ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রগতিশীল ছাত্রজোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান ও আলাওল হলে লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। পাশাপাশি লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানান তাঁরা।
এ দাবিতে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে প্রগতিশীল ছাত্রজোটের অন্তর্ভুক্ত ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। এতে লুটপাটের শিকার বেশ কয়েকজন শিক্ষার্থীও অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্র ফ্রন্টের সদস্য সালমা আক্তার ও ছাত্র ইউনিয়নের সদস্য প্রদীপ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকারিয়া বাঁধন। বক্তারা বলেন, ‘২২ মে ছাত্রলীগ ও শিবিরের পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে আলাওল ও এ এফ রহমান হলের সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ছাত্রদের নগদ টাকা, ল্যাপটপ, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে। লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে উদ্যোগ নিতে হবে প্রশাসনকে। পাশাপাশি ঘটনার জড়িতদের শাস্তির মুখোমুখি করতে হবে।’