ক্ষতিটা মূলত সামরিক
বিমান দুর্ঘটনায় প্রায় নেতৃত্বশূন্য পোল্যান্ড। তবে বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট লেখ কাচজিনস্কির চেয়ে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মৃত্যুই হয়তো দেশটির ওপর প্রভাব ফেলবে বেশি।ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার, উপপররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানও।সশস্ত্র বাহিনীর পুরো শীর্ষ নেতৃত্বই বিমানটিতে ছিলেন উল্লেখ করে সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের টমাস ভালাসেক বলেন, এর অর্থ দাঁড়াচ্ছে, দেশটির সামরিক বাহিনী কার্যত পঙ্গু হয়ে গেছে। নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন জাতীয় নিরাপত্তা দপ্তরের প্রধান আলেকজান্ডার সচজিগলো, সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিসজেক গেগর।ভালাসেক বলেছেন, কাচজিনস্কি দেশের সর্বোচ্চ পদধারী হলেও সরকার চালানোর জন্য যে মেশিনারি দরকার, তা অক্ষত আছে। তিনি বলেন, ‘সরকার যথারীতি আছে। এটা তো রাষ্ট্রপতি-শাসিত সরকার নয়।’ পোল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পরিবর্তন হলে তা হবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যেই সীমিত। কাচজিনস্কির আসন্ন নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে জনপ্রিয়তা খুব কম ছিল বলে তিনি সম্ভবত নির্বাচনে হারতেন। সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি স্টাডিজের বিশ্লেষক পিওতর কাচজিনস্কির কথায়, ‘এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের মতো। অনেক নেতার মৃত্যু হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, কাচজিনস্কির ভাইয়েরা কেউ জনপ্রিয় ছিলেন না।’বিপর্যয়কর এই দুর্ঘটনার কারণে নির্বাচনী প্রচারণা হবে সংক্ষিপ্ত আর ভাবগম্ভীর। দুর্ঘটনার শিকারদের মধ্যে সব দলের নেতাই রয়েছেন। কিন্তু বেশি ক্ষতি হয়েছে প্রেসিডেন্টের ল অ্যান্ড জাস্টিস দলের। এই দল এবং প্রধান বামপন্থী দল এসএলডি বিমান দুর্ঘটনায় তাদের প্রার্থী হারিয়েছে। নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন পার্লামেন্টের স্পিকার ব্রনিস্ল কোমোরোস্কি। নির্বাচনে তিনি সরকারি দল সিভিক প্লাটফর্মের প্রার্থী। দুর্ঘটনার আগের জনমত জরিপে দেখা গেছে, কিংবদন্তিপ্রতিম কমিউনিস্ট-বিরোধী নেতা লেখ ভালেসার আশীর্বাদধন্য কোমোরোস্কিই নির্বাচনী দৌড়ে এগিয়ে। পিওতরের হিসাব, সাবেক প্রতিরক্ষামন্ত্রী কোমোরোস্কি যে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জনপ্রিয় কিন্তু এক মাস আগে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি। অন্যদিকে কাচজিনস্কি ছিলেন বিরোধী দল ল অ্যান্ড জাস্টিসের প্রার্থী। তাঁর যমজ ভাই এই দলের প্রধান। মৃত ভাইয়ের অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন—এই বক্তব্য দিয়ে ভোট টানার চেষ্টা করতে পারেন তিনি। কিন্তু দুর্ঘটনায় জাতি শোকাতুর হলেও এ থেকে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা শেষ পর্যন্ত ভোটারদের বিরক্ত করতে পারে।নজিরবিহীন এই দুর্ঘটনা পোলিশদের ঐক্যবদ্ধ করেছে। পাঁচ বছর আগে জাতিতে পোলিশ পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর থেকে এ রকম ঐক্য আর দেখা যায়নি। তবে শোক ছাপিয়ে এরই মধ্যে কিন্তু মাথাচাড়া দিয়েছে মতান্তর। প্রেসিডেন্ট আর তাঁর স্ত্রীকে ঐতিহাসিক ক্রাকভ শহরের ওয়াভেল ক্যাথিড্রালে সমাহিত করার সিদ্ধান্ত অনেকেই মানতে পারেননি। এ নিয়ে বিক্ষোভ পর্যন্ত হচ্ছে। ওয়াভেল ক্যাথিড্রালে সমাহিত রয়েছেন পোল্যান্ডের রাজা-রাজড়া, বিখ্যাত সাধুসন্ত আর জাতির জনকের মতো ব্যক্তিত্বরা। বিরোধিতাকারীরা বলছেন, কাচজিনস্কি একজন ভালো তবে সাধারণ পোলিশ। তাঁকে ওই মহানদের সারিতে ঠাঁই দেওয়া উচিত নয়।বিমান দুর্ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে রুশ-পোলিশ সম্পর্ক নিয়ে। লন্ডনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান জেমস শের বলেছেন, চল্লিশের দশকে রুশদের হাতে হাজার হাজার পোলিশের হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পোল্যান্ডের ঘনিষ্ঠতার কারণে বহুদিন থেকেই দুই দেশের সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল।রাশিয়ার কাতিন গ্রামে পোলিশ যুদ্ধবন্দীদের গণহত্যার ৭০তম বার্ষিকীর এক স্মরণ অনুষ্ঠানে যোগ দিতেই বিরাট প্রতিনিধিদল নিয়ে সফর করছিলেন প্রেসিডেন্ট কাচজিনস্কি।জেমস শের বললেন, এখন পর্যন্ত কাতিন হচ্ছে এই দুই দেশের সম্পর্কে সবচেয়ে কঠিন বিষয়। পোল্যান্ডের সবাই জানে, পোল জনগণের একটা গোটা শ্রেণীকে সাফ করে ফেলার যে পরিকল্পিত উদ্যোগ রাশিয়া তখন নিয়েছিল, কাতিন তার একটা ক্ষুদ্র অংশ মাত্র। রাশিয়া মাত্র ১৯৯০ সালে কাতিন গণহত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। তবে যেসব কাগজপত্রে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের নাম আছে, তা প্রকাশ করতে রাজি হয়নি তারা।শেরের ধারণা, রুশ কর্তৃপক্ষ দ্রুত ও উন্মুক্ত তদন্তের ব্যবস্থা করলে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য তা ভালো হবে। রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ প্রধানমন্ত্রী সাবেক ‘লৌহমানব’ ভ্লাদিমির পুতিনকে তদন্ত কমিশনের প্রধান নিয়োগ করেছেন। বিষয়টাকে তাঁরা কতটা গুরুত্ব দিচ্ছেন তা বোঝাতে হয়তো এ তথ্যটাই যথেষ্ট।এক ঝলক পোল্যান্ডগর্বিত এক সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী দেশ পোল্যান্ড। তবে ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এ দেশটির ওপর দিয়ে যুগে যুগে বয়ে গেছে অনেক ঝড়-ঝাপটা। দেশটি স্বাধীন যেমন থেকেছে, তেমনি কেটেছে অন্যের বশ্যতার কাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের কয়েক লাখ লোক প্রাণ হারায়, যার অর্ধেক ছিল ইহুদি। ২০০৪ সালের মে মাসে ইইউর সদস্যপদ পাওয়ার মাধ্যমে দেশটির ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পাঁচ বছর আর কমিউনিস্ট শাসন অবসানের ১৫ বছর পর ঘটে এ ঘটনা।কিছু তথ্যআয়তন: তিন লাখ ১২ হাজার ৬৮৫ বর্গ কি.মি.।জনসংখ্যা: তিন কোটি ৮১ লাখপ্রধান ভাষা: পোলিশ। মাথাপিছু আয়: ১১ হাজার ৮৮০ ডলার।প্রধান রপ্তানি: যন্ত্রপাতি, পরিবহন। উপকরণ,খাদ্য ও রাসায়নিক দ্রব্য।প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম।