ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি বিকাশে সবাইকে কাজ করতে হবে
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি বিকাশে সবাইকে কাজ করতে হবে। দেশের এক প্রান্তে বসবাসকারী চাকমা, মারমা, ত্রিপুরাসহ সব জাতিগোষ্ঠীর সংস্কৃতির উন্নয়নে প্রশিক্ষণ ও চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্প্রতি রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে বিভিন্ন জাতিসত্তার নৃত্যগীত, হস্তশিল্প এবং হারমোনিয়াম, তবলা ও গিটার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শহরের ভেদভেদী এলাকার রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সান্ত্বনা চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের সদস্য সুগত চাকমা, সাহিত্যিক মৃত্তিকা চাকমা ও রাঙামাটি শিল্পকলা একাডেমির সাবেক সাংস্কৃতিক কর্মকর্তা মুজিবুল হক।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের কর্মকর্তা শোভিত চাকমা জানান, ১৫ দিনব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যগীতে ৩৫, এক মাসব্যাপী তঞ্চঙ্গ্যা ও মারমা নৃত্যগীতে ৮০, এক মাসব্যাপী হস্তশিল্পে ২৫ এবং দুই মাসব্যাপী হারমোনিয়াম, তবলা ও গিটারে ৪৫ জন প্রশিক্ষণ নিয়েছেন।
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্বে ছিল অংশগ্রহণকারীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।