ক্ষমতাধরদের ক্ষমতা কম!
ক্ষমতাধর নেতাদের সংযত থাকতে কিছু লোকের সাহায্য প্রয়োজন হয়। কারণ, তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্যের বিপদ সম্পর্কে তাঁদের চেয়ে ভালো বোঝেন তাঁদের অধস্তন অল্প ক্ষমতাধর কর্মচারীরা। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক ক্ষেত্রে তাঁদের কম থাকে। এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী এক্সপেরিমেন্টাল সোশ্যাল সাইকোলজি।যুক্তরাষ্ট্রের ব্রিংহ্যাম ইয়াং বিশ্ববিদ্যালয় ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণাটি করেন। লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়নে কারও ওপর ন্যস্ত ক্ষমতা কীভাবে প্রভাবিত করে, তা গবেষণা করা হয়। গবেষকেরা একদল স্বেচ্ছাসেবককে কিছু লক্ষ্য নির্ধারণী কাজ দেন। এরপর তাঁদের এই পরিকল্পনার ওপর কিছু প্রশ্ন দেওয়া হয়। যেমন: আমাজন জঙ্গলে ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা কি আপনার আছে? আপনি কি নতুন প্রাণী দেখে ভয় পান? ইত্যাদি। গবেষণা শেষে দেখা যায়, উচ্চ ক্ষমতাধরদের চেয়ে অল্প ক্ষমতার মানুষ অনেক ভালো করেছেন। গবেষকদের মতে, যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে পরিস্থিতি বিচার না করেই সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা যায়। তবে এসব ক্ষেত্রে তাঁদের চারপাশের কম ক্ষমতাধরদের উদ্যোগের কারণেই সমূহ বিপদ বা ক্ষতি থেকে রেহাই পাওয়া যায়। তাই তাঁদের মতে, সফল প্রতিষ্ঠানে ক্ষমতাধর ও কম ক্ষমতাধর উভয় ধরনের মধ্যে একটি সামঞ্জস্য রেখে কাজ করা হয়। লাইভসায়েন্স।