ক্ষুদ্র জাতিসত্তার নারীরা রাজনৈতিক দ্বন্দ্বের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিসত্তার নারীরা নিজেদের সমাজ ব্যবস্থায় স্বাধীন হলেও রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হচ্ছেন। সামগ্রিক পরিবেশের উন্নতি না হলে নারী-পুরুষের সমতা আনা সম্ভব নয়। এ অবস্থা থেকে উত্তরণে প্রশাসন ও সরকারকে উদ্যোগী ভূমিকা রাখতে হবে।
গত ৩০ মার্চ রাঙামাটি শহরের কালিন্দীপুরের আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। নারী অধিকার বিষয়ক এই সেমিনারের আয়োজন করে স্থানীয় বেসরকারি সংস্থা প্রোগ্রেসিভ। সহযোগিতায় ছিল বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।
প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন, নারী অধিকার কর্মী আইনজীবী সুস্মিতা চাকমা ও নাইউ প্রু মারমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা।
সেমিনারে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থানীয় সরকারের পাশাপাশি বিশেষ শাসনব্যবস্থাও কার্যকর রয়েছে। শাসন ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব থাকলেও সংখ্যায় খুবই কম। গত দুই বছরে চাকমা সার্কেলে ১৫০ জনের বেশি নারী কার্বারি নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রথাগত শাসন ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ বাড়ছে। তবে নারীদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
সেমিনারে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তার নারীদের সমঅধিকার নিশ্চিত করতে পার্বত্য চুক্তির অবাস্তবায়িত অংশ দ্রুত বাস্তবায়ন, ভূমির মালিকানা নিশ্চিত, সবক্ষেত্রে বৈষম্য দূর করাসহ নারী-পুরুষের সমতা ভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সুপারিশ করেন বক্তারা।