মাছির শারীরিক গঠনে অনুপ্রাণিত হয়ে মার্কিন বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন ছোট্ট ডানাওয়ালা রোবট (রোবোবি)। মাত্র ৮০ মিলিগ্রাম ওজনের এ উড়ন্ত রোবট একদিন হয়তো শস্যের পরাগায়ণ অথবা ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ উদ্ধারকাজে সহায়তা করতে পারবে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি রোবোবি মানুষের আঙুলের ডগায় বসতে পারে। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, রোবোবির যান্ত্রিক ডানায় সংযুক্ত রয়েছে শক্তি সরবরাহকারী ছোট্ট বৈদ্যুতিক তার। কৃত্রিম পতঙ্গটি সেকেন্ডে ১২০ বার ডানা ঝাপটাতে পারে। বাস্তব মাছির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে এ রোবটের উন্নয়নের চেষ্টা অব্যাহত রয়েছে। কারণ, মাছিরা কেবল মস্তিষ্ক ব্যবহার করেই ওড়ার কঠিন কসরত করতে পারে। হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক রবার্ট উড বলেন, রোবোবি তৈরিতে সময় লেগেছে ১২ বছর। এএফপি।