এক হাজার ২৮৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বন্যার কারণে উপজেলায় আমনের ফলনে সময় লেগেছে। একই কারণে রবিশস্য রোপণেও দেরি হয়েছে। তার পরও আশা করছি এ বছর সবজির আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান বলেন, ‘উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করার কারণে চাষিরা অল্প সময়ে অধিক সবজি উৎপাদন করতে পারছেন। আবহাওয়া অনুকূলে থাকলে দেরিতে সবজি চাষ করেও তাঁরা লাভবান হবেন।’