ক্ষমাপরায়ণতা জাম্বিয়ায় যেমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার দেশ জাম্বিয়ার মানুষের বেঁচে থাকার মূল মন্ত্রটাই হচ্ছে: হাসো, হাত মেলাও আর এমন ভাব করো, যেন কিছুই হয়নি।সম্প্রতি দেশটিতে বেড়াতে যাওয়া বিবিসির এক সাংবাদিক জাম্বিয়ার অহিংস জীবনদর্শনের এক কৌতূহলকর বর্ণনা দিয়েছেন। তার জবানিতেই শোনা যাক—রাজধানী লুসাকার ব্যস্ত রাস্তা। ধীরেসুস্থে, ডান-বাম দেখে গাড়ি চালাচ্ছি। একটা চেকপোস্ট পার হওয়ার সময় গাড়ি থামানোর নির্দেশ এল। হেলেদুলে এগিয়ে এলেন এক পুলিশ কর্মকর্তা। জানালেন, ক্যামেরায় ধরা পড়েছে আমি ‘স্পিডিং’ করেছি, অর্থাৎ কিনা নির্দিষ্ট গতির চেয়ে বেশি জোরে গাড়ি চালাচ্ছিলাম। আমি তো থ। কারণ বিধিবদ্ধ গতিসীমার মধ্যেই যে ছিলাম তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। গাড়ি থেকে নেমে আমি স্পিড ক্যামেরা দেখতে চাইলাম। সামনের পুলিশটি একটু থতমত খেয়ে গেল। পরক্ষণেই খেঁকিয়ে উঠে বলল ঝামেলা না করতে। আরেকজন জেলে পোরার হুমকি দিল।কপাল এমনই, পরের দিন শহরের বাইরে যেতে গিয়ে ফের দেখা ওই একই পুলিশের সঙ্গে। আবার স্পিডিংয়ের অভিযোগ। মনে হলো অপদস্থ করার একটা ভালো সুযোগ পেয়ে গেল ওরা। কিন্তু ঘটল ঠিক তার বিপরীত। বেশ হাসিখুশি ভাব নিয়ে লোকটা উঁকি দিল আমার গাড়ির জানালায়। বলল, ‘আবারও দেখা হয়ে গেল। আজ কেমন আছেন?’ এত আন্তরিক আর সাবলীলভাবে জিজ্ঞেস করল যে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। গতকালই যে লোকটার সঙ্গে আমার বেশ কথাকাটাকাটি হয়ে গেল, আজ তার আচরণে সেটার লেশমাত্র নেই। কথা না বাড়িয়ে জরিমানা দিয়ে দিলাম। সেও হাত নেড়ে বিদায় জানাল।বুঝলাম, পুরোনো কথা মনে রেখে লাভ নেই বলতে কেনেথ কাউন্ডার জাম্বিয়া কী বোঝায়।আরেকটি মজার উদাহরণ না দিলেই নয়। আমার স্থানীয় এক বন্ধু তার প্রতিষ্ঠানের এক কর্মচারীকে চুরির দোষে ছাঁটাই করেছিল। বন্ধু জানাল, কিছুদিন পর নাকি লোকটা এসে চাকরি ফিরে চায় এবং সে-ও তাকে আশ্বাস দিয়েছে। আমি অবাক চোখে তাঁর দিকে তাকাতেই স্মিত হেসে আশ্বস্ত করল বন্ধুবর, ‘গতকালের বিষয় আজকের ওপর প্রভাব ফেলবে কেন?’আরও বৃহত্তর পরিসরে দেখলে অবশ্য বলতে হয়, কয়েক দশক ব্রিটিশ ঔপনিবেশিকতার নিগড়ে আবদ্ধ জাম্বিয়ার তিক্ত অতীত ভোলার ভালোই অভিজ্ঞতা আছে। শ্বেতাঙ্গ ঔপনিবেশিক ইউরোপীয়রা একসময় জাম্বিয়ার কালোদের সঙ্গে যাচ্ছেতাই রকম বৈষম্যমূলক আচরণ করত। শুধু একটা উদাহরণ দিই। শ্বেতাঙ্গরা কসাইয়ের দোকানের ভেতর ঢুকে পছন্দমতো মাংস কিনতে পারত। অবশিষ্ট যা রয়ে যেত, ছোট একটা ফোকরের মতো দরজা দিয়ে তা কৃষ্ণাঙ্গদের কাছে বিক্রি করা হতো। ক্ষমাধর্মের চর্চার বদৌলতেই হয়তো আজ সাদা-কালোর মধ্যে সম্পর্ক ভালো। স্বাধীন হওয়ার পরও স্থানীয় রাজনৈতিক নেতারা চরম অব্যবস্থার পরিচয় দিয়েছেন। দেশের জাতির পিতা কেনেথ কাউন্ডাও সে অভিযোগ থেকে মুক্ত নন।৭০টির মতো জাতিগোষ্ঠীর মানুষকে অভিন্ন জাম্বিয়ান আত্মপরিচয়ের সুতোয় বাঁধতে পেরেছিলেন কাউন্ডা। কিন্তু এই তিনিই আবার দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে ছাড়েন। দীর্ঘ ২৭ বছর ক্ষমতায় থাকার পর ১৯৯১ সালে যখন কাউন্ডা দেশটিতে প্রথম প্রকৃত নির্বাচন ঘোষণা করেন, তত দিনে দেশের অবস্থা সঙ্গিন।কাউন্ডার পর ক্ষমতায় আসেন ফ্রেডরিক চিলুবা। টানা ১০ বছর দেশ শাসন করেন তিনি। তাঁর আমলেও সম্পদ জমা হয় একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে। চিলুবার নিজের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। লন্ডন হাইকোর্ট চিলুবা ও তাঁর সহযোগীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে চার কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন বলে রায় দিলেও এ মামলায় দেশি আদালত রেহাই দেন তাঁকে।দুর্নীতির বিরুদ্ধে দেশের অন্যতম প্রধান আন্দোলনকারী ওই রায়ের আগে আমাকে বলেন, তিনি চান চিলুবাকে আদালত দণ্ডিত করুক। কিন্তু বর্তমান প্রেসিডেন্টের উচিত হবে তাঁকে সঙ্গে সঙ্গে ক্ষমা করা। তাঁর যুক্তি, ‘এর ফলে সবাই বুঝতে পারবেন, আমরা সত্যিই খুব ক্ষমাশীল জাতি।’