ক্ষমা করল না নিহতের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুই বছর ধরে আমরা জামালের বিচারের দাবি নিয়ে সবার দুয়ারে দুয়ারে ঘুরেছি। কিন্তু কেউই আমাদের বিচারের প্রতিশ্রুতি দিতে পারেননি। এখন আপনারা সবাই মিলে আমাদের বলছেন, খুনিকে ক্ষমা করে দিতে। আমার ভাইকে দুবাইয়ে খুন করে লাশ নিয়ে যাওয়া হয় আলাইনে। সেখানে তার লাশ পুনরায় তিন টুকরো করা হয়। মৃত ভাইয়ের লাশটিও আমরা দেখতে পাইনি। এ অবস্থায় কীভাবে আমরা খুনিকে ক্ষমা করব?’গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক আয়োজিত বৈঠকে এভাবেই নিজের বক্তব্য তুলে ধরেন দুবাইয়ে নিহত বাংলাদেশের নাগরিক মোহাম্মদ ইউনুস ওরফে জামালের ভাই মোহাম্মদ শোয়েব। দুবাইয়ে নিহত ব্যক্তিদের পরিবার ও খুনিদের পরিবারের সদস্যদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন জনপ্রতিনিধি ও প্রশাসনের সদস্যরা। বৈঠকের উদ্দেশ্য ছিল নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে খুনিদের জন্য ক্ষমা আদায় করা। কিন্তু নিহতদের পরিবার খুনিদের ক্ষমা করতে রাজি হয়নি। নিহত জামালের ছোট ভাই বৈঠকে এলেও অপর নিহত দুই ভাই মো. আইয়ুব ও মো. তৈয়বের মা এবং বোন বৈঠকে আসেননি। তবে তাঁদের দুই চাচা বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে, নিহত তৈয়ব ও আইয়ুবের মা ও একমাত্র বোন নগরের ঈদগা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তাঁদের শৈশবেই বাবা মারা গেছেন। খুনিকে ক্ষমা করার জন্য সরকারের পক্ষ থেকে আইয়ুব ও তৈয়বের মা রোকেয়া বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। জানা গেছে, খুনিদের ক্ষমার ব্যাপারে কেউ অনুরোধ করতে এলে রোকেয়া বেগম আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন। গতকাল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকেও জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেন, ‘আমরা আইয়ুব ও তৈয়বের মায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু তাতে কোনো অঘটন ঘটে যেতে পারে এ আশঙ্কায় সে সিদ্ধান্ত বাদ দিয়েছি। এখন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা যদি ২৮ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন তাহলে সবার জন্য ভালো হবে। কারণ ৩০ জানুয়ারি মৃত্যুদণ্ড বিষয়ে আরব আমিরাতের আদালতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা যদি ২৯ জানুয়ারিতেও কোনো ইতিবাচক সিদ্ধান্ত দিতে পারি তাহলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’ পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১১টা এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈঠক শুরু হয় দুপুর একটায়। বৈঠকে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ ছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সুধাকর দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক এহছানে এলাহী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিস ও জনশক্তি কর্মসংস্থান ব্যুরো চট্টগ্রামের উপপরিচালক জহিরুল আলম মজুমদার উপস্থিত ছিলেন। এ ছাড়া ফটিকছড়ি উপজেলার নানুপুর, রোসাংগিরি ও সুন্দরপুরের তিন ইউপি চেয়ারম্যানও উপস্থিত হন। বৈঠকের শুরুতে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বিদেশের মাটিতে এ ধরনের খুনের নেতিবাচক দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্র অত্যন্ত সহানুভূতিশীল। এসব পরিবার আগামী সময়ে সরকারের কাছে যখন যে ধরনের সহযোগিতা চাইবে সরকার তা-ই দেবে। বিদেশের মাটিতে এ ধরনের খুনের ঘটনায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধূলিস্যাৎ হয়েছে। এখন নিহতদের ক্ষমা করলে কিছুটা হলেও দেশের মান ইজ্জত রক্ষা হবে। তবে পুরোপুরি ক্ষমা করতে না চাইলে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাবও দিতে পারেন নিহতের পরিবার। সেক্ষেত্রে খুনের আসামিদের দেশে এনে সে শাস্তি দেওয়া যাবে।’ তিনি নিহতদের পরিবারকে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতিরও প্রস্তাব দেন। জেলা প্রশাসকের বক্তব্যের সমর্থনে অতিরিক্ত জেলা প্রশাসক এহছানে এলাহী ও ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীও এ কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব সুদাকর দত্ত বলেন, ‘তাড়াহুড়ো করে নয়, প্রয়োজনে আপনারা সবাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আগামী তিন দিন সবাই একে অপরের সঙ্গে কথা বলুন, নিবিড়ভাবে যোগাযোগ রাখুন।’যা ঘটেছিল: ২০০৯ সালের ১১ নভেম্বর দুবাইতে খুন হন ফটিকছড়ির মাইজভান্ডার এলাকার যুবক মোহাম্মদ ইউনুস ওরফে জামাল। খুনের দায়ে অভিযুক্ত শাহাব উদ্দিনের বাড়িও মাইজভান্ডার এলাকায়। জামালের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের পরও দীর্ঘদিন শাহাব উদ্দিন এ ঘটনা কাউকে বলেননি। সে দেশের পুলিশ লাশ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে বিষয়টি উদ্ঘাটন করে। এ ছাড়া সুন্দরপুর এলাকার দুই ভাই মোহাম্মদ আইয়ুব ও মো. তৈয়ব ২০১১ সালের ২ মে মাসে খুন হন আমিরাতের রাস-আল খাইমাতে। আগ্রাবাদ দাইয়্যাপাড়া এলাকার হারুনুর রশিদ ঘুমন্ত অবস্থায় এ দুই ভাইকে খুন করেন। এরপর তিনি পুলিশের হাতে ধরা পড়েন।