ক্ষমতা দখলের লড়াই সব সময় হয়ে আসছে। জোর যার মুল্লুক তার—এটাই মূল বিষয়। আর তার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে কম্পিউটার গেমস মানডে নাইট কমব্যাটের প্রেক্ষাপট। গেমারকে এখানে নিজের সম্পদ সুরক্ষিত রেখে অন্যের ওপর আধিপত্য বিস্তার করতে হবে। গেমসের প্রথমে গেমারকে তার পছন্দমতো মোড নির্ধারণ করে নিতে হবে। গেমে দুটি আলাদা মোড রয়েছে। এগুলো হচ্ছে—ক্রসফায়ার ও ব্লিটজ। ক্রসফায়ার মোডে মানিবল নামের একটি গোলক পাহারা দিতে হবে। নিজ দলের মানিবলকে অন্যদের কাছ থেকে রক্ষা করে অপর পক্ষের গোলক ধ্বংস করাটাই হবে গেমারের মূল কাজ। ব্লিটজ মোডে চারজন একত্রে বা একা মানিবল পাহারা দিতে হবে এবং মোকাবিলা করতে হবে বিভিন্ন ধরনের রোবটের সঙ্গে। খেলায় মোডের পাশাপাশি খেলোয়াড় নির্বাচনে স্বাধীনতা পাবেন গেমার। এর মধ্যে রয়েছে অ্যাসল্ট, ট্যাংক, সাপোর্ট, গানার, স্নাইপার ও এসাসিন। অ্যাসল্ট সাধারণ সেনাদের মতো। ট্যাংক ও গানার হচ্ছে ভারী অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে দক্ষ। সাপোর্ট অন্যদের জীবনীশক্তি দান করতে পারে এবং নষ্ট রোবট ঠিক করতে পারে। সময়ের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে গেমসের শব্দ ও গ্রাফিক্স। সুতরাং গড়ে তুলুন আপনার নিজের জগৎ। তাল মিলিয়ে চলুন সময়ের সঙ্গে।যা যা প্রয়োজনপ্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ৪, ২ গিগাহার্টজ। র্যাম: ১ গিগাবাইট। ভিডিওকার্ড: ৫১২ মেগাবাইট থ্রিডি গ্রাফিক্স কার্ডডাইরেক্ট এক্স ৯.০ সাপোর্টেড। হার্ডডিস্ক ২ গিগাবাইট খালি জায়গা।সিডি রম: ১৬ এক্স অথবা দ্রুতগতি সম্পন্ন