
নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে চারদিক। রাস্তার বৈদ্যুতিক খুঁটিগুলো পর্যন্ত মুড়িয়ে ফেলা হয়েছে পোস্টারে। টেলিভিশন চ্যানেলগুলোতে বিরামহীনভাবে চলছে রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনচিত্র। তালেবানের হুমকির কারণে এবার খুব কম রাজনীতিকই মাঠে-ময়দানে গিয়ে নির্বাচনী প্রচারণা বা জনসভা করার সাহস করছেন। টেলিভিশনে প্রচারণার হিড়িক বেশি মূলত এ কারণেই।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রচারণার শেষ সপ্তাহটিতে দেশজুড়ে কমবেশি এই একই চিত্র দেখা যায়। এবারের নির্বাচন ঘিরে দেশটিতে সৃষ্টি হয়েছে বিশেষ উৎসাহ-উদ্দীপনা। কারণ, দেশে এই প্রথম কোনো নির্বাচিত সরকার তার মেয়াদ পরিপূর্ণ করেছে। সবকিছু ঠিকমতো চললে আরেকটি নির্বাচিত সরকার শিগগিরই দায়িত্ব নিতে যাচ্ছে। আর সেই সরকারের নেতৃত্বে থাকতে পারেন দুবারের প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ।
বেশির ভাগ জনমত জরিপকারী প্রতিষ্ঠানের পূর্বাভাস বলছে, নওয়াজ শরিফ প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। সাম্প্রতিক একটি জনমত জরিপে দেখা যায়, নওয়াজের নিজের প্রদেশ পাঞ্জাবে পিএমএল-এন ৫৯ শতাংশ ভোট পেতে পারে। পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাব। প্রদেশটির বর্তমান মুখ্যমন্ত্রী নওয়াজেরই ছোট ভাই শাহবাজ শরিফ। তিনিও এবার পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন।
পাকিস্তানে প্রথাগতভাবেই নির্বাচনে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম হয়। তবে এবারের নির্বাচনে ভিন্ন চিত্র দেখা যেতে পারে। এমনকি ভোটারদের উপস্থিতির ক্ষেত্রে এবার নতুন রেকর্ড সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি উপনির্বাচনে ভোটারদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের উৎসাহের যেন অন্ত নেই। একটি জনমত জরিপকারী প্রতিষ্ঠানের পূর্বাভাস বলছে, এবার প্রায় ৫৫ শতাংশ ভোট পড়তে পারে। ২০০৮ সালের নির্বাচনে পড়েছিল মাত্র ৪৪ শতাংশ ভোট। পাশাপাশি অতীতের চেয়ে এবারের নির্বাচন বেশি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হতে পারে বলেও আশা করা হচ্ছে।
নওয়াজ শরিফ যেসব কারণে জয়ী হতে পারেন বলে মনে করা হচ্ছে, তার একটি হচ্ছে প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে তাঁদের দুই ভাইয়ের সুনাম। তাঁরা অনেক অঙ্গীকারই বাস্তবে পূরণ করে দেখিয়েছেন। লাহোরে গত বছর একটি নতুন বাস সার্ভিস চালু হয়েছে। কর্মকর্তারা ২০১২ সালে সেখান থেকে ডেঙ্গুর উৎপাত প্রায় সমূলে উৎপাটন করেছেন। এ ছাড়া রাজধানী ইসলামাবাদের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা হয়েছে। এ ধরনের জনমুখী কাজগুলো স্বাভাবিকভাবেই জনগণের কাছে সমাদৃত হয়েছে। পাঞ্জাবের ব্যবসায়ী সমাজও এই শরিফ ভাইদের পছন্দ করেন। সব মিলিয়ে পাঞ্জাবে এখন অন্য রাজনৈতিক দলগুলোর তেমন কোনো অবস্থান নেই। দুই শরিফের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের যাবতীয় অভিযোগ সত্ত্বেও এ কথা সত্যি।
নওয়াজের মুসলিম লিগ থেকে বেরিয়ে গিয়ে জেনারেল পারভেজ মোশাররফ পিএমএল-কিউ নামে যে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই বললেই চলে। দলটি চরম বিপাকে পড়ে মুখ বাঁচাতে নির্বাচনই বয়কটের ঘোষণা দিয়েছে। মামলায় মামলায় জর্জরিত ভাগ্যবিড়ম্বিত সেনাশাসক মোশাররফকে আদালত আজীবনের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন সম্প্রতি। ভাগ্যের এমনই খেলা, মোশাররফ যাঁকে ১৯৯৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন, সেই নওয়াজ শরিফই এখন প্রধানমন্ত্রিত্বের সুবাস পাচ্ছেন। গত ১৪ বছর নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে তাঁকে।
অন্যদিকে বিদায়ী সরকারি দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সত্যিকার অর্থেই এখন অনেক দুর্বল। দলটির বিগত পাঁচ বছরের শাসনামল ছিল নানা ব্যর্থতা আর দুর্নীতির অভিযোগে আকীর্ণ। কৌতূহলকর বিষয় হচ্ছে, এর পরও যে পিপিপি প্রথম নির্বাচিত সরকার হিসেবে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পেরেছে, তা কিছুটা হলেও নওয়াজ শরিফের কারণে। নওয়াজ শরিফ পিপিপির সঙ্গে একধরনের ‘বন্ধুত্বপূর্ণ বিরোধিতার’ সম্পর্ক গড়ে তুলেছিলেন। পিপিপিকে উৎখাতের যেসব প্রচেষ্টা চলেছে, তাতে যোগ দিতে বা সমর্থন দিতে অস্বীকার করেছিলেন নওয়াজ। তবে এ মুহূর্তে পিপিপি চরম নেতৃত্বসংকটে পড়েছে। দলের নেত্রী বেনজির ভুট্টো জঙ্গি হামলায় নিহত হওয়ার পর তাঁর স্বামী আসিফ আলী জারদারি দলের হাল ধরেছিলেন। তিনি পরিচিত একজন বড় মাপের দুর্নীতিবাজ হিসেবে। প্রেসিডেন্টের পদে থাকায় ইচ্ছা করলেও জারদারি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। এবারের নির্বাচনে দলটির প্রধান ভরসা ছিল তাঁর ২৪ বছর বয়সী ছেলে দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। তবে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, সেই ভয়ে তিনি নির্বাচনী প্রচারাভিযানে যাচ্ছেনই না প্রায়। বাবা ও ফুপুর সঙ্গে তাঁর মনোমালিন্যও দলের জন্য সমস্যার সৃষ্টি করেছে। তার পরও জরিপ বলছে, পার্লামেন্টের মোট ২৭২ আসনের মধ্যে তারা অন্তত ৬০টির মতো পাচ্ছে। এ বাস্তবতায় কেউ কেউ মনে করেন, নওয়াজ শরিফের তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার সামনে একমাত্র সম্ভাব্য বড় প্রতিবন্ধকতাটি হচ্ছে পাকিস্তানের রাজনীতিতে উঠতি শক্তি ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফ (টিআইপি)। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানের প্রতি, বিশেষ করে শহুরে ও তরুণ ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশের সমর্থন আছে। ইমরান খানের বেশ কিছু সুবিধা রয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই; তিনি নিয়মিত কর দেন, একমাত্র তাঁর দলেই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা রয়েছে। আবার দেশটির প্রথাগত রাজনৈতিক দলগুলোর প্রতি বিরক্ত প্রভাবশালী সেনাবাহিনীও নতুন রাজনৈতিক খেলোয়াড়দের স্বাগত জানিয়ে থাকে। তবে রাজনীতির মাঠে নবাগত ইমরান খানের দল ৩০টির বেশি আসন পাবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
তাই নওয়াজ শরিফই সম্ভবত আবার পাকিস্তানের ক্ষমতায় ফিরে আসছেন। এ জন্য হয়তো তাঁকে করাচিভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সমর্থন নিতে হবে। নওয়াজ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে উর্দিধারীদের আশ্বস্ত করতে তাঁর সব পরিপক্বতা ও উদারতা কাজে লাগানোর চেষ্টা করছেন। ১৪ বছর আগে সেনাবাহিনীর হাতেই তিনি উৎখাত হয়েছিলেন। তাই ক্ষমতায় গেলে তিনি প্রতিশোধ নিতে পারেন, এমন আশঙ্কা সেনা কর্মকর্তাদের মধ্যে থাকতেই পারে। তবে নওয়াজ এরই মধ্যে জানান দিয়েছেন, তিনি সে পথে হাঁটবেন না। পারভেজ মোশারফকে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে বিচারের কাঠগড়ায় ওঠাতে নওয়াজেরই বেশি সোচ্চার হওয়ার কথা। অথচ, মোশাররফের গ্রেপ্তার ও বিচার-প্রক্রিয়া সম্পর্কে টুঁ শব্দটিও করেননি তিনি।
নওয়াজ শরিফ নিজ মুখেই ঘোষণা দিয়েছেন, তিনি নিজেকে আরেকটি সংকটে জড়িত করতে চান না। বর্তমান সেনাপ্রধান আশফাক কায়ানি নভেম্বরে অবসরে গেলে সবচেয়ে জ্যেষ্ঠ জেনারেলকেই তিনি এ পদে গ্রহণ করবেন। প্রেসিডেন্ট জারদারি আগামী সেপ্টেম্বরে পদ ছাড়বেন এবং প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরী ডিসেম্বরে অবসরে যাবেন। কাজেই ১১ মের নির্বাচন পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করবে।