খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তালছড়ি পাহাড়টির কারণে মাইনী নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রতিবছর বন্যায় মেরুং ইউনিয়নের ব্যবসায়ী ও কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত বছর অকাল বন্যার কারণে মেরুং এলাকার কৃষি উৎপাদন ব্যাহত হয়ে ব্যবসায়ী ও কৃষকদের প্রায় ২৭ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
২৬ অক্টোবর সরেজমিন তালছড়ি পাহাড় এলাকায় গিয়ে দেখা যায়, দীঘিনালার ছোট মেরুং বাজার থেকে নদীপথে চার কিলোমিটার দূরে তালছড়ি পাহাড়ের অবস্থান। প্রায় পাঁচ একর আয়তনের পাহাড়টির কারণে নদীর সামনের অংশ দেখা যায় না। ভারত থেকে মাইনী নদী দিয়ে নেমে আসা উজানের পানি পাহাড়টিতে আটকে যায়। পরে তা গতি পরিবর্তনের সুযোগ না পেয়ে উজানের অংশে জমে বন্যা দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সরকারের আমলে একবার তালছড়ি পাহাড়টি কেটে মাইনী নদীর পানির গতি পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু অর্থসংকটের কারণে তা আর এগোয়নি।
কৃষি বিভাগের তথ্য মতে, দীঘিনালায় চাষাবাদের জন্য মেরুং এলাকাটি প্রসিদ্ধ। উপজেলার পাঁচটি ইউনিয়নে ২২টি কৃষি ব্লকের মধ্যে আটটি মেরুং ইউনিয়নে। গত বছর অকালবন্যায় এই ইউনিয়নের আটটি ব্লকের এক হাজার ৫৯৭ জন কৃষকের ৪৩৪ হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সবজি নষ্ট হয়েছে ৬০ হেক্টর জমির। আর ফল নষ্ট হয়েছে ২৫ হেক্টর জমির। এতে ক্ষতি হয়েছে প্রায় ২৭ কোটি টাকা।
শান্তিময় চাকমা, তাজুল ইসলাম, মো. শাহজাহান, জ্ঞান চাকমাসহ মেরুং এলাকার চাষী ও ব্যবসায়ীরা বলেন, তাঁদের দুঃখ তালছড়ি পাহাড়। এ পাহাড়ের কারণে প্রতিবছর বিপুল সম্পদহানি হয়। অনেক কৃষক নিঃস্ব হয়ে গেছে। পাহাড়টি পানিপ্রবাহে বাধা সৃষ্টি না করলে এ অবস্থা হতো না।
মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, বৃষ্টির পর উজানের পানি নামলে মাইনী নদী বিপদজ্জনক আকার ধারণ করে। এ সময় তালছড়ি এলাকা দিয়ে নৌযান চলাচল করতে পারে না। মেরুং বাজার পানিতে তলিয়ে যায়। এ সময় বন্যায় কয়েক শ কৃষক ও স্থানীয় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। চেয়ারম্যান জানান, গত সরকারের আমলে পাহাড়টি কেটে পানির গতিপথ পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পাহাড় পর্যন্ত সড়কও করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজটি এগোয়নি। পাহাড়টি কাটতে ১০ কোটির বেশি টাকা প্রয়োজন বলে তিনি জানান। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজুলল জাহিদ বলেন, ‘আমি সরেজমিনে তালছড়ি পাহাড়টি দেখেছি। এটি কেটে পানির গতিপথ পরিবর্তন করা গেলে পানি চলাচল স্বাভাবিক হয়ে আসবে। তবে পাহাড়টি কাটার জন্য অনেক টাকার প্রয়োজন। বিষয়টি আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’